লালনকে কাছে পেয়ে খুশি হাওরের মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একদিকে নয়নজুড়ানো সৌন্দর্য নিয়ে বিশ্বঐতিহ্য টাঙ্গুয়ার হাওর, অন্যদিকে শনির হাওর। হাওরের মাঝখানে দ্বীপের মতো দাঁড়িয়ে তাহিরপুর উপজেলা সদর। সদরে সরকারি কিছু দালান আর কিছু দোকানপাট। বিষয়টি নিয়ে মফস্বলের ছোট্ট এই ‘ভিলেজ টাউন’জুড়ে কয়েকদিন ধরেই জল্পনা-কল্পনা ছিল। হাওরে আসবেন ওপার বাংলার প্রখ্যাত অভিনেতা প্রসেনজিত্। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহলের সীমা ছিল না। তবে অনেকের মনেই দ্বিধা ছিল। এর আগে হাওরাঞ্চলে এ রকম কেউ কখনো আসেনি, তাই। যেখানে জেলা শহর থেকে আসতে সময় লাগে পাক্কা তিন ঘণ্টা। তা-ও মোটরসাইকেলে অনেক কাঠখড় পুড়িয়ে। না হলে নৌকায় নদী-হাওর পাড়ি দিয়ে এই পথের কষ্ট কী তাঁরা সইতে পারবেন? যখন পরিচালক গৌতম ঘোষ এই ‘পথের কষ্ট’ সহ্য করে হাওর-জনপদে পা রাখলেন, তখন দ্বিধা কেটে গেল। তাহলে তিনিও আসবেন। অবশেষে নায়ক প্রসেনজিত্ এলেন। মনের মানুষ ছবির সাধক লালন চরিত্রে শুটিং করলেন। জয় করলেন হাওরপাড়ের মানুষের মন। মনের মানুষ লালনকে কাছে পেয়ে হাওরপাড়ের মানুষও যারপরনাই খুশি।সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের কয়েকটি লোকেশনে গত ৫ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত একটানা শুটিং হলো মনের মানুষ ছবির। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় লালনের জীবনদর্শন নিয়ে ছবিটি নির্মাণ করেছেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষ। অভিনেতা প্রসেনজিত্ হাওরে ছিলেন দুই দিন। ৬ জানুয়ারি সকালেই উপজেলা সদরে এ কান-ও কান হয়ে খবর ছড়িয়ে পড়ে—প্রসেনজিত্ আসছেন। সুনামগঞ্জ শহর থেকে স্পিডবোটে ওপার বাংলার আরেক নায়িকা পাওলিকে নিয়ে রওনা দিয়েছেন। উত্সুক মানুষের ভিড় বাড়ে উপজেলা ঘাটে। কখন আসেন নায়ক-নায়িকা। বেলা ১১টার দিকে স্পিডবোট আসে তাহিরপুরে ঘাটে। বোটে থেকেই পাড়ে দাঁড়ানো তাহিরপুরবাসীকে দুই হাত তুলে নমস্কার জানান প্রসেনজিত্। শত শত মানুষ দুই হাত তুলে এই সালামের জবাব দেয়। এরপর বাকি দুই দিন তিনি মিশে ছিলেন হাওরের মানুষের সঙ্গে। আপন মানুষ হিসেবে। শুটিংয়ের ফাঁকে হাওরের মাঠে হেঁটে হেঁটে গল্প করেছেন সাধারণ জেলে-কৃষকদের সঙ্গে। শুনেছেন হাওরের বাসিন্দাদের জীবনের গল্প। লম্বা চুল আর দাড়ি ছিল তাঁর, যেন সত্যিকার লালন হাঁটছেন হাওরের আল ধরে। কখনো হাওরে নৌকা ছেড়ে গেয়েছেন