লাকী ইনাম ৫ প্রশ্ন
রবীন্দ্রনাথ ঠাকুরের স্বার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষ্যে কলকাতায় আভাস নাটকের দল আয়োজন করে সাতদিনের নাট্যোৎসব। উৎসবে বাংলাদেশ থেকে নাগরিক নাট্যাঙ্গণ মুক্তির উপায় নাটকটি পরপর দুটি প্রদর্শনী করে। রবীন্দ্রনাথের ছোট গল্প থেকে নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন লাকী ইনাম। আজকের পাঁচ প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। উৎসবটি কেমন হলো?অসাধারণ ভালো একটা উৎসব হয়েছে। ৯ মে থেকে ১৫ মে উৎসবটি হয়। আমরা ১২ মে ও ১৩ মে মুক্তির উপায় নাটকটির মঞ্চস্থ করি। অসংখ্য দর্শক উৎসবটি উপভোগ করেছেন।মুক্তির উপায় নাটকটিতে সাড়া কেমন পেয়েছেন?খুবই সাড়া পেয়েছি। রবীন্দ্রনাথের তেমন কোনো হাসির নাটক নেই। কিন্তু আমরা এই নাটকটিকে এমনভাবে মঞ্চে এনেছি যে, দর্শকরা নাটকটি দেখার সময় প্রতিটি দৃশ্যেই উপভোগের মধ্যে ছিলেন। আমার কাছে এটা দেশের বাইরে নতুন করে বিশাল পাওয়া মনে হয়েছে।আপনি দীর্ঘদিনে মঞ্চনাটকের সঙ্গে জড়িত। অসংখ্যবার ওখানে নাটক করতে গিয়েছেন। এই নাট্যবিনিময়ের ক্ষেত্রে নিজেদের প্রাপ্তি?বাংলাদেশের নাটকের দর্শক এখন সীমিত। কিন্তু ভারতের পশ্চিমবঙ্গে নাটকের দর্শক অনেক বেশি। আমাদের নাটককে বড় পরিসরে দেখানোর সুযোগ হয়েছে। অনেক সময় ওখানে নাটক মঞ্চায়ন শেষে দেখা গেছে, ওঁনাদের কোনো কোনো নাটকের চেয়ে আমাদের নাটকের মান ভালো—এমন মন্তব্যও তাঁরা করেছেন। এটা সবচেয়ে বড় পাওয়া। আবার কবে নাগাদ নাটক নিয়ে দেশের বাইরে যাচ্ছেন?সবে মাত্র ফিরলাম। পশ্চিমবঙ্গে কয়েকটি বড় দলের সঙ্গে কথা হচ্ছে। আশা করছি ডিসেম্বর যাব। তবে আমরা এবার শুধু ভারতে না, ইউরোপে নাটক নিয়ে সফর করার কথা ভাবছি। এখন দলে নতুন আর কী কাজ করছেন?নতুন করে আবার প্রাগৈতিহাসিক আবার মঞ্চে আনতে যাচ্ছি। পাশাপাশি নতুন নাটক লেখা হচ্ছে। অচিরেই তা হাতে নেওয়া হবে। সামনে সেপ্টেম্বরে একটা ব্যাতিক্রমী নাট্যোৎসব করতে চাই।