লিংকিন পার্ক ও দ্য হান্টিং পার্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিংকিন পার্কের সদস্যরা
লিংকিন পার্কের সদস্যরা

বিলবোর্ড ম্যাগাজিনের শীর্ষ তালিকাগুলোতে মাস খানেক ধরে খুব চোখে পড়ছে যুক্তরাষ্ট্রের অলটারনেটিভ রক গানের দল লিংকিন পার্ককে। তাদের ছয় নম্বর স্টুডিও অ্যালবাম দ্য হান্টিং পার্টি বেরিয়েছে এ বছরের ১৩ জুন। বের করেছে ওয়ার্নার ব্রাদার্স রেকর্ডস। অ্যালবামটি প্রযোজনা করেন লিংকিন পার্কের দুই সদস্য মাইক শিনোদা ও ব্র্যান্ড ডেলসন। তাদের দ্বিতীয় অ্যালবাম মিটিওরার-এর পর তিনটি অ্যালবাম প্রযোজনা করেন রিক রুবিন। তবে নিজেরা প্রযোজনা করার ফলে তাদের গানে আবার সেই পুরোনো লিংকিন পার্কের ভাব ফিরে এসেছে। এ সপ্তাহে মেইনস্ট্রিম রক গানের তালিকায় তাদের ‘আনটিল ইটস গন’ গানটি আছে দুই নম্বরে।
‘দ্য হান্টিং পার্টি’ শিরোনামটি তারা ব্যবহার করেছে তাদের অন্য অ্যালবামের সঙ্গে যোগসূত্র রেখে, আর তা রূপক অর্থে। দলের প্রতিষ্ঠাতা সদস্য মাইক শিনোদার মতে, ‘এটি একটি রক অ্যালবাম।’ গত শতকের নব্বই দশকের রক ধারাকে নতুনভাবে তাঁরা এখানে তুলে ধরেছেন।
দ্য হান্টিং পার্টি অ্যালবামের গানগুলো অলটারনেটিভ মেটাল, হার্ডরক আর র্যাপ রক ঘরানার। মজার ব্যাপার হলো, স্টুডিওতে যাওয়ার আগে এই অ্যালবাম করার জন্য তেমন কোনো প্রস্তুতি নাকি ছিল না লিংকিন পার্কের সদস্যদের। স্টুডিওতে বসেই তাঁরা গান লিখেছেন, সেখানেই সুর আর রেকর্ড করেছেন।
লিংকিন পার্কের গিটারিস্ট ব্র্যাড ডেলসন প্রিমিয়ার গিটার ম্যাগাজিনে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, পূর্বপ্রস্তুতি বা পূর্বভাবনা ছাড়াই কখনো কখনো অসম্ভব সুন্দর কিছু বের করা সম্ভব।
দ্য হান্টিং পার্টির কাজ শুরু হয় ২০১৩ সালের মে মাসে। অ্যালবামটি বের হওয়ার প্রথম সপ্তাহেই বিক্রি হয়েছে এক লাখ ১০ হাজার কপি। আর এখন পর্যন্ত শুধু যুক্তরাষ্ট্রেই বিক্রি হয়েছে দুই লাখ ২৭ হাজার কপি।
এই অ্যালবামে অতিথি শিল্পী হিসেবে আছেন র্যাপার রাকিম, রেইজ অ্যাগেইনস্ট দ্য মেশিন ব্যান্ডের টম মরেলো, সিস্টেম অব এ ডাউনের ড্যারন ম্যালাকিয়ান এবং হেলমেটের পেজ হ্যামিল্টন।
লিংকিন পার্কের শুরুটা হয়েছিল ১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। তিন স্কুলবন্ধু মাইক শিনোদা, রব বর্ডন আর ব্র্যাড ডেলসন ছিলেন এই দলের প্রতিষ্ঠাতা সদস্য। এরপর তাঁদের সঙ্গে যুক্ত হন জ্যো হান, ডেভ ফনিক্স ফ্যারেল ও মার্ক ওয়েকফিল্ড। শুরুতে তাঁরা পরিচিত ছিলেন ‘জিরো’ নামে। ১৯৯৯ সালে কণ্ঠশিল্পী মার্ক দল ত্যাগ করেন। পরে কণ্ঠশিল্পী হিসেবে যোগ দেন চেস্টার বেনিংটন। এবার ‘জিরো’ থেকে দলের নতুন নাম হলো ‘হাইব্রিড থিওরি’। কিছুদিন পর আবারও নাম বদল করা হলো। এবার লিংকিন পার্ক। এর পেছনে রয়েছে গল্প। জানা গেছে, ‘লিংকন পার্ক’ নামে সান্টা মনিকার একটি পার্কের প্রতি শ্রদ্ধা জানাতে তাঁরা দলের নাম করেন লিংকন পার্ক। কিন্তু ইন্টারনেটে ডোমেইন পেতে সমস্যা হওয়ায় ‘লিংকন পার্ক’ হয়ে যায় ‘লিংকিন পার্ক’। ২০০০ সালে প্রথম অ্যালবাম হাইব্রিড থিয়োরি বের হওয়ার পর আন্তর্জাতিক খ্যাতি পায় লিংকিন পার্ক।
এরই মধ্যে দুবার গ্র্যামি জিতেছে লিংকিন পার্ক।
মনোয়ারুল হক
বিলবোর্ড অবলম্বনে