লাভলু এবার 'পরিবার করি কল্পনা'তে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালাহউদ্দিন লাভলু
সালাহউদ্দিন লাভলু

সালাহউদ্দিন লাভলু পুরোপুরি ব্যস্ত নাটক পরিচালনা নিয়ে। আর পরিচালনার ব্যস্ততার কারণে অভিনয় থেকে তিনি এখন একটু দূরে। তাঁর মতে, ‘পরিচালনা করতে গিয়ে অভিনয়টা আর করা হচ্ছে না। নিজের নাটকে আমি অভিনয় করতে চাই না। তবে অভিনয়ের ইচ্ছা তো সব সময়ই আছে। ইদানীং ভাবছিলাম, ভালো স্ক্রিপ্ট আর ভালো পরিচালক পেলে একটা কাজ করব। যখনই ভাবছি, তখনই একটা ধারাবাহিকের প্রস্তাব পেলাম। গল্পটা শুনে ভালো লাগল। রাজি হয়ে গেলাম।’
সালাহউদ্দিন লাভলু এবার যে ধারাবাহিকটিতে অভিনয় করবেন, তার নাম পরিবার করি কল্পনা। লিখেছেন ইকবাল হোসাইন চৌধুরী, পরিচালনা করবেন রেদওয়ান রনি ও আতিক জামান। নাটকটির শুটিং শুরু হবে এ মাসেই। লাভলু জানান, এর আগে তিনি অভিনয় করেছেন অরণ্য আনোয়ারের ধারাবাহিক নাটক কর্তাকাহিনিতে। তাও মাস ছয়-সাতেক আগে। এই নাটকে তিনি কাজ করেছেন গোড়ার দিকের কয়েকটি পর্বের জন্য। কিন্তু পরিবার করি কল্পনা নাটকে তিনিই অন্যতম প্রধান চরিত্র।