লাবণ্যদের দিনরাত্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতা থেকে ট্যাক্সিক্যাবে তুলেই লোভ দিতে শুরু করলেন লাবণ্য সুলতানা। ট্যাক্সির বাইরে আঙুল তুলে বললেন, ‘ওই জায়গাটার লাচ্ছি দারুণ মজার। খেতে লাবাংয়ের মতো, কিন্তু লাচ্ছিই। দই ও লবণের অনুপাতের কারণেই সেটা অসম্ভব মজার হয়। লোকে সারি বেঁধে খায়।’ খানিক দূর এগিয়ে দেখান পুরোনো এক জিলাপি বিক্রির জায়গা। চিকন একধরনের জিলাপি বিক্রি হয় সেখানে। লাবণ্য বলেন, ‘দাম কম হলে কী হবে, মুখে দিলেই টের পাবেন কী জিনিস। অবশ্য পাশে বড় দোকানেও আছে, বেশি দাম।’

কলকাতা শহরটা লাবণ্যর মোটামুটি চেনা। নাচ শিখতে এসে ঢাকার মেয়ে পুরোদস্তুর কলকাতার হয়ে গেছেন। এখন ট্যাক্সিওয়ালাকে পথ বাতলে দিচ্ছেন, ‘ও দাদা ওদিক দিয়ে যাচ্ছেন যে, সময় তো বেশি লাগবে!’ আমরা যাচ্ছিলাম হাওড়া রেলস্টেশনে। পুরোনো স্টেশনে অপেক্ষা করছে আরও তিনটি গাড়ি, ধরতে হবে সাড়ে পাঁচটার শিপ্রা এক্সপ্রেস। ঢাকা থেকে রওনা দেওয়া নাচের দলের নেতৃত্ব দেওয়া লাবণ্য বছরে দুবার কলকাতা এসে অনেকটা সময় থাকেন। পণ্ডিত বিরজু মহারাজের শিষ্য অসীম বন্ধু ভট্টাচার্যের কাছে শেখেন কত্থক নাচ। ঢাকার সাংস্কৃতিক সংগঠন সাধনার তিনি অন্যতম পরিশ্রমী কর্মী। নাম কুড়োনোর জন্য ঘাম ঝরান তা নয়, নাচটাকে ভীষণ ভালোবাসেন। একটা শক্তপোক্ত ব্যাটাছেলের মতো চারটি মেয়ে ও বারোটি ছেলেকে ঢাকা থেকে চোখে চোখে রেখে এনেছেন মধ্যপ্রদেশ, সময়মতো খাইয়েছেন। খাজুরাহো পৌঁছানোর পর জানতে চাই, ‘মন কী বলছে, কেমন হবে?’ লাবণ্য শুধু বললেন, ‘টানা ছয় দিনই আমার পারফরম্যান্স আছে। জানি না কী হবে, তবে ভারতবাসীকে দেখিয়ে দেব বাংলার নাচ।’

স্যুভেনিরের দোকানগুলো ঘুরে দেখেছেন শিল্পীরা
স্যুভেনিরের দোকানগুলো ঘুরে দেখেছেন শিল্পীরা

ঢাকা থেকে গত বুধবার রাতে আমরা রওনা দিই খাজুরাহোর উদ্দেশে। ১৭ জনের সেই দল প্রায় ৪৪ ঘণ্টা ভ্রমণ শেষে পৌঁছে এখানে। বসন্তের এই সময়টাতে প্রতিবছর এখানে একটি বড় শাস্ত্রীয় নৃত্য উৎসব অনুষ্ঠিত হয়। শাস্ত্রীয় নৃত্যশিল্পীদের জীবনের আকাঙ্ক্ষাই থাকে এই মঞ্চে নাচ করার। এবারে বাংলাদেশ অতিথি দেশ। ফলে মূল মঞ্চের পাশাপাশি তাঁদের জন্য থাকবে একটি বাড়তি মঞ্চ। সেখানে ছয় দিন চলবে রায়বেশে, বাউলগানের সঙ্গে নাচ, রবীন্দ্র ও নজরুলসংগীতের সঙ্গে নাচ, মণিপুরি ও কত্থক। একই জায়গায় আছে নাচ নিয়ে সংলাপ। অংশ নেবেন উপমহাদেশের প্রখ্যাত নৃত্যশিল্পী ও গুরুরা।
টানা মহড়ার পাশাপাশি সন্ধ্যার পর জায়গাটা ঘুরে বেরিয়েছেন শিল্পীরা। কিনেছেন আংটি, পায়েল, জামা, চাসহ নানা স্যুভেনির ও উপহার সামগ্রী। স্বাদ নিয়েছেন স্থানীয় আলু পরোটা ও চায়ের। কলকাতার লাচ্ছি খাওয়া হবে না বলে এখানেই স্থানীয় একটি দোকান থেকে লাচ্ছি খাওয়ালেন লাবণ্য সুলতানা। খাওয়ার পরও সেই তরল অনেকক্ষণ জিভে লেগে থাকে।

প্রথম কিস্তিতে ঢাকা থেকে যোগ দেওয়া সাধনার পাঁচ নারী শিল্পী। বাঁ থেকে লাবণ্য সুলতানা, অপর্না নিশি, প্রজ্ঞা প্রতিতি, আনিকা হক ও অনিন্দিতা খান।
প্রথম কিস্তিতে ঢাকা থেকে যোগ দেওয়া সাধনার পাঁচ নারী শিল্পী। বাঁ থেকে লাবণ্য সুলতানা, অপর্না নিশি, প্রজ্ঞা প্রতিতি, আনিকা হক ও অনিন্দিতা খান।

ছবি ও ভিডিও : রাসেল মাহ্‌মুদ