লালনের গান করলেন মেহরীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আধুনিক এবং পপ ধাঁচের গান করেন মেহরীন। এবার তিনি গাইলেন লালনের গান, ‘খাঁচার ভিতর অচিন পাখি’। মেহরীন বললেন, ‘আমি ছিলাম আব্বাসউদ্দীন আহমেদ সংগীত একাডেমীর ছাত্রী। ১৯৯০ সাল থেকে পাঁচ বছর গান শিখেছি এখানে। এই প্রতিষ্ঠানে আমি আবদুল লতিফ স্যারের কাছে লালনের এই গানটি প্রথম শিখেছি। আরও অনেক লোকগান শেখা হয়েছে, কিন্তু কোথাও গাওয়ার সুযোগ হয়নি। এবার সাগর ভাইয়ের (ফরিদুর রেজা সাগর) অনুরোধে লালনের গানটি গেয়েছি।’চ্যানেল আই ও ইটিভি বাংলার যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে ৫০০ পর্বের ধারাবাহিক রোশনি। মেহরীনের গাওয়া গানটি এই ধারাবাহিকে ব্যবহার করা হবে। মেহরীন জানান, ভারতের পশ্চিমবঙ্গের ভূমি ব্যান্ডের অন্যতম সদস্য সুরজিৎ দিন সাতেক আগে ঢাকায় আসেন। তখন চ্যানেল আই স্টুডিওতে গানটিতে কণ্ঠ দেন মেহরীন। গানটির সংগীত আয়োজন করেছেন সুরজিৎ। রোশনি ধারাবাহিকের শিরোনাম গানে কণ্ঠ দিয়েছেন জেমস। ওই গানটিরও সুর আর সংগীত পরিচালনা করেছেন সুরজিৎ।