গান। এই চুল-দাড়ি যে বাড়তি লাগানো নয়, কেউ কেউ তা ছুঁয়ে দেখে মনের সন্দেহ দূর করেছেন। সব শুটিং লোকেশনেই ছিল মানুষের ভিড়। কি হাওরে, কি বাঁওড়ে। সকালে একা একা বাজারে ঘুরে বেড়িয়েছেন গৌতম ঘোষ। চায়ের দোকানে ধুলোমাখা বেঞ্চে বসে করেছেন চা পান, যেন এ জনপদের সঙ্গে, এখানের মানুষের সঙ্গে তাঁর বহুদিনের চেনাজানা।যত দিন শুটিং ইউনিট তাহিরপুরে ছিল, তত দিন একটানা তাঁদের সময় দিয়েছেন উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন। অন্যদের মতো তিনিও খুশি। খুশি মনেই বললেন, ‘আমরা ভাবতে পারিনি গৌতম ঘোষের মতো পরিচালক আর প্রসেনজিতের মতো এমন নামীদামি লোক আমাদের এই অজপাড়াগাঁয়ে আসবেন। আমরা ধন্য। এর আগে ওপার বাংলার তো দূরের কথা, এপার বাংলার কোনো পরিচালক-অভিনেতার পা পড়েনি এখানে। অথচ টাঙ্গুয়ার হাওর দেশে-বিদেশে পরিচিত।’ শিক্ষক সজল বর্মণের কথা, ‘উনারা বড় মানুষ, তাই তাঁদের মনটাও বড়। এই কয়দিনে যেন সবাই আমাদের আপনজন হয়ে গিয়েছিলেন। হাওরের মানুষ সাধক লালনকে (প্রসেনজিত্) কাছে পেয়ে খুবই খুশি।’ এর জবাবে প্রসেনজিত্ বলেন, ‘আমি অভিভূত। এ এক অন্য রকম অভিজ্ঞতা। এখানে জীবন অন্য রকম। খুবই সহজ-সরল হাওরের মানুষেরা। কত সহজেই তাঁরা আমাদের আপন করে নিল। হাওরের সুখস্মৃতি বহুদিন মনে থাকবে।’ আর গৌতম ঘোষ তো বলে গেছেন, তিনি আবার আসবেন। কাজ না থাকলেও হাওরের মানুষের টানে তাঁকে আবার আসতে হবে। শুটিং ইউনিটকে সব ধরনের সহযোগিতা দিয়েছে উপজেলা প্রশাসন। ইউএনও মাহমুদুর রহমান বলেন, ‘তাঁরা অতদূর থেকে এই প্রত্যন্ত অঞ্চলে এসেছেন। আমরা যথাসাধ্য চেষ্টা করেছি সহযোগিতা করার। তা ছাড়া হাওরপাড়ের মানুষেরাই তাঁদের সার্বক্ষণিক সময় দিয়েছেন। পাশে থেকেছেন। তাঁদের পেয়ে হাওরবাসীও ছিল খুশি।’ছবির একটি দৃশ্যে লালন টাঙ্গুয়ার হাওরে ছোট নৌকা ভাসিয়ে উদাস মনে গান করবেন। খোঁজ পড়ে মাঝির। মাঝি নেই। অবশেষে গৌতম ঘোষ স্থানীয় রতনশ্রী গ্রামের এক মাঝিকেই নিয়ে নেন এ দৃশ্যে। মাঝি শামীম মিয়া প্রসেনজিতের সঙ্গে অভিনয় করে মহাখুশি। আনন্দে গদগদ শামীম মাঝি বলেন, ‘আমার লগে মানুষে এখন ছবি তুলে, কয়, তুমি তো মিয়া বিখ্যাত অই গিছ।’ এভাবে একটানা টাঙ্গুয়ার হাওরের বিভিন্ন লোকেশনে মনের মানুষ ছবির শুটিং চলে তিন দিন। এর আগে শুটিং হয়েছে ভারতে। টাঙ্গুয়ার হাওরের শুটিংয়ে অংশ নেন ওপার বাংলার প্রসেনজিত্, পাওলি ধাম, তাথৈ, প্রিয়াংশু; বাংলাদেশের রাইসুল ইসলাম আসাদ, চঞ্চল চৌধুরী, জিসান প্রমুখ।