লালবাগ কেল্লায় ইতিহাস ও বর্তমানের মেলবন্ধন
বর্ণিল এক আয়োজন। শব্দ আর আলোছায়ার খেলায় মোগল আমলের ইতিহাস ও বর্তমানের মেলবন্ধন। শিল্পীদের বাদশাহি পোশাক-আশাক, সাজসজ্জা। নাচ-গান তো ছিলই, হাতি-ঘোড়ার উপস্থিতিও বাদ পড়েনি।লালবাগ কেল্লার প্রধান ফটকের আদলে সাজানো মঞ্চ। দেশের সংগীতাঙ্গনের শিল্পীরা সেখানে সমবেত। সম্মাননা জানানো হলো তাঁদের। হেমন্তের রাতে খোলা আকাশের নিচে তাঁরা জমিয়ে আড্ডা দিলেন, গান গেয়েও শোনালেন শ্রোতাদের। সব মিলিয়ে আনন্দঘন উৎসবমুখর পরিবেশ। সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের ষষ্ঠ আসরটি গতকাল শুক্রবার রাতে অনুষ্ঠিত হলো লালবাগ কেল্লায়। জমকালো এ আয়োজনে নজরুলসংগীতে অসামান্য অবদানের জন্য আজীবন সম্মাননা দেওয়া হয় বরেণ্য সংগীতব্যক্তিত্ব ফিরোজা বেগমকে। শিল্পীর হাতে ক্রেস্ট, সম্মাননা স্মারক ও এক লাখ টাকার চেক তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও সিটিসেলের প্রধান নির্বাহী মেহবুব চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন জনপ্রিয় অভিনয়শিল্পী আফজাল হোসেন।পুরো কেল্লা এলাকা সাজানো হয়েছিল বিচিত্র সজ্জায়। চারপাশে আলোকসজ্জা আর ভেতরের মূল মঞ্চকে ঘিরে বর্ণিল আলোকচ্ছটা। সঙ্গে ছিল সুরের ইন্দ্রজাল। অনুষ্ঠানের সূচনাতেই আজীবন সম্মাননা দিতে ফিরোজা বেগমের নাম ঘেষিত হলে মুহুর্মুহু করতালিতে শিল্পীকে অভিনন্দন জানায় দর্শক। মঞ্চের বড় পর্দায় তাঁর জীবনের বিভিন্ন মুহূর্তের দৃশ্য দেখানো হয়। এ সময় শিল্পীকে সম্মান জানাতে মঞ্চে উপস্থিত হন আরেক বরেণ্য শিল্পী ফেরদৌসী রহমান। এরপর শুরু হয় বিভিন্ন শাখার পদক বিতরণ। একে একে দেওয়া হয় সংগীতের বিভিন্ন বিষয়ের ওপর পুরস্কার। পদক বিতরণের ফাঁকে ফাঁকে ছিল তারকা শিল্পীদের পরিবেশনায় নৃত্য ও সংগীত। আলোছায়া ও শব্দের অনুষঙ্গে অনুষ্ঠানে তুলে ধরা হয় মোগল আমলের ইতিহাস-ঐতিহ্য ও বিভিন্ন চরিত্র।