লাইফ সাপোর্টে নির্মাতা শহীদুল ইসলাম খোকন

বাংলাদেশি চলচ্চিত্রের গুণী নির্মাতা শহীদুল ইসলাম খোকনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। গত বৃহস্পতিবার শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে উত্তরার বাংলাদেশ মেডিকেলে ভর্তি করা হয়। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ।
মুখগহ্বরের মোটর নিউরো ডিজিজে (এএলএস) আক্রান্ত হয়েছিলেন শহীদুল ইসলাম খোকন। সরকার এই গুণী নির্মাতার উন্নত চিকিৎসার জন্য এগিয়ে আসে। তাঁকে ২০১৪ সালে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়। নিউইয়র্কের বেলভিউ হাসপাতালে তাঁকে ভর্তি করার পর চিকিৎসকেরা জানিয়ে দেন, এই রোগের নিরাময় সম্ভব নয়। এরপর তাঁকে দেশে ফিরিয়ে আনা হয়।
গতকাল সোমবার সন্ধ্যায় শহীদুল ইসলাম খোকনের সর্বশেষ শারীরিক অবস্থার কথা জানিয়েছেন তাঁর স্ত্রীর বড় বোন রুমা আজাদ। তিনি বলেন, ‘সকাল নয়টার দিকে খোকনের শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে যায়। আমরা সবাই ভয় পেয়ে গিয়েছিলাম। চিকিৎসকের পরামর্শে তাৎক্ষণিকভাবে তাঁকে দ্রুত লাইফ সাপোর্টে স্থানান্তর করা হয়েছে।’ গত অক্টোবরের শেষ দিকে দেশে ফেরার পর রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসক আরেফিনের তত্ত্বাবধানে শহীদুল ইসলাম খোকনের পেটে অস্ত্রোপচারের মাধ্যমে টিউব স্থাপন করা হয়।