লালনের গানে আমেরিকান লালনগবেষককে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জার্মান গবেষক হানা রুথ থমসন
জার্মান গবেষক হানা রুথ থমসন

‘বাড়ির পাশে আরশীনগর’—বাউল শাহ আলম দেওয়ানের কণ্ঠে লালন ফকিরের এই গানটির মধ্য দিয়ে শুরু হয়েছিল স্মরণসভা। বহু বছর আগে লালনের গানে মুগ্ধ হয়ে বাংলা ভাষা শেখা শুরু করেছিলেন যুক্তরাষ্ট্রের লালনগবেষক ড. ক্যারল সলোমন, তাঁকে স্মরণ করেই এই সভা। শুরুতে লালনের গান অনুবাদ ও তাঁর জীবন নিয়ে গবেষণা করতে বাংলাদেশে দীর্ঘদিন ছিলেন তিনি। পরে লালনকে বিশ্বদরবারে ছড়িয়ে দিতে বিদেশিদের বাংলা শেখাতে শুরু করেন। ২০০৯ সালের ১৩ মার্চ এক সড়ক দুর্ঘটনায় যুক্তরাষ্ট্রে তিনি মারা যান।
শুক্রবার বিকেল সাড়ে চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার হলে তাঁকে স্মরণের আয়োজন করেছিল ভাবনগর ফাউন্ডেশন। সলোমনের গবেষণাকর্মের ওপর একটি প্রামাণ্যচিত্রসহ বক্তৃতা উপস্থাপন করেন লোকশিল্প গবেষক সাইমন জাকারিয়া।
জার্মান গবেষক ও লন্ডন বিশ্ববিদ্যালয়ের বাংলা ব্যাকরণবিশারদ হানা-রুথ থমসন বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে বাংলা এবং বাংলাদেশকে ভালোবাসি। তাই এই দেশে থেকে কাজ করতে চাই। বাংলা ভাষার ব্যাকরণ নিয়ে কাজ করতে পেরে আমি খুব গর্বিত এবং আমি মনে করি বাংলা ভাষাটা খুবই মিষ্টি ও সুন্দর। কিন্তু বিদেশিদের বাংলা শেখার জন্য কোনো পদ্ধতিবিদ্যা বাংলাদেশে দেখি না। আমি বাংলাদেশে থেকে সেই কাজটি করতে পারলে ভীষণ আনন্দিত হব।’

সলিমুল্লাহ খান বলেন, ‘দেশকে বোঝার জন্য দেশের ভেতরেই রয়েছে শিকড়। আর সেই শিকড় হচ্ছে লালন। তিনি ছিলেন রাজা রামমোহন রায়ের সমসাময়িক। তাঁর মতো অসাম্প্রদায়িক ব্যক্তি তৎকালীন সময়ে ছিল না বললেই চলে।’
সভায় আরও বক্তব্য দেন সাইমন জাকারিয়া, অধ্যাপক শোয়াইব জিবরান, অধ্যাপক হাকিম আরিফ, কবি মিহির মুসাকী এবং অনুষ্ঠানের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনারারি অধ্যাপক সৈয়দ আকরম হোসেন।
স্মরণসভায় উপস্থিত বক্তাদের কথার ফাঁকে ফাঁকে বাউল রবিউল হক, অনিমা মুক্তি গোমেজ, অন্তর সরকার ও হীরক সরকারের কণ্ঠে ছিল লালনের গান।
মনিরা ইসলামের কণ্ঠে ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ গানটি দিয়ে স্মরণসভা শেষ হয়।