লালনের গানে ওঁরা দুজন
এএকজন আনুশেহ আনাদিল, অন্যজন সুমী। প্রথমজন বাংলা আর দ্বিতীয়জন লালন ব্যান্ডের। তাঁদের গান, গান গাওয়ার ঢং, পরিবেশনার রীতি, যোগাযোগ, পরিকল্পনা—কোথাও কোনো মিল নেই, সবই আলাদা। কিন্তু একটি জায়গায় মিল তাঁদের—দুজনই ফকির লালন শাহের গান করেন। লালনের গান এ সময়ের শ্রোতাদের কাছে জনপ্রিয় করতে তাঁরা ইতিবাচক ভূমিকা রেখেছেন।২০ নভেম্বর সন্ধ্যায় তাঁদের দুজনকে একসঙ্গে পাওয়া গেল বনানীর আনুশেহর স্বামী ও বাংলা ব্যান্ডের অন্যতম সদস্য বুনোর স্টুডিওতে। ওখানে তখন আরও ছিলেন তন্ময় বোস—ভারতের প্রখ্যাত তবলাশিল্পী। দেশ টিভিতে ঈদের দিন রাতে আয়োজন করা হয়েছিল দুই বাংলার বাউলদের নিয়ে গানের অনুষ্ঠান। এ উপলক্ষে আমন্ত্রণ জানানো হয়েছিল তাঁকে। দুই বাংলার বাউলদের নিয়ে তিনি ভারত, বাংলাদেশ এবং বিশ্বের বিভিন্ন দেশে নানা অনুষ্ঠান আয়োজন করছেন।আনুশেহ জানালেন, এখন তাঁরা বাউল অ্যান্ড বিয়ন্ড নামের একটি অ্যালবাম তৈরির কাজ করছেন। চলতি বছর ২১ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয়েছিল বাউল গানের আসর ‘বাউল অ্যান্ড বিয়ন্ড’। এখানে অংশ নিয়েছিলেন তন্ময় বোসের তালতন্ত্র, যুক্তরাষ্ট্রের জ্যাজ গানের দল জ্যাজমিন, বাংলা আর কুষ্টিয়ার বাউলেরা। সেই অনুষ্ঠানের গানগুলোই এখন অ্যালবাম আকারে বের করা হবে। আর এ কাজ নিয়েই ব্যস্ত এখন তাঁরা। সুমীর গানও রাখা হচ্ছে অ্যালবামে।গানের ফাঁকেই কথা এগোয়।শুরুতেই গোড়ার কথা—লালনের গানের সঙ্গে যোগাযোগ হওয়ার প্রথম দিকের গল্প। আনুশেহ বললেন, ‘পড়াশোনার জন্য অনেক দিন দেশের বাইরে থেকেছি। একসময় কানাডায় স্থায়ীভাবে থাকার সম্ভাবনাও সৃষ্টি হয়েছিল। ওই সময় আমার মধ্যে নানা ধরনের প্রশ্ন সৃষ্টি হতো—আমি কে? কোথা থেকে এসেছি? সামনে কী হবে? গান লেখার চর্চা ছিল। সেই ভাবনার জায়গা থেকে গান লিখতাম। একসময় দেশে চলে আসি। বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করি। বিবি রাসেলের প্রতিষ্ঠানে কাজ করার সময় আবদুর রব ফকির ও কাঙ্গালিনী সুফিয়ার সঙ্গে পরিচয় হয়। তাঁদের মাধ্যমে একটা নতুন জগতের সঙ্গে আমার পরিচয় হয়। অর্ণবের সঙ্গে ছোটবেলা থেকেই যোগাযোগ ছিল। মাঝে বুনোর সঙ্গে দেখা হয়। তখন ও উজান ব্যান্ডের সঙ্গে ছিল। হাসন রাজার গানই ওরা বেশি করত। কাকতালীয়ভাবে