লাইবেরিয়ায় বাংলাদেশের নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আফ্রিকার লাইবেরিয়ায় এবারই প্রথম বাংলাদেশের নাটকের শুটিং হলো। দুর্গম এ দেশটিতে নেই থাকার ভালো ব্যবস্থা, আবার নিরাপত্তার বিষয় তো রয়েছেই। এর মধ্যেই আমরা কাজ করেছি।’ বললেন খালিদ মাহমুদ মিঠু। লাইবেরিয়ায় এবার তৈরি হলো নাটক স্বপ্ন ভাঙার গল্প। এতে অভিনয় করেছেন নওশীন, শাহেদ ও সোহেল খান। কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন খালিদ মাহমুদ মিঠু। নাটকটির গল্প প্রসঙ্গে মিঠু জানান, সম্প্রতি লাইবেরিয়ার জেলে ২০ জন বাংলাদেশি বন্দী ছিল। প্রতারকেরা তাদের যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ করে। এই কাহিনি নিয়ে স্বপ্ন ভাঙার গল্প নাটকটি তৈরি করেছি। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং লাইবেরিয়ায় জাতিসংঘ শান্তি মিশনে কর্মরত বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় দেশে ফিরিয়ে আনা হয় ওই ২০ জন বন্দীকে।গত বছর ২৪ নভেম্বর লাইবেরিয়ায় জাতিসংঘ শান্তি মিশনে কর্মরত বাংলাদেশ সেনাবাহিনীর ওপর একটি তথ্যচিত্র তৈরি করতে গিয়েছিলেন মিঠু। এই কাজের ফাঁকেই নাটকটি তৈরি করা হয়।মিঠু বললেন, ‘লাইবেরিয়ায় শুধু একটি নাটকের শুটিংয়ের জন্য যাওয়া খুবই ব্যয়বহুল। তাই আফ্রিকার এ দেশটিতে আমাদের এখানকার কেউ এর আগে কাজ করেনি। আশা করছি স্বপ্ন ভাঙার গল্প নাটকের মধ্য দিয়ে দর্শক নতুন একটি দেশ দেখতে পাবে।’নাটকটির প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্মের পরিচালক (বিপণন) ইবনে হাসান খান জানান, এই নাটকের মাধ্যমে লাইবেরিয়ার মানুষের জীবন, প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রশান্ত মহাসাগরের নানা দৃশ্য তুলে ধরা হয়েছে। নাটকটি শিগগিরই দেখানো হবে চ্যানেল আইতে।