লালন এবার পাগল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাগল, ব্যান্ড লালনের নতুন অ্যালবাম। বাংলা নববর্ষ উপলক্ষে সাউন্ড মেশিন থেকে অ্যালবামটি বাজারে এসেছে ৫ এপ্রিল, অডিও সিডি আকারে। দুই দিন পর হলো প্রকাশনা অনুষ্ঠান। রোববার বিকেলে প্রথম আলো কার্যালয়ে আমন্ত্রণ জানানো হয় ব্যান্ড লালনের সদস্যদের। সেদিন এসেছিলেন সুমী (কণ্ঠ), বাপ্পি (গিটার), সালেকিন (গিটার) ও তিতি (ড্রামস)। আরেকজন সদস্য তুর্য (বেস) কোথায়? অন্য সদস্যরা জানালেন, সম্প্রতি তাঁর বিয়ে হয়েছে। নতুন অ্যালবামের কাজ আর প্রকাশনা অনুষ্ঠানের জন্য শ্বশুরবাড়িতে তেমন বেড়ানোর সুযোগ পাননি। এখন নতুন বউ আর শ্বশুরবাড়ি নিয়ে একটু ব্যস্ত আছেন তুর্য। তুর্যকে ছাড়াই শুরু হলো আড্ডা।শুরুতেই এল নাম প্রসঙ্গ। সুমী বললেন, ‘লালনের গান করব, শুরুতে এমনটাই ভেবেছিলাম। আর আমরা লালনের গানের ভক্ত, লালনের অনুসারী। তাঁর গান আর গানের বক্তব্য সবার মাঝে পৌঁছে দেওয়ার জন্যই কাজ করছি আমরা। সে কারণেই নামটি ব্যান্ড লালন। তবে আমরা লালনের গানের পাশাপাশি অন্য গানও করছি। আমাদের মৌলিক গানও রয়েছে। আমাদের অ্যালবামগুলো দেখে তা বুঝতে পারবেন।’তিতি বললেন, ‘আমাদের লোকগান অনেক সমৃদ্ধ। শুধু লোকগান নিয়েই কাজ করব—শুরু থেকে সিদ্ধান্তটা তেমনই ছিল। লালনের গানের ভান্ডার অনেক বড় আর তাতে শ্রোতাদেরও যথেষ্ট আগ্রহ রয়েছে। সে কারণে লালনের গানই আমরা বেশি করছি। পাশাপাশি অন্য গানও থাকছে।’লালন ব্যান্ডের শুরুটা হয়েছিল ২০০৬ সালে। এরপর এসেছে তাদের দুটি অ্যালবাম বিপ্রতীপ (২০০৭) ও ক্ষ্যাপা (২০১০)।অ্যালবামের নাম ‘পাগল’ কেন? সুমী বললেন, ‘আমাদের সবার মাঝে কমবেশি পাগলামি আছে। মানুষ তার একান্ত চাওয়া, ভালো লাগা কখনোই নিজের মতো করে প্রকাশ করতে পারে না। এই অ্যালবামে আমরা আমাদের সব ভালো লাগা ও চাওয়াগুলোকে উপস্থাপনের চেষ্টা করেছি। আর এ কারণেই অ্যালবামের নাম দিয়েছি ‘পাগল’।’ অ্যালবামে পাগল নামে একটি গান রয়েছে। সুমী বললেন, ‘গানের ভাষায় পাগল ছাড়া দুনিয়া চলে না—এই সত্য তুলে ধরা হয়েছে গানটিতে। আমরা সবাইকে অনুরোধ করব, গানগুলো শুধু শোনা নয়, গানের বক্তব্যগুলো বোঝার চেষ্টা করুন। আপনি খুঁজে পাবেন সেই মানুষকে, যাকে আপনি নিজেই অন্ধকারে বন্দী করে রেখেছেন। আমাদের এই অ্যালবামের উদ্দেশ্য নিজেকে খোঁজা ও নিজেকে খুঁজে পাওয়া।’নিজেদের আগের দুটি অ্যালবাম প্রসঙ্গে তিতি বললেন, ‘বিপ্রতীপ যেহেতু প্রথম অ্যালবাম, তাই সেখানে শ্রোতাদের সঙ্গে নতুন একটি ব্যান্ডকে পরিচয় করিয়ে দেওয়ার ব্যাপার ছিল। তবে ক্ষ্যাপা ব্যান্ড লালনকে শ্রোতাদের কাছে তুলে ধরেছে। শ্রোতারাও এই অ্যালবামের গানগুলো যথেষ্ট শুনেছেন।’পাগল অ্যালবামে ব্যান্ড লালন গেয়েছে লালন সাঁই ও শাহ আবদুল করিমের গান। সুমী বললেন, ‘আমরা এবার গানের ব্যাপারে অনেক সচেতন ছিলাম। পুরো অ্যালবামে কোনো ত্রুটি রাখতে চাইনি। তাই প্রায় সব গানেরই সংগীতায়োজন একাধিকবার পরিবর্তন করতে হয়েছে।’ লালনের গানের পাশাপাশি ব্যান্ড লালনের মৌলিক কিছু গান পেয়েছে দারুণ জনপ্রিয়তা। এই যেমন—‘এক চোখেতে হাছন কান্দে আরেক চোখে লালন’, ‘মুছে গেছে সব’, ‘তাল-তমালের বনেতে’, ‘ভরা চান্দে এর সঙ্গে’, ‘ভুলে মায়া ছেড়েছি ঘর’, ‘দু কুল’। সন্ধ্যা হওয়ার তখনো অনেক সময় বাকি। কিন্তু আকাশে মেঘ করেছে। কিছুক্ষণের মধ্যেই হয়তো বৃষ্টি আসবে। তার আগে দিনের আলোয় ছবি তুলতে হবে। আলোকচিত্রী কবির হোসেনের অনুরোধে বাধ্য হয়ে আড্ডা সংক্ষিপ্ত করতে হলো। ব্যান্ড লালনের সঙ্গে আবারও কথা হবে, অন্য কোনো প্রসঙ্গ নিয়ে। অন্য সদস্যরা আশা প্রকাশ করলেন, সবার সঙ্গে সেই আড্ডায় থাকবেন তুর্যও। থাকবেন ছবিতেও।