লালন স্মরণ উৎসবে গান আর গান
‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’—এ মর্মবাণী সামনে রেখে রোববার কুষ্টিয়ায় শুরু হয়েছে বার্ষিক লালন স্মরণ উৎসব। কুষ্টিয়ার শহরতলি ছেঁউড়িয়ায় লালন মাজার চত্বরে পাঁচ দিনের এ উৎসবে থাকছে আলোচনা, স্মৃতিচারণা, লালনসংগীত পরিবেশন ও লালন মেলা। সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় এ উৎসবের আয়োজন করেছে লালন একাডেমী।আয়োজকেরা জানান, আগে এ স্মরণ উৎসব হতো তিন দিন। কিন্তু লালনের ভক্ত ও অনুসারীদের আগ্রহের কারণে এবার উত্সব দুই দিন বাড়ানো হয়েছে। প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে শুরু করে সারা রাত চলছে অনুষ্ঠান। রোববার সন্ধ্যায় উদ্বোধনের পর সমবেত সংগীত পরিবেশন করেন লালন একাডেমীর বাউলশিল্পীরা। রাতে এ অনুষ্ঠানে আরও গান করছেন দেশের জনপ্রিয় শিল্পীরা। বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত চলবে এ আয়োজন। গতকাল সোমবার সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক নীতিশচন্দ্র সরকার। প্রধান অতিথি ছিলেন ইসলামি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আলাউদ্দীন। অনুষ্ঠানমঞ্চ ছাড়াও লালন মাজারের আশপাশে ও মরা কালী নদীর তীর ধরে বাউলরা ছোট ছোট আস্তানায় লালনকে স্মরণ করছেন গান গেয়ে।