লাদাখ চলচ্চিত্র উৎসবের জুরি বোর্ড-প্রধান অপর্ণা সেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপর্ণা সেন
অপর্ণা সেন

লাদাখ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরি বোর্ডের প্রধান হিসেবে দায়িত্ব পেলেন প্রখ্যাত বাঙালি অভিনেত্রী ও নির্মাতা অপর্ণা সেন। জুরি বোর্ডের অন্য সদস্যের মধ্যে আছেন ‘ডোন্ট বি অ্যাফরেইড অব দ্য ডার্ক’খ্যাত মার্কিন চিত্রনাট্যকার ম্যাথিউ রবিনস এবং জার্মান প্রামাণ্যচিত্র-নির্মাতা পল ম্যাকজাই।
‘সেলিব্রেটিং ওম্যানহুড’ স্লোগানকে সামনে রেখে পাহাড়ঘেরা নৈসর্গিক সৌন্দর্যের অঞ্চল লাদাখে উৎসবটির দ্বিতীয় আসর বসতে যাচ্ছে আগামী ৫ জুলাই, যা চলবে ৭ জুলাই পর্যন্ত। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ।
উৎসবে হাজির থাকবেন হিন্দি চলচ্চিত্রের রথী-মহারথীরা। তাঁদের মধ্যে রয়েছেন জয়া বচ্চন, শ্যাম বেনেগাল, গুলজার, বিশাল ভরদ্বাজ, অমল গুপ্ত, গোবিন্দ নিহালানি, মনি রত্নম, ইমতিয়াজ আলী, রাকেশ ওমপ্রকাশ মেহরা প্রমুখ।
উৎসবের জুরি বোর্ড-প্রধান হওয়ার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে অপর্ণা সেন বলেন, ‘লাদাখ চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় আসরে জুরি বোর্ড-প্রধানের দায়িত্ব পেয়ে অনেক বেশি সম্মানিত বোধ করছি। আশা করছি, দারুণ একটা অভিজ্ঞতা হবে।’

অপর্ণা সেনের জন্ম ১৯৪৫ সালের ২৫ অক্টোবর। ১৯৬৩ সালে মাত্র ১৬ বছর বয়সে সত্যজিৎ রায়ের ‘তিন কন্যা’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে রুপালি পর্দায় অভিষেক হয় কিশোরী অপর্ণার। পরবর্তী সময়ে ‘অরণ্যের দিনরাত্রি’, ‘পিকু’, ‘ইমান-ধরম’, ‘পারমিতার একদিন’, ‘ইতি মৃণালিনী’সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করে বিভিন্ন মহল থেকে ব্যাপক প্রশংসিত হন গুণী এ অভিনেত্রী।

অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র পরিচালনায়ও সাফল্য দেখিয়েছেন অপর্ণা সেন। তাঁর পরিচালিত ছবির মধ্যে রয়েছে ‘৩৬ চৌরঙ্গী লেন’, ‘পরমা’, ‘সতী’, ‘পারমিতার একদিন’, ‘মিস্টার অ্যান্ড মিসেস আয়ার’, ‘দ্য জাপানিজ ওয়াইফ’, ‘ইতি মৃণালিনী’ ইত্যাদি। কাজের স্বীকৃতি হিসেবে তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা পেয়েছেন ৬৭ বছর বয়সী এ শিল্পী।