লাইফ সাপোর্টে খালেদ খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খালেদ খান  ছবি: প্রথম আলো
খালেদ খান ছবি: প্রথম আলো

মঞ্চ ও টিভির অভিনয়শিল্পী এবং নির্দেশক খালেদ খানকে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ছিলেন। এর আগে দুপুরে হাসপাতালে তাঁর মেয়ে জয়িতা বলেন, ‘বাবাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।’

খালেদ খান দীর্ঘদিন মোটর নিউরন সমস্যায় ভুগছিলেন। এ সমস্যার কারণে তাঁর শরীরের মাংসপেশি অকেজো হয়ে যায়। ফলে তিনি স্বাভাবিকভাবে হাঁটতে-চলতে পারতেন না। তাঁকে হুইল চেয়ার ব্যবহার করতে হতো।

হাসপাতালে খালেদ খানের স্ত্রী সংগীতশিল্পী মিতা হক বলেন, ‘গত সোমবার বিকেলে খালেদ খান মালিবাগে চিকিৎসকের কাছে যান। ওই সময় সঙ্গে ছিলেন তাঁর ভাই শাহীন খান। সেখান থেকে ফেরার পথে তিনি শারীরিক সমস্যা অনুভব করেন। তাঁকে তৎক্ষণাৎ হাসপাতালে নেওয়ার প্রয়োজন হয়। কিন্তু দীর্ঘ যানজটের কারণে তা সম্ভব হয়নি। রাস্তায়ই তাঁর রেসপির‌্যাটরি অ্যাটাক হয়। এ সময় তাঁর শরীরের বিভিন্ন অঙ্গ অকার্যকর হয়ে পড়ে। একসময় তিনি হূদরোগেও আক্রান্ত হন। এরপর তাঁকে বারডেম হাসপাতালে আনা হয়।’

গতকাল মুঠোফোনে নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান বলেন, ‘সোমবার রাতেই চিকিৎসকদের সঙ্গে আমার কথা হয়েছে। তাঁদের কাছ থেকে কোনো আশার বাণী শুনিনি। খুব কষ্ট পাচ্ছি। যুবরাজ (খালেদ খানের ডাকনাম) ভিন্ন মাপের একজন শক্তিমান অভিনেতা। তাঁর সঙ্গে আর কারও তুলনা চলে না।’