লালন আখড়াবাড়িতে সঞ্চরণোৎসব শুরু
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর গ্রাম থেকে রাহেলা বেগম এসেছেন কুষ্টিয়ার ছেঁউড়িয়ায়, লালন আখড়াবাড়িতে। সঙ্গে ১৫ জন ভক্ত। তাঁদের নিয়ে গতকাল শনিবার বিকেলে আখড়াবাড়ির ভেতর ঘুরছিলেন বসার জায়গার জন্য। ভেতরে তিল ধারণের জায়গা নেই। এবারের ভক্তদের বিপুল সমাগম। উৎসবমুখর হয়ে উঠেছে আখড়াবাড়ি।
গতকাল আখড়াবাড়িতে আনুষ্ঠানিকভাবে পাঁচ দিনব্যাপী লালন সঞ্চরণোৎসব শুরু হয়েছে। তবে একদিন আগে গত শুক্রবার থেকেই বাউল, সাধু আর ফকিরেরা তাঁদের আচার পালনের মাধ্যমে সাঁইজির স্মরণের কাজ শুরু করেছেন।
সারা দিন প্রচণ্ড রোদের মধ্যেও গান থেমে নেই। ভক্তদের নিয়ে বাউল সাধুরা গান গেয়ে চলেছেন, ‘সব লোকে কয় লালন কি জাত সংসারে’, ‘সময় গেলে সাধন হবে না’, ‘তিন পাগলে হলো মেলা’ এমন অসংখ্য গান। আখড়াবাড়ির পুরো এলাকা যেন বাউলদের ছোট ছোট বাড়িতে পরিণত হয়েছে। মাজার প্রাঙ্গণ ছাড়াও সামনের বিশাল প্রান্তরে আসন পেতেছেন দেশের নানা প্রান্ত থেকে আসা লালন-ভক্তরা। বাউলেরা জানান, সারা বছর অপেক্ষায় থাকেন এই দিনটির জন্য। সাঁইজির বাড়িতে আসার জন্য। অনেকে একে অপরকে দেখে আনন্দে গলা জড়িয়ে ধরছেন।
সন্ধ্যা সাড়ে সাতটায় মূল মঞ্চে কুষ্টিয়া-৩ আসনের সাংসদ মাহবুব উল আলম আনুষ্ঠানিকভাবে সঞ্চরণোৎসবের উদ্বোধন করেন। প্রধান আলোচক ছিলেন অধ্যাপক রবীন্দ্রনাথ বিশ্বাস। সভাপতিত্ব করেন লালন একাডেমির সভাপতি ও কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন। অনুষ্ঠান ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি রয়েছে।
লালনসাঁই জীবিত থাকাকালে দোল পূর্ণিমা তিথিতে ছেঁউড়িয়ার কালি নদীর পাড়ে আখড়াবাড়িতে শিষ্যদের নিয়ে গানের আসর বসাতেন। সেই আসরের ধারাবাহিকতা আজও চলে আসছে।