লাক্স তারকা আলভীর হঠাৎ বিয়ে
হঠাৎ করেই বিয়ের কাজটি সেরে ফেললেন লাক্স-তারকাখ্যাত অভিনেত্রী আলভী। বর আমির হাসান। পেশায় ব্যবসায়ি। নাট্যদল দেশ নাটকের সঙ্গেও জড়িত। পাশাপাশি টিভি নাটকে অভিনয় এবং পরিচালনার কাজটিও করছেন। গতকাল বৃহস্পতিবার ১১ অক্টোবর রাজধানীর মিরপুরের পল্লবীতে আলভীর খালার বাসায় তাঁদের বিয়ের অনুষ্ঠানিকতা হয়। বিয়েতে শুধুমাত্র উভয়পক্ষের আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন।হঠাৎ করে বিয়ের প্রসঙ্গে আলভী বলেন, ‘আমাদের প্রেমের সম্পর্ক কিন্তু নয় বছরের। সম্পর্কে চাচাতো ভাইবোন। নয় বছর আগে ১১ অক্টোবর তারিখে আমরা দুজন-দুজনকে পছন্দের কথাটা জানিয়েছিলাম। এরপর প্রতি বছরের ১১ অক্টোবর নিজেদের আমরা এই দিনটাকে উদযাপন করতাম। ইচ্ছে ছিল ১১ অক্টোবর বিয়েও করার। তবে এত তাড়াতাড়ি যে বিয়ে করব, তা ভাবিনি। হঠাৎ করে যখন বিয়ের কথাবার্তা হচ্ছিল, তখন আমাদের সামনে ১১ অক্টোবর তারিখ পেয়ে গেলাম। এটা একরকম কাকতালীয় বলতে পারেন। খুবই ভালো লাগছে ভালোবাসার মানুষকে বিয়ে করতে পেরে। সবাই আমাদের জন্য দেয়া করবেন।’আলভি এ কথাও বলেন,‘আয়োজনটা যেহেতু খালার বাসায় হয়েছে, তাই টিভি, চলচ্চিত্র আর সংবাদ মাধ্যমের কাউকে আমন্ত্রণ জানাতে পারিনি। ইচ্ছে আছে পরে সবাইকে নিয়ে একটি অনুষ্ঠান করার ইচ্ছা আছে।’ আলভীর স্বামী আমির হাসানও প্রিয় মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে আনন্দিত। তিনি বলেন, ‘ মনের মানুষকে নিজের করে পেয়ে আমি অনেক খুশি।’২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন আলভী। এরপর থেকে নিয়মিতভাবে টিভি নাটক ও বিজ্ঞাপনচিত্রের কাজ করছেন। তাঁর প্রথম নাটক ছিল সাইফুল ইসলাম মাননুর চলো না বৃষ্টিতে ভিজি। এছাড়া আলভীর উল্লেখ্যযোগ্য অন্যান্য নাটক হচ্ছে পত্র মিতালি, গৃহদাহ, দেনা-পাওনা, রাজলক্ষী শ্রীকান্ত, মন রঙিলা, টাট্টুঘোড়া, উত্তরাধিকার, অলসপুর, লেডিস ফার্স্ট, গুলশান এভিনিউ।