লাকী ইনামের ছয়টি নাটক নিয়ে ছয় দিনের উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঞ্চে লাকী ইনামের ৪০ বছর পূর্তি হচ্ছে এবার। আর ৪ সেপ্টেম্বর তাঁর ৬০তম জন্মদিন। এ উপলক্ষে লাকী ইনাম নির্দেশিত ছয়টি নাটক নিয়ে উৎসব আয়োজন করেছে নাগরিক নাট্যাঙ্গন। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে এ উৎসব অনুষ্ঠিত হবে ৪ থেকে ৯ সেপ্টেম্বর। নাটকগুলো হলো: পুশিবেড়াল ও একজন প্রকৃত মানুষ, মুক্তির উপায়, সরমা, প্রাগৈতিহাসিক, সেই সব দিনগুলো এবং বিদেহ। লাকী ইনাম বলেন, ‘মঞ্চে আমি প্রথম অভিনয় করেছিলাম ১৯৭২ সালে। নাগরিক নাট্য সম্প্রদায়ের ওই নাটকটি ছিল বুড়ো শালিকের ঘাড়ে রোঁ। ১৯৯৪ সাল পর্যন্ত আমি এই দলের ১৫টি নাটকে অভিনয় করেছি। ১৯৯৫ সালে আমরা গঠন করি নাগরিক নাট্যাঙ্গন। এই দলের হয়ে এ পর্যন্ত আমি অভিনয় করেছি ১৯টি নাটকে। দলে এবং দলের বাইরে ২০টি নাটকের নির্দেশনা দিয়েছি।’নাগরিক নাট্যাঙ্গন সূত্রে জানা গেছে, উৎসবের শিরোনাম করা হয়েছে ‘ষড়ৈশ্বর্য লাকী ইনাম নাট্যোৎসব ২০১২’। উৎসব উদ্বোধন হবে সুবিধাবঞ্চিত ৪০ জন শিশুর গান দিয়ে। থাকবেন ছয়জন প্রথিতযশা সাংবাদিকও। লাকী ইনাম আরও বলেন, ‘আমি চাই, বাংলাদেশের প্রত্যেক নাট্যকর্মীরই ষড়ৈশ্বর্য হোক।’