লাভের জন্য ছবির গুণগত মান নষ্ট করব না: শাহরুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের ব্যক্তিগত জীবনের গোপনীয়তা রক্ষা করার ক্ষেত্রে বলিউড সুপারস্টার শাহরুখ খান সব সময় সচেতন থাকেন। চলচ্চিত্র নিয়ে গণমাধ্যমে তাঁর সরব উপস্থিতি লক্ষ করা গেলেও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মিডিয়ার কাছে তিনি মুখ খোলেন না বললেই চলে। কিন্তু সম্প্রতি স্ত্রী গৌরী একটি বিজ্ঞাপনচিত্র নির্মাণ করেছেন। ওই বিজ্ঞাপনটির প্রচার উপলক্ষে কিং খানের এই সাক্ষাৎকার নেন বার্তা সংস্থা রয়টার্সের প্রতিনিধি। সাক্ষাৎকারটি পাঠকদের জন্য তুলে ধরা হলো—আপনি বলেছেন, আপনি আপনার পেশাগত জীবনের সঙ্গে ব্যক্তিগত জীবনকে মিশিয়ে ফেলেন না। আপনার স্ত্রী গৌরীর সঙ্গে বিজ্ঞাপনচিত্র তৈরি করতে গিয়ে কি আপনার মধ্যে কোনো ভীতি কাজ করেছে?আমি শঙ্কিত হয়েছি। আসলে যখন কেউ এ ধরনের কাজের সঙ্গে যুক্ত হয়, তখন এর অনেক ইতিবাচক ও নেতিবাচক দিক থাকতে পারে। যে এই শিল্পে আসার কোনো পরিকল্পনাই করেনি, সম্ভবত তার জন্য এ কাজটা করা ঠিক নয়। গৌরী চলচ্চিত্রের কাজটাকে পেশা হিসেবে নিতে আগ্রহী নয়। সে এটা একবারের জন্যই করেছে এবং এটা নিয়ে সে খুশি। যদি আমার সন্তান অভিনেতা হতে চায়, আমি নিশ্চিত যে এর কিছু ইতিবাচক ও নেতিবাচক দিক রয়েছে।আপনার প্রযোজিত ‘রা ওয়ান’ তো ভারতের প্রথম সায়েন্স ফিকশনধর্মী চলচ্চিত্র। আপনার পরবর্তী ছবিগুলো কি এ ধরনেরই হবে?আমি যখন চলচ্চিত্র প্রযোজনা করি, তখন ভিন্ন কিছু করতে চেষ্টা করি। আমরা এটা করতে পারি। কারণ আমাদের চলচ্চিত্রের বাজার অনেক বড় এবং আয়ও অনেক বেশি। আমি সব সময় বিশ্বাস করি, কেউ যদি কোনো কাজ থেকে বড় ধরনের লাভ করে, তবে এটা শুধু ওই পণ্যের অবদানই নয়; এর সঙ্গে যে ব্র্যান্ডটা তৈরি হলো, তারও অবদান রয়েছে। সুতরাং আমাদের উচিত, এর সঠিক ব্যবহার করা। যেমন বলা যায়, মাই নেম ইজ খান এটা ছিল একটা ভিন্নধর্মী কাজ। এই চলচ্চিত্রের মধ্য দিয়ে আমি ও করণ জোহর চলমান ধারা থেকে বের হয়ে আসছি। আমরা ছবিটি নিয়ে এখনো দর্শকদের কাছ থেকে প্রচুর প্রশংসা পাই। আমরা শুধু ভিন্নধর্মী বিষয় বেছে নিয়েছি। এর ফল খারাপ হতে পারত। কিন্তু তা হয়নি।একইভাবে রা ওয়ান-এর ক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, ভারতীয় চলচ্চিত্রে যা আগে কখনো হয়নি। এমনকি আগে তা ব্যবহার করার চেষ্টাও করা হয়নি। কারণ ভারতের বাজারে এ ধরনের ছবি চালানোর জন্য কেউ অর্থ দেয় না। কিন্তু আমি এটা করেছি। যদিও আমি এর জন্য কিছুটা ক্ষতির সম্মুখীন হতে পারি, আবার নাও পারি। তবে এটা কোনো ব্যাপার নয়। আমি যদি দর্শকদের টানতে পারি এবং বাজার তৈরি করতে পারি, তাহলে বলতে পারব, এ চলচ্চিত্রটির মধ্য দিয়ে ভারতীয় চলচ্চিত্র প্রযুক্তিনির্ভর হবে। তবে খুব বেশি হয়তো সাড়া পাব না, তা কিন্তু বলছি না। আবার এও বলছি না যে আমি পুরো দুনিয়াটাকে পাল্টে দেব। এই শিল্প আমাকে বছরের পর বছর অনেক কিছুই দিয়েছে। আমি একটা দায়বদ্ধতার জায়গা থেকে এ শিল্পকে কিছুটা ফেরত দিতে চেয়েছিমাত্র।আপনি কি মনে করেন, এই প্রযুক্তি বলিউডকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে?দেখুন, চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে যা কিছু আমরা জানি, যদি তা নিয়ন্ত্রণ করতে পারি এবং বাড়াতে পারি, তাহলে সেটা হবে অসাধারণ। আর এভাবে একটা ভালো চলচ্চিত্র যেমন তৈরি করা যায়, তেমনি খারাপও করা যায়। তবে এ ক্ষেত্রে কাহিনিটি অবশ্যই ভালো হতে হবে। অভিনেতা হিসেবে নয়, একজন প্রযোজক হিসেবে আমি বিশ্বাস করি, আমরা যা জানি, তার সঙ্গে ক্যামেরার ভালো কাজ, লেন্সের ব্যবহার, ভালো প্রযুক্তি ইত্যাদির সমন্বয় ঘটানো গেলে চলচ্চিত্রের পুরোনো খোলস ছেড়ে বেরিয়ে আসা সম্ভব হবে। এখন আমি এই ভাবনা নিয়েই কাজ করে যাচ্ছি।একজন ব্যবসায়ী হিসেবে আপনি কোন নীতি অবশ্যই অনুসরণ করেন?একটা সাধারণ বিষয় হলো, আমি বাজার থেকে যতটা আয় করতে পারব, তার চেয়ে বেশি ব্যয় করব না এবং লাভের জন্য গুণগত মান নষ্ট করার কোনো মানসিকতা আমার নেই। কারণ গুণগত মানই যেকোনো কাজকে ভিন্নতা এনে দেয়। এ কথাটি সব ক্ষেত্রেই প্রযোজ্য। আমি আমার কাজে যে গুণগত মান সৃষ্টি করব, তা আমার কাজকে স্মরণীয় করে রাখবে। বিখ্যাত ব্র্যান্ডগুলোর দিকে তাকালে এটা আমরা আরও স্পষ্টভাবে দেখতে পাই। আমি সেটাই অনুসরণ করার চেষ্টা করি।—সূত্র: রয়টার্স