কুষ্টিয়ায় লালনের আখড়ায় এক উৎসবে আমাদের তিনজনেরই দেখা হলো। আবদুর রব ফকির এসে আমাদের জিজ্ঞেস করলেন, তোমরা লালনের কোনো গান জানো? আমি শুধু দুটো গান জানতাম, “সহজ মানুষ” আর “খাঁচার ভিতর অচিন পাখি”। তিনি আমাদের মঞ্চে উঠে গান করার জন্য ডাকলেন। কোনো প্রস্তুতি ছাড়াই মঞ্চে দাঁড়িয়ে গেলাম। তখনো আমাদের কোনো ব্যান্ড হয়নি। আমি গান করছি, পেছনে অর্ণব আর বুনো বাজাচ্ছে। মজা পেয়ে গেলাম। ঢাকায় ফিরে প্রায়ই বাসায় আমরা একসঙ্গে বসতাম, চর্চা করতাম। তখন আমাদের সঙ্গে আরও অনেক বন্ধু এসে যোগ দেয়।’তা হলে বাংলা ব্যান্ডের শুরুটা কবে হলো? আনুশেহ বললেন, ‘বুনোর খালু একবার ভারতের কলকাতা বইমেলার সঙ্গে যুক্ত ছিলেন। ওই বছর মেলার থিম কান্ট্রি ছিল বাংলাদেশ। আমরাও সেখানে গান করার সুযোগ পাই। মঞ্চের পেছনে আমি ও অর্ণব মিলে লিখেছিলাম “বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু বাংলার স্থল, পূর্ণ হউক”। মঞ্চে ওঠার পর অনেকেই আমাদের ব্যান্ডের নাম জিজ্ঞেস করেন। কিছুদিন আগে বাসায় একবার গান করার সময় নাম নিয়ে কথা হয়েছিল। আমি মঞ্চের পেছনে টাঙানো ব্যানারের দিকে তাকালাম। কোনো কিছু না ভেবেই বললাম, বাংলা। ওটা ছিল আমাদের তিনজনের দ্বিতীয় কনসার্ট। তবে বাংলা নামে প্রথম। সেখানেও আমরা লালনের গানই করেছিলাম।’অনেকক্ষণ চুপ ছিলেন সুমী। বললেন, ‘আমাদের বাড়ি বরিশাল। শুনেছি, আমার বাবা, দাদা এবং তাঁর বাবা জারিগান করতেন। সন্ধ্যার পর বাড়ির বৈঠকখানায় জারিগানের আসর বসত। কিন্তু তাঁরা কেউই পেশাদার ছিলেন না। বাবার চাচা অবশ্য পরে জারিগানের নামী শিল্পী হয়েছিলেন। আমার বাবা আমজাদ হোসেন খান রেডিওতে পল্লিগীতি করতেন। আবদুল আলীমের খুব কাছের মানুষ ছিলেন তিনি। পাঁচ বছর বয়স থেকে আমি গান করি। রেডিওর নিয়মিত শিল্পী ছিলাম। বাবার কাজের কারণে আমরা থাকতাম খুলনায়। বাসায় পড়াশোনার চেয়ে গানের দিকেই বেশি জোর দেওয়া হতো। এ নিয়ে মাকে পরে প্রশ্ন করেছিলাম। মা বলেছেন, তোমার বাবা যা চেয়েছেন, তোমরা তা-ই হয়েছ। আমি আর আমার বড় ভাই রূপম গানকেই পেশা হিসেবে নিয়েছি।’