লালগালিচা-রহস্য!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কান উৎসবে হলিউড অভিনেত্রী জুলিয়ান মুরকে দেখেই ব্যস্ত হয়ে উঠলেন আলোকচিত্রীরা৷ ১৫ মে তোলা ছবি l এএফপি
কান উৎসবে হলিউড অভিনেত্রী জুলিয়ান মুরকে দেখেই ব্যস্ত হয়ে উঠলেন আলোকচিত্রীরা৷ ১৫ মে তোলা ছবি l এএফপি

মাইল খানেক জায়গাজুড়ে বিছানো ঝলমলে লালগালিচা। সেই গালিচায় অধিকতর ঝলমলে পোশাকে হেঁটে চলেছেন বিশ্ব সিনেমার তারকা-মহাতারকারা। পাশেই সার বেঁধে দাঁড়িয়ে আছেন আলোকচিত্রীরা। একের পর এক শাটার পড়ছে ক্যামেরার। কান চলচ্চিত্র উৎসবের লালগালিচা বলতে এমনটাই ভেবেছিলাম কল্পনায়। কিন্তু যুগে যুগে তামাম দুনিয়ার উজ্জ্বলতম সিনেমা তারকাদের পদভারে ধন্য সেই লালগালিচা আদতে দেখতে কেমন?

উৎসবের আগের দিন থেকে দেখছি, পুলিশের সতর্ক প্রহরা জায়গাটা ঘিরে। সামনের রাস্তায় গাড়ি চলাচল বলতে গেলে বন্ধ। নিরাপত্তা প্রহরীরা খুব ব্যস্ত হয়ে ছোটাছুটি করে যাচ্ছেন। ১৪ মে চক্ষু-কর্ণের বিবাদ ভঞ্জনের সুযোগ এল। বিকেল না হতেই সার বেঁধে আসতে শুরু করেছে একের পর ঝাঁ-চকচকে নামী ব্র্যান্ডের গাড়ি। আমজনতা রাস্তার মাঝখান থেকে হামলে পড়েছে তারকাদের দেখার আশায়। কল্পনার সবটাই ঠিক ছিল কিন্তু গন্ডগোল শুধু এক জায়গাতেই। মাইল তো বহু দূরের ব্যাপার, গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে ঢোকার পথে লালগালিচার দৈর্ঘ্য বড়জোর ২২ গজ! তার চেয়ে বেশি নয়। আলোকচিত্রীদের দক্ষতার সুবাদেই সম্ভবত এই লালগালিচাকে মনে হয় সুবিশাল।
১৫ মে চোখের সামনে দেখেছি গাড়ি থেকে নেমে লালগালিচায় উঠলেন হলিউড অভিনেত্রী জুলিয়ান মুর। আশপাশ থেকে মানুষজন চিৎকার জুড়ে দিয়েছে–‘জুলিয়ান! জুলিয়ান!’ লালগালিচায় পা রাখতেই যথারীতি তাঁকে ছেঁকে ধরেছেন অপেক্ষমাণ আলোকচিত্রীরা।
জুলিয়ানকে দেখছি হাসিমুখে এগোচ্ছেন। ঘুরেফিরে সময় দিচ্ছেন আলোকচিত্রীদের। কাউকে কাউকে থিয়েটারে ওঠার সিঁড়ি অবধি অনুসরণ করেন আলোকচিত্রীরা। তারকারাও জানেন, বিশ্বের সব সামনের সারির মিডিয়াকে একযোগে কাছে পাওয়ার এটাই মাহেন্দ্রক্ষণ।
এবারের কান চলচ্চিত্র উৎসবে এরই মধ্যে লালগালিচায় দেখা গেছে জেন ফন্ডা, নিকোল কিডম্যান, কেট ব্ল্যানচেট, অঁদ্রে ততু, গং লির মতো বড় মাপের অভিনেত্রীদের। মনে হচ্ছে, সামনের দিনগুলোতে আরও বড় চমক আসছে কান উৎসবের লালগালিচায়। সেই চমকের তালিকায় থাকতে পারেন এমনকি ইতালিয়ান সিনেমা কিংবদন্তি সোফিয়া লোরেনও।
বৈচিত্র্যের দিন: কান উৎসব মূলত গর্ব করে তার বৈচিত্র্য আর বহুমুখিতা নিয়েই। গতকাল ছিল সেই বৈচিত্র্য আর বহুমাত্রিকতার একটা দিন। কাল উৎসবে উদ্বোধনী প্রদর্শনী হয়েছে ফ্রান্সের সাঁ লরেন ছবির। বারত্রাঁ বনেলো পরিচালিত এই ফরাসি ছবি এবার লড়ছে পাম দ’র জয়ের লড়াইয়ে। ছিল আর্জেন্টিনা ও স্পেনের যৌথ প্রযোজনায় নির্মিত ছবি ওয়াইল্ড টেলস-এর প্রদর্শনী।
দেশের প্রধানমন্ত্রীকে খুন করে পালিয়ে বেড়াচ্ছে এক খুনি—এমন গল্প নিয়ে তৈরি আইভরি কোস্টের ছবি রান নজর কেড়েছে সমালোচকদের। এই ছবি আছে আনসার্টেন রিগার্ড বিভাগে। তুরস্ক থেকে আসা প্রতিযোগিতা বিভাগের ছবি উইন্টার স্লিপ-এর সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছবির কলাকুশলীরা। অবসর নেওয়া এক অভিনেতার জীবন নিয়ে তৈরি হয়েছে এই ছবি।
এ ছাড়া ‘কানস ক্লাসিকস’ শাখায় ছিল ফ্রাঁসোয়া ত্রঁুফোর দ্য লাস্ট মেট্রো ছবির প্রদর্শনী। প্রদর্শিত হয়েছে সের্গিও লিওনের সাড়া জাগানো ছবি দ্য গুড, দ্য ব্যাড অ্যান্ড দি আগলি।