লাকী আখান্দের গানের মিউজিক ভিডিও আসছে কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাকী আখান্দ
লাকী আখান্দ

ক্যানসার-আক্রান্ত কিংবদন্তি শিল্পী লাকী আখন্দের চিকিৎসায় পাশে দাঁড়াতে তাঁরই গাওয়া তিনটি গানের মিউজিক ভিডিও প্রকাশ করতে যাচ্ছে প্রাণ।
বুধবার সন্ধ্যায় প্রাণ গ্রুপের ইউটিউব চ্যানেল ‘প্রাণ স্ন্যাক্স টাইম’-এ প্রকাশ করা হবে লাকী আখান্দের ‘আবার এল যে সন্ধ্যা’, ‘আমায় ডেকো না’ এবং ‘আগে যদি জানতাম’ গানগুলো।
মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে প্রাণ-আরএফএল গ্রুপের হেড অব ডিজিটাল মিডিয়া আজিম হোসাইন বলেন, ‘আমরা কপিরাইট আইনের দিকটি মাথায় রেখে তাঁর গানগুলো অবিকৃত রেখে প্রকাশ করছি। রেডিওতে গাওয়া তার গাওয়া অনেক গান সংরক্ষণ করা হয়নি। যদি সেই গানগুলো পাওয়া যায়, তবে সেগুলো আমরা সংরক্ষণ করব।’
সংবাদ সম্মেলনে প্রাণ ফুডসের চিফ অপারেটিং অফিসার সাইফুল ইসলাম শিকদার জানান, লাকী আখান্দের সঙ্গে প্রাণ ফুডস লিমিটেডের এই মিউজিক ভিডিও নিয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

মিউজিক ভিডিও ও গানের শিল্পীরা
মিউজিক ভিডিও ও গানের শিল্পীরা

মিউজিক ভিডিওগুলো নির্মাণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা রেদওয়ান রনি। এই প্রথমবারের মতো মিউজিক ভিডিও নির্মাণ করেছেন তিনি। রনি বলেন, ‘লাকী আখান্দের মতো কিংবদন্তি শিল্পীর গান নিয়ে কাজ করা আমার জন্য এক বিরাট অভিজ্ঞতা। এটি আমার প্রথম মিউজিক ভিডিও। আশা করি গানগুলোর মতো এর ভিডিও চিত্রগুলোও শ্রোতা-দর্শকের ভালো লাগবে।’ লাকী আখান্দের গানগুলোর নতুন সংগীতায়োজনের পাশাপাশি তাতে কণ্ঠ দিয়েছেন এ প্রজন্মের গায়ক লিমন। মিউজিক ভিডিওগুলোতে মডেল হয়েছেন অগ্নিলা, আজাদ, নাজিফা তুষি, রাজ ও সৌমিক।
প্রাণ গ্রুপের হেড অব মার্কেটিং আলী হাসান আলম বলেন, ‘লাকী আখান্দ বাংলাদেশের সম্পদ। লাকী আখান্দের মতো এমন অনেক শিল্পীই হয়তো অর্থাভাবে চিকিৎসা করাতে পারছেন না। আমরা তাদের পাশে দাঁড়াতে চাই। এ তো সবে শুরু।’

সংবাদ সম্মেলনে কথা বলছেন রেদওয়ান রনি
সংবাদ সম্মেলনে কথা বলছেন রেদওয়ান রনি

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রাণ ফুডসের চিফ অপারেটিং অফিসার সাইফুল ইসলাম শিকদার ও মিউজিক ভিডিও নির্মাতা প্রতিষ্ঠান কুল এক্সপোজারের সিইও এরশাদুল হক।
ক্যান্সার আক্রান্ত শিল্পী লাকী আখান্দ এখন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।