লালবাগ কেল্লায় আলো শব্দের নতুন আয়োজন

ছলাৎ ছলাৎ বুড়িগঙ্গার পানি আছড়ে পড়ছে কূলে। প্রায় গ্রামীণ ঢাকায় মোগলদের আগমন। একসময় ঠক ঠক খুরের আওয়াজ তুলে ঘোড়ায় চড়ে আসেন মোগল সুবাদার আহমেদ আজম খান। শুরু করেন লাল গোলাপের বাগানে ঘেরা এলাকায় দুর্গ নির্মাণের কাজ, যা লালবাগ কেল্লা হিসেবে পরিচিত।
আলোকরশ্মির সঙ্গে শব্দের সম্মিলন, এর সঙ্গে ইতিহাসের ধারা বর্ণনা। গতকাল শুক্রবার সন্ধ্যার পর অন্য রূপেই দেখা গেছে লালবাগের দুর্গ। ইতিহাসের ধারা বর্ণনার সঙ্গে আলোর ঝলকানির মাধ্যমে ফুটিয়ে তোলা এ প্রদর্শনীর নাম ‘লাইট অ্যান্ড সাউন্ড শো’। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করেন। আলোচনা করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, রঞ্জিত কুমার বিশ্বাস ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক শিরিন আখতার। এখন থেকে দর্শনার্থীরাও লালবাগ কেল্লায় এ লাইট অ্যান্ড সাউন্ড শো নিয়মিত দেখতে পাবেন।
বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের একটি প্রকল্পের অধীনে দর্শনার্থীদের জন্য বাংলার ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার নতুন এ ব্যবস্থা চালু করা হয়। আধঘণ্টার এ শো রোববার ছাড়া প্রতিদিনই সন্ধ্যায় দেখানো হবে।