লালনের গান নিয়ে সালমা
সালমা লালনের গানই বেশি করতেন। ‘ক্লোজআপ ওয়ান তোমাকে খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতায় প্রথম হওয়ার পর তাঁর সেই পরিচয় চাপা পড়ে যায় অনেকটাই। গত চার বছরে সালমার পাঁচটি একক অ্যালবাম বাজারে এসেছে। তবে সব কটিই ছিল লোকগানের অ্যালবাম। এবার আর লোকগান নয়। সালমার নতুন অ্যালবামটি লালনের গান নিয়ে। সালমা বললেন, ‘লালনের গান নিয়ে অ্যালবাম করার ইচ্ছাটা শুরু থেকেই ছিল। কিন্তু নানা কারণে তা হয়নি। তবে এবার আমি লালনের গানের অ্যালবামই করব।’ সালমা জানালেন, নতুন অ্যালবামে তিনি লালনের প্রচলিত কোনো গান করছেন না। লালনের গানের বই থেকে একেবারেই অপ্রচলিত ১০টি গান বাছাই করেছেন। এ ব্যাপারে তাঁকে সহযোগিতা করছেন শফি মণ্ডল। সালমা বললেন, ‘ঘুরেফিরে লালনের খুব পরিচিত কয়েকটি গানই সবাই করে। কিন্তু এর বাইরেও লালনের আরও অনেক গান আছে। যত দূর জানতে পেরেছি, সেগুলোর সুরও নাকি অনেকের জানা নেই। তাই আমি গুরু শফি মণ্ডলের কাছ থেকে সহযোগিতা নিচ্ছি। এ পর্যন্ত তাঁর কাছ থেকে পাঁচটি গান কণ্ঠে তুলেছি। বাকিগুলোর কাজও হচ্ছে।’