লিওনার্দোর হাতে দ্বিতীয় 'অস্কার'!

দিনক্ষণের হিসাব মেলালে এটাই লিওনার্দো ডিক্যাপ্রিওর প্রথম অস্কার হওয়ার কথা। কিন্তু লিওর হাতে যেহেতু এই অস্কার পদকটি পৌঁছাতে দিন কয়েক দেরি হয়ে গেছে, তাই এটা লিওনার্দোর জেতা দ্বিতীয় অস্কার হিসেবেই এখন থেকে শোভা পাবে তাঁর সেলফে। কথা হচ্ছে রাশিয়ার ভক্তদের বানানো সেই অস্কার নিয়ে, যা তৈরি করা হয়ছিল শুধু লিওনার্দো ডিক্যাপ্রিওর জন্য। কিছু রাশিয়ান ভক্ত তাঁদের নিজেদের সংগ্রহে থাকা স্বর্ণ ও রুপা দিয়ে ওই অস্কারটি তৈরি করেছিলেন। সেই অস্কারটিই পৌঁছেছে দ্য রেভেন্যান্ট তারকা লিও পর্যন্ত। আর এই অস্কার পেয়ে এখন যারপরনাই খুশি তিনি।

গতকাল বৃহস্পতিবার লিওনার্দোর হাতে ওঠা দ্বিতীয় অস্কারটির ছবি তিনি পোস্ট করেন নিজের ফেসবুক পেজে। ছবিটির সঙ্গে বিশাল এক কৃতজ্ঞতাবাণীও লেখেন তিনি। লিও লেখেন, ‘ধন্যবাদ ইয়াকুতিআর বাসিন্দাদের, যাঁরা আমার জন্য এত অসাধারণ একটি উপহার পাঠিয়েছেন। আমি বিশেষভাবে কৃতজ্ঞ সেই সব নারীদের কাছে, যাঁরা নিজেদের সংগ্রহে থাকা প্রিয় বস্তুগুলো উৎসর্গ করে আমাকে এই স্বীকৃতিটি দিয়েছেন। এই উপহারের সঙ্গে পাঠানো একটি চিঠিতে তাঁরা আমাকে জানিয়েছেন, ইয়াকুতিআ শুধু রাশিয়ারই নয়, বিশ্বের সবচেয়ে শীতল বসবাসযোগ্য অঞ্চল। এ অঞ্চলটি জলবায়ু পরিবর্তনের কারণে এখন বেশ খারাপ সময় পার করছে। এ অঞ্চলের বাসিন্দা, তাঁদের জীবনযাপন এবং এ অঞ্চলের পরিবেশ এখন হুমকির মুখে।’
লিওনার্দো ডিক্যাপ্রিও এ বছর দ্য রেভেন্যান্ট ছবির জন্য সেরা অভিনেতার অস্কার জেতেন। এর আগে তিনি চারবার মনোনয়ন পেয়েও জেতেননি অস্কার। তাই এবার প্রিয় অভিনেতাকে সাহস জোগানোর জন্যই রাশিয়ার সাইবেরিয়ার ইয়াকুতিআ অঞ্চলের কয়েকজন ভক্ত তৈরি করেন একটি নতুন অস্কার, যা আসল অস্কার জেতার আগেই লিওনার্দোকে দেবেন বলে ভক্তরা সে সময় ঘোষণা দিয়েছিলেন। কিন্তু লিওনার্দো পর্যন্ত ভক্তদের এই অস্কারটি পৌঁছাতে একটু বিলম্ব হয়ে যায়।