লাল টিপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও ফ্রান্সের যৌথ প্রযোজনায় সম্প্রতি শেষ হলো লাল টিপ ছবির কাজ। বাংলাদেশের পক্ষে ছবিটি প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম। এই ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন ইমন ও কুসুম। দুজনকে নিয়ে এই আয়োজন।‘লাল টিপ’ নামটি কেন? কুসুম হাসেন। ইমন কুসুমকে প্রশ্নের উত্তর দিতে বলেন।‘লাল টিপ আসলে প্রতীকী একটা ব্যাপার। এর মাধ্যমে আমাদের বাঙালি সমাজ ও সংস্কৃতির একটা আবহ ফুটে উঠেছে।’ কুসুম বলেন।ইমন যোগ করলেন, ‘এটি পুরোপুরি একটি বাণিজ্যিক চলচ্চিত্র। গতানুগতিক কোনো গল্পের ছবি নয়।’ কথা কেড়ে নেন কুসুম, ‘এ কথা জোর দিয়েই বলতে পারি, যাঁরা টিকিট কেটে ছবি দেখবেন, তাঁদের পয়সা পুরোটাই উসুল হবে। এ জন্য দর্শকদের বলব, একটি নয়, কমপক্ষে তিনটি টিকিট কাটবেন। কারণ, ছবিটি দেখার পর আরও দুবার দেখতে ইচ্ছা করবে।’এতটা আত্মবিশ্বাসের কারণ কী?‘কারণ, ছবিটি সেভাবেই নির্মাণ করা হয়েছে। তা ছাড়া ছবির গল্পের প্রয়োজনে ফ্রান্স ও ব্যাংককের একাধিক লোকেশনে যেতে হয়েছে। একেকটির অভিজ্ঞতা একেক রকম। যেমন ধরেন, কোরাল আইল্যান্ডে গেলাম একটি গানের শুটিং করতে। সি-বাইক চালাবে ইমন। আর আমি ওর পেছনে বসে থাকব। রোমাঞ্চিত হওয়ার মতো ঘটনা বটে। তো, ইমন চালাচ্ছে, আমি ওকে জড়িয়ে ধরে আছি। সমুদ্রের একেকটি ঢেউ এসে আমাদের গায়ে লাগছে। আমরা এর মধ্য দিয়েই ছুটছি। দম বন্ধ হয়ে আসার মতো একটা ব্যাপার।’ বলছিলেন কুসুম।ইমনের অভিজ্ঞতার কথাও শোনা যাক।‘ঢাকা থেকে যাত্রা করলাম ফ্রান্সের উদ্দেশে। ফ্রান্সে পৌঁছেই জানলাম সবকিছু প্রস্তুত, এক্ষুনি ক্যামেরার সামনে দাঁড়াতে হবে আমাকে। একটু ভড়কে গেলাম। কিন্তু কিছুই করার নেই। শুটিং শুরু হলো। কারণ, এখানে প্রতিটি সেকেন্ড ধরে কাজ করা হয়। এভাবেই প্রথম দিন কাজ করলাম। একটি সেতুর কাছে নিয়ে যাওয়া হলো, যেখানে কিনা সারা দুনিয়া থেকে প্রেমিক-প্রেমিকারা এসে নিজেদের নাম লিখে তা একটি জায়গায় ঝুলিয়ে রাখে। এ এক বিরল দৃশ্য। আমি সেই কাজটি করলাম কুসুমকে নিয়ে। সেটি ছিল সিনেমার দৃশ্য। আমার জন্য আরও বিস্ময় অপেক্ষা করছিল—মুল্যারুজ (ফ্রান্সের ঐতিহাসিক রঙ্গশালা)। আড়াই হাজার দর্শক ধারণক্ষমতার এ রঙ্গশালার প্রবেশমূল্য (জনপ্রতি) ১০ হাজার টাকা। পরিচালক স্বপন আহমেদ সারা দিনের জন্য রঙ্গশালাটি ভাড়া নিয়ে শুটিং করেন। অর্থাৎ, ওইটুকু কাজের জন্য কয়েক লাখ টাকা গুনতে হয়েছে প্রযোজককে। রাতের বেলা তাঁকে বললাম, “ভাই, আপনাদের ছবিতে যে এত টাকা খরচ করছেন, আপনারা তো লোকসানের মুখে পড়বেন।” তিনি বললেন, “মোটেই না। কারণ, আমাদের ছবিটি বাংলাদেশ ছাড়াও ইউরোপের একাধিক দেশে মুক্তি দেওয়া হবে।” শুনে খুশিতে আমার চোখে পানি চলে এল।’ ইমন এভাবেই লাল টিপ ছবির শুটিংয়ের কিছু বর্ণনা দিচ্ছিলেন।একটি মেয়ে ফ্রান্সে জন্ম নেয়। সেখানকার সংস্কৃতিতেই বড় হয় সে। ইউএনডিপির একটি প্রকল্পে যোগ দেয় বাংলাদেশের এক তরুণ। মেয়েটির সঙ্গে তার পরিচয় হয়। এরপর ছবির গল্প নাটকীয় টানাপোড়েনের মধ্য দিয়ে এগিয়ে যায়। একসময় আলাদা হয়ে যায় দুজন। শেষ পর্যন্ত তাদের আর দেখা হবে কি না, কেউ কারও খোঁজ পাবে কি না, এই নিয়ে এগিয়ে চলে কাহিনি।ইমন বললেন, ‘আসলে ছবির গল্পটাই এমনভাবে দাঁড় করানো হয়েছে যে, প্রতিটি দৃশ্যের পর দর্শকদের অপেক্ষা করতে হবে। মনে হবে এরপর কী হচ্ছে!’ কুসুমের মতে, এ ধরনের সিনেমা আমাদের এখনকার চলচ্চিত্রের ধারা বদলে দিতে সহায়ক হবে। এখন চলচ্চিত্রে শিল্পীর সংকট রয়েছে। লাল টিপ-এর মতো ছবি নিয়মিত নির্মিত হলে নতুন শিল্পীরাও চলচ্চিত্রে কাজ করতে আগ্রহী হয়ে উঠবেন।আর ইমন বলেন, ‘এত দিন যে ছবিগুলোতে কাজ করেছি, সেগুলো যেকোনো কারণেই হোক, বড় রকমের আলোচনায় আসেনি। কিন্তু লাল টিপ হবে আমার টার্নিং পয়েন্ট।’ইমন-কুসুম এর আগে গহীনে শব্দ নামের একটি ছবিতে কাজ করেছিলেন। এটি এই জুটির দ্বিতীয় ছবি। বাংলাদেশ ও ফ্রান্সের যৌথ প্রযোজনায় নির্মিত এ ছবিতে আরও অভিনয় করেছেন এ টি এম শামসুজ্জামান, সোহেল খান, শহীদুল আলম সাচ্চু, মিশু, কোনালসহ অনেকেই। ছবিটির শুটিং শেষ। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে, চলতি বছরের শেষ দিকে ছবিটি মুক্তি দেওয়া হবে।