লালন ব্যান্ডের ব্যাপারে বললেন, ‘মা-বাবা আমাকে নজরুলসংগীত শেখার জন্য শিক্ষকের কাছে নিয়ে গিয়েছিলেন। কিন্তু ওটা আমার ঠিক পছন্দ হচ্ছিল না। আমার বয়স যখন ১২-১৩ বছর, তখন মা-বাবার সঙ্গে মেহেরপুরে এক সাধুসঙ্গে গিয়েছিলাম। ওইটুকু বয়সে কিছুই বুঝি না, কিন্তু সেখানে শোনা গানগুলো আমার মধ্যে অন্য রকম অনুভূতি তৈরি করেছিল। এরপর লালনের গানের চর্চা শুরু করি। আমাদের কোনো দল ছিল না। কিন্তু কীভাবে যেন কয়েকটা মানুষ এক হয়ে গেলাম—আশিক, রাসেল, জুয়েল, রানা আর আমি। ১৯৯৭ সাল থেকে আমরা অনেক জায়গায় গান করেছি। ২০০১ সালে এক অনুষ্ঠানে গান করার জন্য প্রস্তুতি নিচ্ছি। এ সময় আমাদের নাম ঘোষণা করতে হবে। কী বলবে? আমি কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকলাম। তখন আমার কাছে লালন সাঁইজির নামটাই মনে এল। বললাম, লালন। আমাদের ব্যান্ডের নাম লালন।’লালন কি শুধু লালনের গানই করে? সুমী বললেন, ‘আমাদের প্রথম অ্যালবাম বিপ্রতীপ-এ লালনের গান ছিল পাঁচটা, আর দ্বিতীয়টিতে সাতটা। অন্য গানও ছিল। অনেকেই ভাবেন, আমরা শুধু লালনের গানই করি, ওটা ঠিক নয়। তবে লালনের গানকে বেশি প্রাধান্য দিই।’আর আনুশেহ জানালেন, বাংলার প্রত্যুৎপন্নমতি অ্যালবামের সব কটি গানই ছিল লালনের। অন্য অ্যালবামেও আছে। কনসার্টেও তাঁরা লালনের গানই বেশি করেন।সাধুসঙ্গ প্রসঙ্গ উঠতেই সুমী বললেন, ‘বছর চারেক যাবৎ আমি সাধুসঙ্গে যাওয়া-আসা করছি। এর ফলে সবাইকে চিনতে পারছি, তাদের কাছ থেকে জানতে পারছি, নানা কিছু শিখতে পারছি। নতুনদের জন্য সাধুসঙ্গ খুব দরকার। তবে আমার গুরু শফি মণ্ডলও নানাভাবে সহায়তা করেন।’আনুশেহ বললেন, ‘আমার কিন্তু গুরু নেই। অনেক দিন থেকেই গুরু খুঁজছি, মনের মতো কাউকে পাইনি। আমার গানের গুরু অনেক—সবার কাছ থেকেই শিখছি। তবে সারা দেশের সাধকগুরুদের সঙ্গে আমার বেশ আদরের ও আন্তরিক সম্পর্ক। আমি নিজেও সাধুসঙ্গ পছন্দ করি। সুযোগ পেলেই যাই। সাধুদের সঙ্গে সময় কাটাই। নানা বিষয়ে তাঁদের সঙ্গে গভীর আলোচনা হয়। বিভিন্ন প্রশ্নের উত্তর জানার চেষ্টা করি।’আনুশেহর কাছে লালনের গানের বাণীই প্রধান। বললেন, ‘বই পড়ে পড়ে যে গানটা ভালো লেগেছে, সেটাই বোঝার চেষ্টা করি। এরপর সুর খুঁজি। অনেক গানেরই সুর পাওয়া যায় না। তখন সাধুদের শরণাপন্ন হই। তাঁরা নতুন সুর করে দেন।’এ নিয়ে প্রশ্ন ওঠেনি? ‘মোটেই না।’ আনুশেহ বললেন, ‘যাঁরা প্রশ্ন তুলবেন, লালনের আখড়ার সেই সাধুরাই একে সাধুবাদ জানাচ্ছেন। তাঁরা আমাদের নতুন নতুন গান নেওয়ার জন্য সব সময়ই আহ্বান জানান।’