লালগালিচায় বিস্ময় শিশু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালগালিচায় হাঁটতে পারেন অনেকে। কিন্তু হামাগুড়ি দিতে পারে কজন? সারা দুনিয়ার মহা তারকারা যেখানে বার্লিন চলচ্চিত্র উৎসবের লালগালিচায় একবার পা রাখার জন্য মুখিয়ে থাকেন, সেখানে কিনা হামাগুড়ি! শুধু হামাগুড়িই বা বলছি কেন? তিনি হাঁটলেন, হামাগুড়ি দিলেন—একপর্যায়ে শুয়েও পড়লেন। তাজ্জব!

১৮ ফেব্রুয়ারি বার্লিন সময় রাত আটটার মতো বাজে। বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রাণকেন্দ্র বার্লিনাল পালাস্তে স্বর্ণ ভালুক বিজয়ী ছবির নাম ঘোষণার সময় প্রায় হয়ে এসেছে। সিনেমা দুনিয়ার চোখ সেদিকে। পুরস্কার অনুষ্ঠানের অতিথিরা সব আসন গ্রহণ করেছেন আগেই। লালগালিচায় এতক্ষণ শশব্যস্ত ক্যামেরাম্যানরা গেছেন একটুখানি জিরোতে। বার্লিনাল পালাস্তের সামনের বড় পর্দার দিকে চোখ সবার। পুরস্কার অনুষ্ঠান লাইভ হচ্ছে সেখানে। আমিও সেদিকে তাকিয়ে। কিন্তু এর মধ্যে মুহূর্তের বিরতিতে চোখ আটকে গেল শিশুটির ওপরে। গোল্ডেন বিয়ার বা স্বর্ণ ভালুক কার হাতে গেল তাতে তার কি আসে যায়! নিজের মনে বার্লিনাল পালাস্তের সদর দরজায় লালগালিচার ওপরে খেলে চলেছে সে। দোর প্রহরীরা তাকে দেখছে। কিন্তু কী করবে ঠিক বুঝতে পারছেন না সম্ভবত। এতটুকুন পুঁচকে বাচ্চাকে কি আর কিছু বলা যায়?

তার এই নির্বিঘ্ন পদচারণ কতক্ষণ চলত কে জানে। মা এসে ছোঁ মেরে তুলে নিয়ে গেল তাকে। আমিও ফিরে গেলাম পুরস্কার ঘোষণায়। অ্যান্ড দ্য গোল্ডেন বিয়ার ফর বেস্ট ফিল্ম গোজ টু...।