লাইফ অব পাইয়ের নেপথ্যে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্কারজয়ী চিত্রনির্মাতা অ্যাং লি পরিচালিত চলচ্চিত্র ‘লাইফ অব পাই’ মুক্তি পেয়েছে নভেম্বরে। টুডি এবং থ্রিডি ফরম্যাটে ইংরেজি, হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় বিশ্বের বিভিন্ন দেশে ছবিটি মুক্তি দেওয়া হয়েছে। ২০০১ সালে প্রকাশিত ইয়ান মার্টেলের অ্যাডভেঞ্চারধর্মী উপন্যাস ‘লাইফ অব পাই’ অবলম্বনে ছবিটি তৈরি করেছেন অ্যাং লি। ছবির কেন্দ্রীয় চরিত্র ‘পাই’রূপে দেখা গেছে নবাগত সুরজ শর্মাকে। পাইয়ের মায়ের চরিত্রে অভিনয় করেছেন বলিউডের অভিনেত্রী টাবু। ছবির গল্পের সূত্রধর ও মধ্যবয়সী পাইয়ের চরিত্রে অভিনয় করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বলিউডের অভিনেতা ইরফান খান। রিচার্ড পার্কার নামের একটি রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে পাইয়ের শ্বাসরুদ্ধকর সমুদ্রযাত্রার কাহিনি অত্যাধুনিক থ্রিডি প্রযুক্তির সহায়তায় সুনিপুণভাবে পর্দায় ফুটিয়ে তুলেছেন অ্যাং লি। ছবির কাহিনিতে রয়েছে একজন নবীন লেখক উপন্যাস লেখার জন্য সুন্দর একটি গল্প খুঁজছেন। পিসিন মলিটার প্যাটেল নামের মধ্যবয়সী এক ভারতীয় তাঁর জীবনে ঘটে যাওয়া শ্বাসরুদ্ধকর গল্প বলা শুরু করেন নবীন ওই লেখকের কাছে। পিসিন জানান, ‘আমার নামটিকে ব্যঙ্গ করে পিসিং বলে খেপাত সবাই। এজন্য নামের শুরুর দুটি অক্ষরের সঙ্গে মিল রেখে নিজের নাম রাখলাম পাই। বিশেষ এই চিহ্নের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে ভারতের প্রখ্যাত একজন গণিতজ্ঞের। মূলত সবার টিপ্পনি থেকে রেহাই পেতেই পাই নামটি বেছে নিয়েছিলাম আমি।’ পাইয়ের বয়স যখন ১৬, রাজনৈতিক কারণে তাঁর পরিবার ভারত ছেড়ে কানাডা চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। নিজেদের একটি চিড়িয়াখানা ছিল তাঁদের। সেখানে ছিল ওরাং ওটাং, হায়েনা, জেব্রা, বাঘসহ আরও বেশ কিছু প্রাণী। কানাডা চলে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর প্রাণীগুলোকে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়। একদিন সমুদ্রপথে কানাডার উদ্দেশ্যে যাত্রা করে পাইয়ের পরিবার। কিন্তু পথিমধ্যে তাঁদেরকে বহনকারী জাহাজটি প্রশান্ত মহাসাগরে ডুবে যায়। ঘটনাচক্রে একটি রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে ছোট্ট নৌকায় ভেসে শ্বাসরুদ্ধকর যাত্রা শুরু করে পাই। ২২৭ দিনের রোমাঞ্চে পরিপূর্ণ সেই যাত্রায় অথৈ জলের সাগরে বেঁচে থাকতে পাইকে প্রতিনিয়ত যুদ্ধ করতে হয়। বেঁচে থাকার প্রবল ইচ্ছে থেকে একটা সময় ক্ষুধার্ত ও ভয়ংকর বাঘকেও সে পোষ মানিয়ে ফেলে। তাঁর কথামতোই চলে রিচার্ড পার্কার নামের বাঘটি। পাই নিরামিষাশী হওয়া সত্ত্বেও বেঁচে থাকার তাগিদে কাঁচা মাংস খেতে বাধ্য হয়। প্রতি মুহূর্তেই অগ্নিপরীক্ষার সম্মুখীন হলেও, নিজের ওপর থেকে কখনোই বিশ্বাস হারায় না পাই। ছবির একটি সংলাপে মধ্যবয়সী পাই (ইরফান খান)কে বলতে শোনা যায়, ‘বিশ্বাসের যে কী প্রবল শক্তি তা পরীক্ষিত না হওয়া পর্যন্ত তুমি জানতে পারবে না।’ মূলত এই বার্তাকে ঘিরেই পুরো ছবির কাহিনি আবর্তিত হয়েছে।মান বুকার পুরস্কার পাওয়া ‘লাইফ অব পাই’ বই অবলম্বনে চার বছর আগে চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করেছিলেন অ্যাং লি। ২০১১ সালের জানুয়ারিতে ছবিটির শুটিং শুরু হয়। তাইওয়ানের থাইচুং, কানাডার মন্ট্রিল এবং ভারতের পণ্ডিচেরি ও মানারে ছবিটির দৃশ্য ধারণের কাজ হয়েছে। শুটিং শুরুর আগে ছবির পাত্র-পাত্রী নির্বাচনে অ্যাং লি অনেক সময় নেন। বেশ কমাস ধরে শুধু ‘পাই’ চরিত্রের জন্য যোগ্য শিল্পী খুঁজে বেড়ান। চরিত্রটিতে অভিনয়ের সুযোগ পাওয়ার জন্য তিন হাজার তরুণ অডিশন দেন। তাঁদের মধ্য থেকে শেষমেষ ১৭ বছর বয়সী ছাত্র সুরজ শর্মাকে নির্বাচিত করা হয়। বিশাল সেট নির্মাণ করে ‘লাইফ অব পাই’ ছবির শুটিং শুরু হয়েছিল তাইওয়ানে। থাইচুংয়ে অবস্থিত পরিত্যক্ত একটি বিমানবন্দরের রানওয়েতে স্থাপন করা হয় বিশাল এক ওয়েভ ট্যাংক। ৭০ মিটার দৈর্ঘ্য ও ৩০ মিটার প্রস্থের ট্যাংকটির পানি ধারণ ক্ষমতা ছিল ১.৭ মিলিয়ন গ্যালন। কোনো চলচ্চিত্রের শুটিংয়ের জন্য এতো বড় ওয়েভ ট্যাংক এর আগে কখনোই তৈরি হয়নি। দৃশ্য ধারণের সময় বিশেষ উপায়ে এর ভেতর বিশাল বিশাল ঢেউ তৈরি করা হতো। এ প্রসঙ্গে ‘পাই’ চরিত্র রূপদানকারী সুরজ শর্মার ভাষ্য, ‘বিশাল ওই ওয়েভ ট্যাংকের ভেতর শুটিংয়ের অভিজ্ঞতাটা দারুণ ছিল। বিশাল আকৃতির ঢেউয়ের ধাক্কায় ছোট্ট নৌকাটি দুলতে থাকত। শুরুর দিকে ক্যামেরার সামনে দাঁড়াতে খুব ভয় লাগত। কিন্তু ধীরে ধীরে অভ্যস্ত হয়ে পড়লাম। মজার বিষয় হলো, এই ছবির কাজ শুরুর আগে সাঁতার কাটতেই জানতাম না আমি। ছবিটিতে কাল্পনিক এক বাঘের সঙ্গে অভিনয় করতে হয়েছে আমাকে। যখনই ক্যামেরা চালু করা হতো, আমি মনের চোখ দিয়ে বাঘটি দেখতাম। অ্যাং লির নির্দেশনা অনুযায়ী সংলাপ আওড়াতাম। তখন মনে হতো না যে আমি অভিনয় করছি, সব বাস্তব ঠেকতো আমার কাছে।’ ভারতের পণ্ডিচেরি এবং কেরালার নামকরা পাহাড়ি শহর মানারে ‘লাইফ অব পাই’ ছবির শুটিং করা হয়েছে। পণ্ডিচেরির ১৮টি ভিন্ন ভিন্ন লোকেশনে দৃশ্য ধারণের সময় ক্যামেরার পেছনে কাজ করেছেন ছয়শো কলা-কুশলী। স্থানীয় প্রায় সাড়ে পাঁচ হাজার মানুষ ছবিটিতে অভিনয় করেছেন। পণ্ডিচেরির ঐতিহাসিক মুসলিম কোয়ার্টারের কাছে দুই লাখ বর্গফুট জায়গাজুড়ে স্টুডিও স্থাপন করা হয়েছিল। শহরটির উদ্ভিদ উদ্যানটিকে ব্যবহার করা হয়েছে ছবির কাল্পনিক চিড়িয়াখানা হিসেবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এক হাজার বছর পুরোনো ‘ভিলানূর’ মন্দিরেও শুটিং হয়েছে। নির্দিষ্ট পোশাক পরে রাত থেকে সূর্যোদয়ের আগ পর্যন্ত নিরলসভাবে কাজ করেছেন দুই হাজার সহশিল্পী। সারারাত ধরে জ্বালানো হয়েছে ভারতের ঐতিহ্যবাহী দুই হাজারেরও বেশি দীপশিখা। কাজে নিবেদিতপ্রাণ অ্যাং লির এই নিরলস শ্রম বৃথা যায়নি। মুক্তি পাওয়ার পর বিভিন্ন মহল থেকে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে ‘লাইফ অব পাই’। সামনে হয়তো আরও অনেক স্বীকৃতি অপেক্ষা করছে অস্কারজয়ী নির্মাতা অ্যাং লির জন্য।