সাধুসঙ্গ প্রসঙ্গে আনুশেহ আরও বললেন, ‘আমাদের এই অঞ্চলে নানা দর্শন আছে। এই সব দর্শনেরই একটা মিল হলো, সবাই মানব ধর্মের কথা বলেছেন। এখানে কোনো বিভাজন নেই। সবাই মিলনের কথা বলেছেন। সাধুরাও সেই কথাটাই বলছেন। আমরাও গানের মধ্য দিয়ে এটাই সবাইকে জানানোর কাজটা করছি। এখন মৌলবাদ যেভাবে মাথাচাড়া দিচ্ছে, তার বিরুদ্ধে এর চেয়ে বড় কোনো যুদ্ধ হতে পারে না। আগের চেয়ে এখন গ্রামে এবং নগরে সাধুসঙ্গ অনেক বেড়েছে। এই সাধুসঙ্গকে বাঁচিয়ে রাখা আমাদের দায়িত্ব। সাধুদের রক্ষা করতে হবে। এই সংস্কৃতিকে নষ্ট হতে আমরা দেব না।’আখড়ায় লালনের গানের সঙ্গে হাতেগোনা কয়েকটি দেশীয় বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়। কিন্তু এখন বিভিন্ন কনসার্ট, টিভিতে কিংবা অডিও অ্যালবামে লালনের গানের সঙ্গে নানা ধরনের আধুনিক বাদ্যযন্ত্র ব্যবহার হচ্ছে। আনুশেহ বললেন, ‘আমি কিন্তু শাস্ত্রীয় সংগীতের পরিবেশে বড় হয়েছি। ডাগর ব্রাদার্স থেকে শুরু করে পণ্ডিত রবিশঙ্করসহ আরও অনেকে আমাদের বাসায় এসেছেন, পারফর্ম করেছেন। কাছ থেকে তাঁদের পরিবেশনা দেখেছি। কিন্তু এখনকার অবস্থাটা কিন্তু অন্য রকম। আমাদের চারপাশে নানা ধরনের শব্দ। সবকিছুতেই গতির একটা ব্যাপার কাজ করে। গান নিয়ে নানা ধরনের নিরীক্ষা হচ্ছে। গানকে সবার কাছে আরও বেশি গ্রহণযোগ্য করার জন্য কত কিছু করা হচ্ছে! সেখানে আমরা যদি পুরোনো ধ্যানধারণা নিয়ে বসে থাকি, তাহলে এই সময়ের সঙ্গে তাল মেলানো সম্ভব নয়, গতির কাছে পিছিয়ে যাব। তাই গানের সঙ্গে আধুনিক বাদ্যযন্ত্র ব্যবহারের যথেষ্ট গুরুত্ব আছে। আর এ সময়ের শ্রোতারাও তা ভালোভাবে নিচ্ছে।’আড্ডাটা দারুণ জমে উঠেছে। আর তখনই বন্ধু শাহরিয়ার শাকিলের সঙ্গে এসে ঢুকলেন ভারতের ‘চন্দ্রবিন্দু’ ব্যান্ডের অন্যতম সদস্য অনিন্দ্য। ১৯ নভেম্বর তাঁরা ঢাকায় এসেছেন। দেশ টিভি আর ঢাকা ক্লাবের অনুষ্ঠানে গান করেছে ‘চন্দ্রবিন্দু’। ঢাকায় এসে অনেক দিনের বন্ধু আনুশেহর সঙ্গে দেখা করতে এসেছেন। এরপর আড্ডার মোড় ঘুরে যায়। পাল্টে যায় প্রসঙ্গ।ওদিকে স্টুডিওতে চলে এসেছেন শফি মণ্ডল, কাঙালিনী সুফিয়া আর আবদুর রব ফকির। বাউল অ্যান্ড বিয়ন্ড অ্যালবামের গানে কণ্ঠ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা। আড্ডার মধ্যেই তন্ময় বোসকে সাহায্য করতে এগিয়ে যান আনুশেহ।