লালনমেলায় মুগ্ধ সন্ধ্যা
লালনের অনুসারীরা অমৃতের সন্ধান খুঁজে পান লালনের গানে। পাগলা বাবলুও অমৃত খুঁজছেন লালনের গানে। কুষ্টিয়ায় লালনের আখড়ায় ২৮ বছর ধরে গান করছেন তিনি। ঢাকায় এসে গড়েছেন ‘লালন চর্চা কেন্দ্র’। দেশ-বিদেশের বিভিন্ন বয়সী মানুষ এখানে লালনচর্চা করছে। লালনের গান নিয়ে পাগলা বাবলু লালনমেলা নামে একক অ্যালবাম বের করেছেন। গতকাল বুধবার বিকেলে শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে পাগলা বাবলুর অ্যালবামটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। লালন মেলা পরিষদ আয়োজিত অনুষ্ঠানে অ্যালবামের মোড়ক উন্মোচনের পর সন্ধ্যায় লালনের গান পরিবেশন করে শিল্পীরা মুগ্ধ করেন দর্শকদের। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান, কামাল লোহানী, মুহাম্মদ নুরুল হুদা। সভাপতিত্ব করেন লেজারভিশনের চেয়ারম্যান এ কে এম আরিফুর রহমান। দ্বিতীয় পর্বে বাউলেরা গেয়ে শোনান ‘প্রেমেরই রাসুল’, ‘খাঁচার ভিতর অচিন পাখি’, ‘যার যার ধর্ম’, ‘জানতে হয় আদম’, ‘শুদ্ধ প্রেম রসিক বিনে’, ‘এমন সমাজ কবে হবে’, ‘আপনার আপনি’সহ আরও অনেক গান।অলক্ত সাহিত্য পুরস্কার ঘোষণা২০০৯, ’১০ ও ’১১ সালের অলক্ত সাহিত্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। কথাসাহিত্য, অনুবাদ, কবিতা ও গবেষণায় যথাক্রমে বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর, মোবারক হোসেন খান, মোহাম্মদ রফিক ও ইসরাইল খান এ পুরস্কার পেয়েছেন। অলক্ত-এর সম্পাদক তিতাশ চৌধুরী জানান, জাতীয় ভিত্তিতে সাহিত্যক্ষেত্রে গবেষণা, মৌলিক সৃজনশীল পরিশীলিত বা আদর্শবাদী প্রবণতা অথবা অভিন্ন আঙ্গিকে নির্মিত জীবনবাদী সাহিত্যকর্মের জন্য প্রতিবছর অলক্ত সাহিত্য পুরস্কার দেওয়া হয়। সিলেটে ‘শাহ আবদুল করিম স্মৃতিসম্ভার প্রদর্শন’ শেষ সিলেট প্রতিনিধি জানান, শিল্পকলা একাডেমীর চিত্রশালায় আয়োজিত ‘বাউলসম্রাট শাহ আবদুল করিম স্মৃতিসম্ভার প্রদর্শন’ অনুষ্ঠান শেষ হয়েছে। গতকাল সন্ধ্যা সাতটায় আলোচনা সভার মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ কর্মসূচি শেষ হয়।শাহ আবদুল করিম পরিষদের উদ্যোগে এবং শিল্পকলা একাডেমীর সহযোগিতায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভেন্দু ইমাম। বক্তব্য দেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম, তুষার কর, অনিল কৃষাণ সিংহ, মাহবুবুজ্জামান চৌধুরী, গোলাম রাজ্জাক চৌধুরী, অধ্যাপক আবু কায়েস মাহমুদ প্রমুখ। স্বাগত বক্তব্য দেন সুমন কুমার দাশ।আলোচনা সভা শেষে বাউলসম্রাটের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রকাশিত পোস্টারের মোড়ক উন্মোচন করেন আমন্ত্রিত অতিথিরা।ফরিদপুরে ‘সুরের গুরু দাও গো সুরের দীক্ষা’ফরিদপুর অফিস জানায়, আজ বৃহষ্পতিবার ফরিদপুরের সংগীতাচার্য গুরু করুণাময় অধিকারীর ৭৯তম জন্মদিন উপলক্ষে ‘সুরের গুরু দাও গো সুরের দীক্ষা’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সাংস্কৃতিক সংগঠন হিন্দোল সংগীত একাডেমি, ফুলকি, অগ্নিবীণা ও বঙ্গবন্ধু শিশুনিকেতন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করেছে। বিকেল পাঁচটায় ফরিদপুর শহরের পৌর মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে আলোচনা সভা, সম্মেলক ও একক গান এবং নাচ পরিবেশন করা হবে।