লাকী আখান্দের পাশে প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও লাকী আখান্দ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও লাকী আখান্দ।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চিকিৎসাধীন সংগীতকার লাকী আখান্দের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিকিৎসার জন্য এই সুরস্রষ্টাকে পাঁচ লাখ টাকা সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী।

আজ বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন প্রথম আলোকে এ তথ্য জানিয়ে বলেন, সহায়তার অর্থ পরিবারের কাছে আজই পাঠিয়ে দেওয়া হবে।
আশরাফুল আলম খোকন বলেন, রাজনীতির বাইরেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের শিল্প ও সংস্কৃতি জগতের সবার প্রতি অনেক বেশি আন্তরিক। এটা সবাই জানেন যে, তাঁদের দুঃখ-কষ্ট প্রধানমন্ত্রীকে বরাবরই স্পর্শ করেছে। এবারে তিনি লাকী আখান্দের অসুস্থতার খবরটি জেনে তাঁর পাশে দাঁড়ানোর ব্যাপারে উদ্যোগ নেন।
লাকী আখান্দের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠি পাঠিয়েছিলেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ১০ সেপ্টেম্বর ব্যাংকক নেওয়া হয়। সেখানকার একটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে বলে পরিবারের ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন।


হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে গেলে গত ১ সেপ্টেম্বর লাকী আখান্দকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়।
‘আমায় ডেকো না’, ‘এই নীল মনিহার’, ‘আবার এল যে সন্ধ্যা’, ‘কবিতা পড়ার প্রহর এসেছে’, ‘যেখানে সীমান্ত তোমার’, ‘কে বাঁশি বাজায় রে’—এমন অনেক জনপ্রিয় গানের সুরস্রষ্টা লাকী আখান্দ।