লাকী আখান্দ্কে নাগরিক শ্রদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে লাকী আখান্দ্‌কে নাগরিক শ্রদ্ধা জানিয়ে সংগীত পরিবেশন করছেন শিল্পীরা l প্রথম আলো
শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে লাকী আখান্দ্‌কে নাগরিক শ্রদ্ধা জানিয়ে সংগীত পরিবেশন করছেন শিল্পীরা l প্রথম আলো

যুদ্ধের পর নতুন সময়ের বাংলা গানকে যাঁরা আধুনিক করে তুলেছিলেন, লাকী আখান্দ্ তাঁদের অন‍্যতম। কিছুদিন আগে চলে গেছেন এই শিল্পী ও সুরস্রষ্টা। এবার জাতীয়ভাবে তাঁকে শ্রদ্ধা জানানো হলো।

গতকাল শনিবার বিকেলে শিল্পকলা একাডেমিতে ছিল শিল্পী লাকী আখান্দ্‌কে নাগরিক শ্রদ্ধা জানানোর আয়োজন। একাডেমির সংগীত ও নৃত‍্যকলা কেন্দ্র মিলনায়তনের এ আয়োজনে লাকীকে নিয়ে স্মৃতিচারণা করেন তথ‍্যমন্ত্রী হাসানুল হক ইনু, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী, গীতিকার আসিফ ইকবাল প্রমুখ।

উপস্থিত ছিলেন সংগীতভুবনের বহু শিল্পী। লাকীর বাল‍্যবন্ধু শিল্পী ফেরদৌস ওয়াহিদ গেয়ে শোনান ‘আগে যদি জানতাম’ গানটি। শিল্পীরা সমবেত কণ্ঠে গেয়ে শোনান ‘আবার এল যে সন্ধ‍্যা’, ‘এই নীল মণিহার’ গান দুটি।

যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করেছিল শিল্পীর পাশে ফাউন্ডেশন, বাংলাদেশ মিউজিক‍্যাল ব‍্যান্ড অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

তথ‍্যমন্ত্রী বলেন, শিল্পকলা একাডেমি ও সংস্কৃতি মন্ত্রণালয়কে সঙ্গে নিয়ে পরবর্তী প্রজন্মের জন‍্য লাকী আখান্দের গানগুলো সংরক্ষণের ব‍্যবস্থা করবেন তাঁরা।

আসাদুজ্জামান নূর বলেন, লাকী জীবন, সৃষ্টি ও ভালোবাসার যন্ত্রণা ধারণ করেছিলেন। তাঁর ভেতরে বর্তমান, বিদ‍্যমান ও বিরাজমান ছিল মুক্তিযুদ্ধের চেতনা।

অনুষ্ঠানে লাকীকে নিয়ে একটি তথ‍্যচিত্র দেখানো হয়। ৪০ বছর আগে করা লাকী আখান্দ্ ও দিপু মমতাজের তুই আর আমি অ্যালবামের পুনর্বার মোড়ক উন্মোচন করা হয়। গানগুলোর সুর ও সংগীতায়োজন করেছিলেন লাকী আখান্দ্।