লাঞ্ছনার ভিডিও প্রকাশের পর যা বললেন তাঁরা

বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য ও মধুমিতা প্রেক্ষাগৃহের স্বত্বাধিকারী ইফতেখারউদ্দিন নওশাদের লাঞ্ছনার ভিডিও শনিবার সন্ধ্যায় ইউটিউবে প্রকাশিত হয়। সেখানে পরিষ্কারভাবে দেখা যায়, চলচ্চিত্র পরিবারের পক্ষে প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু যখন নওশাদকে পেছন থেকে ধাক্কা দেন, তখন সামনেই দাঁড়িয়ে ছিলেন চিত্রনায়ক রিয়াজ ও পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন। নওশাদের লাঞ্ছনার বিষয়ে আজ রোববার প্রথম আলোর পক্ষ থেকে কথা বলা হয় রিয়াজ, খসরু ও খোকনের সঙ্গে। তিনজনের কথায় তিন রকমের তথ্য পাওয়া গেছে।
যৌথ প্রযোজনার ছবিতে অনিয়ম বন্ধের দাবিতে গত মাসের ২১ জুন সেন্সর বোর্ড ঘেরাও করে ‘চলচ্চিত্র পরিবার’ নামের ১৮ সংগঠনের ঐক্যজোট। সেখানে অপ্রীতিকর পরিস্থিতির শিকার হন ইফতেখারউদ্দিন নওশাদ। তাঁকে আঘাত করাসহ পাঞ্জাবি ছিঁড়ে ফেলা হয়। বিভিন্ন সংবাদমাধ্যমে নওশাদের ছেঁড়া পাঞ্জাবির ছবি প্রকাশিত হয়।
ভিডিওর প্রসঙ্গে উঠতেই রিয়াজ শুরুতে পাল্টা অভিযোগ করে বললেন, এত দিন পর কেন সেদিনের লাঞ্ছনার ভিডিও নিয়ে কথা হচ্ছে বুঝলাম না! তা ছাড়া আমি ভিডিওটি দেখিওনি। তাই মন্তব্য করতে পারছি না। এই প্রতিবেদককে তিনি ভিডিও পাঠানোর অনুরোধ করেন। ভিডিও দেখার পর রিয়াজ বলেন, ‘লাঞ্ছনার তো প্রশ্নই আসে না। আমরা তাঁর সঙ্গে কথা বলার চেষ্টা করেছি।’
বদিউল আলম খোকন বললেন, ‘আমি ও রিয়াজ ভাই যখন সেন্সর বোর্ডের গেটের সামনে বসা, সেখানে খসরু সাহেব ছিলেনই না। আমরা কেউ তাঁকে দেখিনি। আমরা যখন নিজেদের মধ্যে কথা বলছিলাম, তখন এই পরিস্থিতি (নওশাদের লাঞ্ছিত হওয়া) তৈরি হয়নি। পরে শুনলাম খসরু ভাই নওশাদ সাহেবকে টান দিছে। আমি কোনো ধাক্কা দিইনি।’
খোকন এ-ও বলেন, ‘আমরা যখন স্লোগান দিচ্ছিলাম, তখন দেখলাম নওশাদ সাহেব সেন্সর বোর্ডে ঢুকছেন। সামনে গিয়ে বলেছি, সিনেমা দেখতে আপনি ভেতরে যাবেন না। আমি তাঁর জামাও ধরিনি, গায়েও হাত দিইনি। আর ভিডিওতে যদি আমাকে দেখা যায়, তাহলে এটা নিয়ে আর কথা বলার দরকারই নেই।’
আর খোরশেদ আলম খসরু বললেন, নওশাদ সাহেবের লাঞ্ছিত হওয়ার ভিডিও তাঁর কাছে আছে। তিনি বলেন, ‘এটা কোনো লাঞ্ছনার বিষয় নয়। আমি তাঁকে হাত ধরে বলেছি, আসেন আমাদের আন্দোলনের প্রতি সমর্থন দিয়ে মাইকে কিছু বলেন।’
রিয়াজ, বদিউল আলম, খসরুর কথার পরিপ্রেক্ষিতে ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, ‘যা বলার তো ভিডিও পরিষ্কারভাবে বলে দিয়েছে। তারা সবাই যে মিথ্যা কথা বলছেন, এটা প্রমাণের জন্য আর কিছুর দরকার আছে বলে মনে হয় না। ঘটনার পর শুনেছিলাম, তারা ঘটনাস্থলেই ছিল না, এখন শুনছি আরেক রকম কথা। আর কিছু বলতে ইচ্ছে করছে না।’
এ ধরনের ঘটনায় আপনি কি কোনো ব্যবস্থা নেবেন? এমন প্রশ্নে নওশাদ বলেন, ‘খোকনকে বহিষ্কার করা হবে। আগামী ৮ আগস্ট বাংলাদেশ প্রদর্শক সমিতির বার্ষিক সাধারণ সভা। সেদিন আরও নতুন কিছু সিদ্ধান্ত আসতেও পারে।’
এত দিন পর ইউটিউবে কেন ভিডিওটি এল, এ প্রশ্নের জবাবে নওশাদ বলেন, কে বা কারা প্রকাশ করেছে আমি জানি না।
পুরো ঘটনায় চলচ্চিত্র সমালোচক ও গবেষক ফাহমিদুল হক শুধু এটুকু বলেছেন, এটা খুবই নিন্দনীয়। যে বা যারাই এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।