সবে শেষ করেছেন লালন নিয়ে ছবি মনের মানুষ-এর বাংলাদেশ অংশের কাজ। এমন সময়েই ভারতের খ্যাতিমান নির্মাতা গৌতম ঘোষ এসেছিলেন প্রথম আলো কার্যালয়ে। সঙ্গে ছিলেন ছবির কলাকুশলীদের কয়েকজন। পড়ুন বিস্তারিত
লালন নিয়ে সারা বেলা
আলাপের মাঝখানে বেমক্কা এক প্রশ্ন—লালনের বেশে প্রসেনজিৎ কেন? যাকে বলে মোক্ষম প্রশ্ন। কে না জানে, প্রসেনজিৎ পুরোদস্তুর বাণিজ্যিক ছবির মানুষ। খালি হাতেই ডজনখানেক গুন্ডা-বদমাশকে শায়েস্তা করেন। অহংকারী নায়িকার বাবার বাড়ি গিয়ে কাঁপা কাঁপা গলায় কঠিন বক্তব্য দেন। পর্দায় তিনি ঘুষি হাঁকালেই ঢিসুম-ঢুসুমজাতীয় শব্দ হয়। রংচঙে জামা গায়ে বনবাদাড়ে কিংবা রাস্তাঘাটে যখন-তখন নৃত্যগীতে তিনি সিদ্ধহস্ত। এহেন ‘নায়ক’ কিনা করবেন লালনের চরিত্র! ভড়কে যাওয়ার বদলে প্রশ্নটা যেন লুফে নেন গৌতম ঘোষ, ‘প্রসেনজিৎকে’ কেন? এটি একটি দুর্দান্ত প্রশ্ন এবং খুব স্বাভাবিক প্রশ্ন। আমি যখন প্রসেনজিতের কথা ভেবেছিলাম তখন আমার স্ত্রী, মেয়ে সবাই অন্যদিকে তাকিয়ে ছিল। যেন আমাকে চেনে না। আমার মনে হয়, সারা পৃথিবী অবাক হয়ে গিয়েছিল, আমি প্রসেনজিৎকে দিয়ে লালন করাচ্ছি শুনে। ওর অভিনয়ক্ষমতা বা অভিজ্ঞতা নিয়ে নয়, ওর চেহারাটাই আসলে লালনের জায়গায় কেউ ভাবতে পারছিল না। কিন্তু দীর্ঘদিনের অভিজ্ঞতায় অন্তত একটা জিনিস মনে হয় আমি শিখতে পেরেছি, তা হলো ভিজুয়ালাইজ করা। আমি মূলত ওকে নিয়েছি কয়েকটি কারণে। ওর চোখ দুটির মধ্যে আলাদা একটা ভাব আছে। যদি আলাদা করে দেখা যায়, খুব এক্সপ্রেসিভ চোখ। চিত্রনাট্যে লালনের বেশ কয়টা বয়স আছে—তরুণ লালন, বৃদ্ধ লালন। আমার মনে হয়েছে, ওর যে চেহারা, আমি যদি ওকে পরিবর্তন করাতে পারি, সব বয়সেই ও মানিয়ে যাবে। তবে ওকে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। দাড়ি রাখতে হবে। চুল বড় রাখতে হবে। তার জন্য তিন-চার মাস ও কোনো কাজ করতে পারবে না। ও পুরো পাঁচ মাস শুধু এটা নিয়ে পড়ে ছিল। একতারা বাজানো শিখতে বলেছি, মাটিতে শুতে বলেছি। বলেছি মাটিতে বসে খেতে ও নিরামিষ খেতে। আমি যা বলেছি, অক্ষরে অক্ষরে ও তা পালন করেছে। শুধু পেশাদারেরাই এ রকম পারে। ফলে প্রসেনজিৎকে নিয়েছি এবং আমি ওর কাজে খুবই খুশি।’ সর্বভারতের খ্যাতিমান এই নির্মাতা যে একটুও বাড়িয়ে বলেননি, সেটা আমরা বুঝে ফেলি খানিক পরই। অচিরেই ল্যাপটপ হয়ে প্রজেক্টর মারফত বড় পর্দায় দৃশ্যমান হন লালনরূপী প্রসেনজিৎ। কাঁধ পর্যন্ত পাকা বাবরি চুল। হাতে লাঠি। বয়সের ভারে নুয়ে পড়া শরীর। শুধু চোখ দুটি কী ভীষণ ভাষাময়! এতক্ষণ খুব সাদাসিধে ভঙ্গিতে কথা বলে চলা মানুষটিকে এবার মনে হয়, সত্যিই এক জাদুকর! সিনেমার জাদুকর! সবার চোখের বিস্ময়টি পড়ে নিতে সম্ভবত অসুবিধা হয় না মনের মানুষ ছবির