লালনদর্শন নিয়ে নাটক ‘বারামখানা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পকলা একাডেমীর মহড়াকক্ষের কাছাকাছি পৌঁছাতেই কানে ভেসে এল গান, ‘আর আমারে মারিসনে মা...।’ ভেতরে প্রবেশ করে দেখা মিলল এক দল নাট্যকর্মীর। দলে দলে ভাগ হয়ে বসেছেন তাঁরা। মেলার আয়োজন করা হয়েছে সেখানে। গান, কথা আর পরিবেশ দেখে বুঝতে বাকি রইল না, নাটকের এই দৃশ্যে লালনমেলা দেখানো হবে। বিচিত্র আয়োজন সেখানে। বাউলের আড্ডা থেকে শুরু করে মনোহারি দ্রব্যের বেচাকেনা, এমনকি লালনের আখড়ায় তথাকথিত রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপ।নাটকের দল থিয়েটারের নতুন নাটক বারামখানার মহড়া চলছে। নাটকটি ২২ অক্টোবর দেখতে পাবে দর্শকেরা। তার আগে চলছে চূড়ান্ত প্রস্তুতি। নিয়মিত মহড়া। গতকাল রোববার সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর মহড়াকক্ষে অন্যান্যের সঙ্গে উপস্থিত ছিলেন অভিনেতা রামেন্দু মজুমদার। নাটকে কবিরাজ চরিত্রে অভিনয় করছেন তিনি।রামেন্দু মজুমদার জানালেন, ‘বারামখানা নাটকের প্রেক্ষাপট লালন। লালনদর্শনকে কেন্দ্র করেই গল্প। তবে লালনের সূত্র ধরে গল্পে আমাদের এখানকার মাজারসংস্কৃতি কীভাবে চলছে, তা দেখা যাবে।’ লিখেছেন পান্থ শাহরিয়ার। নাটকটি হবে থিয়েটারের ৪১তম প্রযোজনা।সংলাপের পাশাপাশি বারবার গান শোনা যাচ্ছিল; লালনের পরিচিত বেশ কিছু গান। গল্পে লালনের জীবনকাল থেকে শুরু করে সমকালীন লালনচর্চার বিষয়টি চলে এসেছে। তাই বলতে হবে, বারামখানা একটি বড় ক্যানভাসের নাটক।নির্দেশক ত্রপা মজুমদার জানালেন, ‘নাটকটির অনুপ্রেরণা সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস ‘মনের মানুষ’। বারামখানা নাটকটি লেখার আগে লালনকে নিয়ে গবেষণা করা হয়েছে। তা ছাড়া আমরা কুষ্টিয়া গিয়েছি। সেখানে থেকেছি। আখড়ার মানুষজনের সঙ্গে কথা বলেছি। তাঁদের কাছ থেকে জানার চেষ্টা করেছি। এই নাটকে আমি দেখাতে চেয়েছি, একজন সাধারণ লালন ধীরে ধীরে নানা দর্শন তৈরির মধ্য দিয়ে অমর লালন হয়ে ওঠেন। তাঁর গানের মধ্য দিয়ে যেসব দর্শন প্রকাশ পায়, তার সবই এ নাটকে আনা হয়েছে। তবে এটিকে ঠিক ইতিহাসভিত্তিক নাটক বলতে নারাজ ত্রপা মজুমদার। এখানে তথ্য অনুসন্ধান করা ঠিক হবে না। এখানে অনেক কল্পনাও আছে।’বারামখানা নাটকে অভিনয় করছেন রামেন্দু মজুমদার, পরেশ আচার্য, মারুফ কবির, তানজুম আরা, সেতানুল ইসলাম প্রমুখ।পদাতিকের নতুন নাটক ‘জনমাংক’ কারিগরি মঞ্চায়নঢাকার মঞ্চে আরেকটি নতুন নাটক এল। নাম জনমাংক। গতকাল রোববার রাতে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে নাটকটির কারিগরি প্রদর্শনী হয়। নাটকটি লিখেছেন নাসরীন মুস্তাফা। নির্দেশনা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সংগীত বিভাগের সহকারী অধ্যাপক মীর মেহবুব আলম।বর্তমান বিশ্বের পক্ষ-প্রতিপক্ষের তুমুল দ্বন্দ্ব-সংঘাত এবং দুর্বলের ওপর সবলের আক্রমণের চিত্র তুলে ধরা হয়েছে এ নাটকে। সমুদ্রবেষ্টিত এক জনপদে দুর্বল পক্ষকে মৃত্যুকূপে ঠেলে দিয়ে সবল পক্ষটি বেঁচে থাকে। কিন্তু এখানে নেই জীবনের ছন্দ। সবাই অনুভব করে নিঃসঙ্গতা। সময়ের আবর্তে তাদের মধ্যে মানবতাবোধ জেগে ওঠে।শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে ২৫ অক্টোবর নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হবে।