কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় গতকাল বুধবার সন্ধ্যা থেকে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী লালন স্মরণোৎসব। হরতাল-অবরোধ উপেক্ষা করে প্রকৃত সাধু, বাউল ও লালনতত্ত্ব অনুসারীরা জড়ো হয়েছেন লালন মাজার চত্বরে। সন্ধ্যায় আচার পালনের মধ্য দিয়ে অষ্টপ্রহর শুরু হয়। অন্যদিকে, কালী নদীর তীরে মূল মঞ্চে লালন একাডেমির আয়োজনে অনুষ্ঠানের উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ। পুরো এলাকা উৎসবমুখর হয়ে উঠেছে।
ফকির লালন শাহ প্রতি দোলপূর্ণিমা তিথিতে কালী নদীর পাড়ে শিষ্যদের নিয়ে সাধুসঙ্গ করতেন। অষ্টপ্রহরের এই সাধুসঙ্গ ২৪ ঘন্টায় শেষ হতো। এটি এখন পাঁচ দিনের আয়োজনে রূপ নিয়েছে। তবে সাধুরা অষ্টপ্রহর শেষে চলে যেতে থাকেন।
গতকাল দুপুরে লালনের মাজার প্রাঙ্গণ গিয়ে দেখা যায়, মাজারের চারপাশে খোলা জায়গায় ছোট ছোট করে আসন পেতে বসেছেন ভক্তরা। লালনকে স্মরণ করতে সারা দেশ থেকে ছুটে আসছেন তাঁর ভক্তরা।
লালন একাডেমির সভাপতি ও কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনের সভাপতিত্বে সন্ধ্যা সাতটায় মূল মঞ্চে আলোচনা হয়। এখানে আলোচক ছিলেন লালন মাজারের প্রধান খাদেম মহাম্মদ আলী শাহ। রাত নয়টার পর লালন একাডেমির শিল্পীরা
গান পরিবেশন করেন। চলে মধ্যরাত পর্যন্ত।