পরিচালকের। তিনি বলতে শুরু করেন প্রসেনজিৎকে লালন বানিয়ে তোলার পেছনের কথা। প্রথম আলোর সভাকক্ষে আমরা সবাই ঘিরে ধরেছি নির্মাতা গৌতম ঘোষকে। সঙ্গে আছেন তাঁর সহধর্মিণী নীলাঞ্জনা ঘোষ, ছবির বাংলাদেশি প্রযোজক হাবিবুর রহমান, অভিনেত্রী চম্পা, রোকেয়া প্রাচী, তাথৈসহ আরও মানুষজন। মনের মানুষ ছবির সূত্রে লালনের ঘোর তখনো লেগে আছে তাঁর চোখ-মুখে। সদ্য শেষ হয়েছে লালনকে নিয়ে তৈরি ছবি মনের মানুষ-এর কাজ। বলছিলাম সপ্তাহখানেক আগের সেদিন দুপুরের কথা। গৌতম ঘোষ শুরুটা করেছিলেন লালন দিয়েই। ‘আমি একটা ঘোরের মধ্যে আছি। একটা ছবির কাজ এখন সবে শেষ করেছি। সেই ঘোরটা এখনো কাটে নাই। ’ এরপর গৌতম ঘোষ শুরু করেন তাঁর লালনকে নিয়ে ছবি বানাতে আগ্রহী হওয়ার গল্প। আজ থেকে ১৯ কি ২০ বছর আগে তিনি তৈরি করেছিলেন যৌথ প্রযোজনার ছবি পদ্মা নদীর মাঝি। ছবিটির বাংলাদেশি প্রযোজক ছিলেন হাবিবুর রহমান। পদ্মা নদীর মাঝি তৈরি হওয়ার পর থেকেই হাবিব বারবার তাগাদা দিয়েছেন গৌতমকে। গৌতম ঘোষেরও মনের বাসনা ছিল আরেকটা ছবি করার। এমন একটা ছবি, যেটা হবে পুরোপুরি বাঙালির ছবি। নয়তো বাংলাদেশ কেন? কিন্তু আজ করি কাল করি করতে করতে আর কাজটা করা হয়ে ওঠেনি তাঁর। এরই মধ্যে ঘটল বাবরি মসজিদ ভাঙার ঘটনা। এ অভূতপূর্ব সহিংসতা দারুণভাবে বিপর্যস্ত করে তাঁকে। ‘বিশ্বজুড়ে যে অসহিষ্ণুতা, এ বিষয়টা অনেক দিন ধরে আমাকে তাড়া করে ফিরেছে। এই নতুন সহস্রাব্দে এসে আমার মনে হচ্ছে, পৃথিবী আরও বেশি অসহিষ্ণু হয়ে উঠছে। একটা পণ্যমুখী সমাজে আমরা ঢুকে পড়ছি। মূল্যবোধের বিরাট পরিবর্তন হচ্ছে। এই সময় আমার মনে হলো, একটা ছবি দরকার, যার মাধ্যমে মানুষকে জানানো যায় সম্প্রীতি আর সহিষ্ণুতা আমাদের বাংলার মাটিতে যুগ যুগ ধরে লুকিয়ে রয়েছে।’ আলাপের এক ফাঁকে গৌতম জানিয়ে দেন, মনের মানুষ লালনকে নিয়ে ছবি। কিন্তু তাই বলে কোনোভাবেই এই ছবিকে লালনের জীবনী বলা যাবে না। ইচ্ছে করলেই শুধু ভারতের প্রযোজককে দিয়ে ছবিটা করানো যেত। কিন্তু সে পথে ইচ্ছে করেই হাঁটেননি গৌতম। ‘আমি বলেছিলাম, বাংলাদেশ ছাড়া এই ছবি হবে না। কারণ এটা পুরোপুরিভাবে বাঙালির ছবি। এবং এটা সমস্ত বাঙালি, বিশ্বজুড়ে যারা রয়েছে, তাদের ছবি। এরপর যদি ছবিটা আন্তর্জাতিকতা পায়, সেটা অন্য প্রসঙ্গ। লালন শুধু সিনেমার চরিত্র তো নয়। এটা আমাদের ইতিহাসের একটা চরিত্র।’ বলতে বলতে একটু বিরতি নেন গৌতম ঘোষ। আজ থেকে বছর কুড়ি আগে এই মানুষটির সঙ্গে এভাবেই এক হয়েছিলেন এপার আর ওপার বাংলার কলাকুশলীরা। তৈরি হয়েছিল পদ্মা নদীর মাঝি। এত বছর পর আবারও তাঁর ডাকে ঠিকই এক হয়েছেন সেই পুরোনো চেনা মানুষগুলোই। সঙ্গে যোগ দিয়েছেন বেশ কিছু নতুন প্রতিভাধর মুখ। দুই বাংলার এই ছবি থেকে বড় কিছু আশা করতে দোষ কী?