
রাগারাগির দৃশ্যে এনজি শট বেশি হয় আমার। অনেক সময় আবার হাসির কারণেই হয়। গেল ঈদুল আজহার আগে আগের ঘটনা। শুটিং করছিলাম শিহাব শাহিনের মন শুধু মন ছুঁয়েছে নাটকের। নাটকে আমি বোবা মেয়ের চরিত্রে অভিনয় করেছি। সেটে ইশারা ভাষা শেখানোর জন্য একজন মেয়ে প্রশিক্ষককেও আনা হয়েছিল। শুটিং হচ্ছিল উত্তরায়। দৃশ্যটা ছিল এমন, সিয়াম ইশারা ভাষায় আমাকে প্রেমের প্রস্তাব দেবে।
ক্যামেরা চলছে। প্রশিক্ষক মেয়েটি ক্যামেরার পেছনে দাঁড়িয়ে দেখিয়ে দিচ্ছেন। সিয়াম সেভাবেই আমাকে প্রস্তাব দিচ্ছে। একপর্যায়ে সিয়ামের অঙ্গভঙ্গি দেখে হাসি আর আটকাতে পারলাম না আমি। বাতিল হয়ে গেল দৃশ্যটি। আবার প্রথম থেকে শুরু হলো। পরেরবারও ওই একই অবস্থা। মনে আছে, এভাবে প্রায় পাঁচ-ছয়বারের বেলায় দৃশ্যটি ওকে হয়েছিল।
রেদওয়ান রনির ক্যান্ডিক্র্যাশ নাটকের সেটে এনজি শটের কবলে পড়েছিলাম একবার। শুটিং হচ্ছিল নিকেতনের একটি বাড়িতে। সহশিল্পী তৌসিফের সঙ্গে রাগারাগি করে হাতে থাকা গ্লাস ভেঙে বেরিয়ে যাব আমি, এমন একটি দৃশ্য। সবকিছু ঠিকঠাক। ক্যামেরা চলছে। আমি রেগে গ্লাস ভেঙে বেরিয়ে যাচ্ছি। হঠাৎ করেই লাইটের তারে আটকে গেল আমার পায়ের হিল। আর হাসি ঠেকানো গেল না। শট এনজি। তিন-চারবার এনজি হয়েছিল দৃশ্যটি।
অনুলিখন: শফিক আল মামুন