লালনের জীবনাদর্শ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি
বাউলসাধক লালন সাঁইয়ের অমৃত সংগীত, জীবন ও দর্শন স্কুল-কলেজের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি করেছেন তাঁর ভক্ত ও অনুরাগীরা। সাঁইজির অসাম্প্রদায়িক মানবতার বাণী আজ ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। সেই মানবতার ডাকে সাড়া দিয়ে কুষ্টিয়ায় দোল উৎসবে অংশ নেওয়া ভক্ত-সাধুরা অধিবাস, বাল্য ও পূর্ণ সেবা গ্রহণ করে তৃতীয় দিনের অনুষ্ঠান শেষে ফিরে যেতে শুরু করেছেন।গুরু-শিষ্যের মিলনমেলায় বিদায়ের সুর বাজালেও লালন একাডেমি আয়োজিত মেলা ও একাডেমির মঞ্চে সংগীতানুষ্ঠান চলছে জমজমাট। তবে বাউলদের অভিযোগ, সাঁইজিকে নিয়ে আয়োজকেরা এখন ব্যবসা করছেন। প্রকৃত বাউলা কখনোই ওই মঞ্চে গান করার সুযোগ পান না। এমনকি মঞ্চে যাঁরা গান করেন, তাঁদের অনেকেরই গানের কথা ও সুর সম্পর্কে ভালো ধারণা নেই। ভুল সুরে গান করেন।এদিকে ফিরে যাওয়ার পালা শুরু হলেও ভক্ত-সাধুর অনেকেই শেষ দিন পর্যন্ত থাকবেন আখড়ায়। তাঁরা নিজেরা ছোট ছোট দল করে গানবাজনায় মগ্ন হয়ে আছেন। দূর-দূরান্ত থেকে আসা লালন সাঁইয়ের গানের ভক্তদের সুরের তৃষ্ণা মিটিয়ে যাচ্ছেন তাঁরা।তবে এবারের লালন স্মরণে আয়োজিত দোল উৎসবের বিশেষ বৈশিষ্ট্য ছিল পাঠ্যপুস্তকে লালনের জীবনদর্শন অন্তর্ভুক্ত করার দাবি। আখড়ায় সমবেত বাউলেরা এই দাবিতে বেশ সোচ্চার ছিলেন। ভক্ত-সাধুরা মনে করেন, মানুষের মনে লালনের দর্শনবাণী পৌঁছে দেওয়া গেলে সামাজিক, পারিবারিক ও রাষ্ট্রীয় জীবনে সবাই শান্তিতে থাকতে পারবে।এদিকে লালন একাডেমি আয়োজিত উৎসবের তৃতীয় দিন রোববার সন্ধ্যার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আলাউদ্দিন। প্রধান আলোচক ছিলেন লালন গবেষক ম মনিরুজ্জামান। শনিবার গভীর রাতে মঞ্চে সমীর বাউল, কাঙ্গালিনী সুফিয়া ও লালন একাডেমির শিল্পীরা গান পরিবেশন করেন।