লিখেছিলাম 'বি বিউটিফুল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

অনেক ‘প্রথম’ সঙ্গী করেই জীবন কাটাতে হয়। নিতে হয় অভিজ্ঞতা। তারকাদের জীবনেও এমন প্রথম অভিজ্ঞতা রয়েছে। তাঁদের এমন প্রথম পাঁচটি অভিজ্ঞতা নিয়েই ‘প্রথম পাঁচ’।

তিন গোয়েন্দা দিয়ে বই পড়া শুরু অপর্ণার ছবি: আনন্দ
তিন গোয়েন্দা দিয়ে বই পড়া শুরু অপর্ণার ছবি: আনন্দ

প্রথম প্রেম
আমি তখন রাঙামাটি গার্লস স্কুলের নবম শ্রেণির ছাত্রী। ওই সময় ওই স্কুলের এক শিক্ষকের প্রেমে পড়েছিলাম। সবে স্যার স্কুলে যোগ দিয়েছেন। স্যার ছিলেন বিজ্ঞান বিভাগের শিক্ষক। আমি ছিলাম মানবিক বিভাগের ছাত্রী। তিনি আমাদের সাধারণ বিজ্ঞান পড়াতেন। তখনো আমাদের ক্লাস নেওয়া শুরু করেননি তিনি। একদিন আমরা ক্লাসে হইচই করছিলাম। পাশের রুমেই স্যার ক্লাস নিচ্ছিলেন। হইচই শুনে আমাদের ক্লাসে এলেন। তিনি জানালেন স্কুলে নতুন এসেছেন। দু-এক দিনের মধ্যে আমাদের সঙ্গে তাঁর পরিচয় হবে। ওই দিনই স্যারের কথা বলার ভঙ্গি, উপস্থাপন, ব্যক্তিত্ব দেখে মুগ্ধ হয়ে গেলাম। বলা যায়, প্রথম দেখায় প্রেম। এর কয়েক দিন পর আমাদের সাধারণ বিজ্ঞান ক্লাস নেওয়া শুরু করলেন। স্যার জটিল বিষয়গুলো এত সহজ করে পড়াতেন—খুবই ভালো লাগত স্যারের ক্লাস। তত দিনে আমি স্যারের প্রেমে মশগুল! পড়ানোর সময় স্যারের মুখের দিকে তাকিয়ে থাকতাম। এভাবে এক বছর পার হয়ে গেল। তত দিনে আমিও স্যারের প্রিয় ছাত্রী হয়ে উঠেছি। স্কুলের যেকোনো অনুষ্ঠানের নেতৃত্ব দিতাম আমি। বিষয়গুলো স্যারও পছন্দ করতেন।
একসময় স্কুল পেরিয়ে চট্টগ্রামে এসে কলেজে ভর্তি হলাম। এরপরও তিন-চারবার স্যারের সঙ্গে দেখা হয়েছে। কিন্তু স্যারের প্রতি আমার ভালোবাসা, ভালো লাগার কথা বলা হয়নি কখনোই। এখন সেই স্যার কোথায় আছেন আমার জানা নেই।
প্রথম ক্যামেরার সামনে
২০০৬ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম। প্রতিযোগিতায় অংশ নিয়েই প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলাম।
প্রতিযোগিতার একটি অংশে পাঁচ মিনিটের একটি নাটক করতে হয়েছিল। সহশিল্পী ছিলেন অপূর্ব। পরিচালক ছিলেন গিয়াস উদ্দিন সেলিম। সকালবেলায় আমাকে বলা হলো, একজন তারকা আসবেন, তাঁর সঙ্গে পাঁচ মিনিটের একটি নাটকে অভিনয় করতে হবে। পরে দেখি সেই সহশিল্পী অপূর্ব ভাই। তিনি তো আগে থেকেই আমার হার্টথ্রব। তাঁর সঙ্গে অভিনয় করব, ভয় পেয়ে গেলাম। যা-ই হোক, বেশ কয়েক ঘণ্টা ধরে মহড়া করা হলো। তখন বেশ ভালোই লাগছিল। কিন্তু পরিচালক যখন শুটিং শুরুর তাগিদ দিলেন, তখনই ভয় পেয়ে গেলাম। প্রথম দৃশ্যে ক্যামেরার সামনে হেঁটে হেঁটে অপূর্ব ভাইয়ের কাছে যেতে হবে আমাকে। এতটুকুই। তারপর কাট। সবকিছু প্রস্তুত, পরিচালক অ্যাকশন বলার সঙ্গে সঙ্গে আমি আর হেঁটে অপূর্ব ভাইয়ের কাছে যেতে পারছিলাম না। ভয়ে আমার পা থেমে যাচ্ছিল। তবে সময় লাগলেও শেষ পর্যন্ত কাজটি ভালোভাবেই শেষ করতে পেরেছিলাম।
প্রথম অটোগ্রাফ দেওয়ার অভিজ্ঞতা
সবে লাক্স সুপারস্টার প্রতিযোগিতা থেকে বেরিয়েছি। সেই সময় সিদ্ধান্ত হলো প্রতিযোগিতা থেকে আসা সেরা পাঁচকে নিয়ে দেশের বিভিন্ন জেলার গ্রামে গ্রামে লাক্সের প্রমোশন করা হবে। গ্রামে যাঁদের বাড়িতে লাক্স পাওয়া যাবে, তাঁদের হাতে পুরস্কার তুলে দেবেন সেরা পাঁচ লাক্সতারকা। আমরা সেরা পাঁচ কুষ্টিয়ার একটি গ্রামে গিয়েছিলাম। বাড়িতে বাড়িতে ঘুরছি, এমন সময় একটি মেয়ে এসে আমাকে বলে, ‘আপু আপু, আমাকে আপনার অটোগ্রাফ দেন না, প্লিজ।’ ছোটবেলায় শুনতাম তারকাদের কাছ থেকে ভক্তরা অটোগ্রাফ নেন। মনে মনে ভাবলাম, তাহলে কি আমি তারকা হয়ে গেলাম! লজ্জাও লাগছিল, আবার নিজে পুলকিতও হচ্ছিলাম। মনে আছে ‘বি বিউটিফুল’ লিখে মেয়েটিকে অটোগ্রাফ দিয়েছিলাম।
প্রথম পারিশ্রমিক

লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় আমি সেরা পাঁচে ছিলাম। সেই সুবাদে ৫০ হাজার টাকা পেয়েছিলাম। যদিও এটি ছিল আমার প্রথম পারিশ্রমিক কিন্তু পেয়েছিলাম অনেক পরে। তার আগেই একটা বিজ্ঞাপনে মডেল হয়ে এক লাখ টাকা পেয়েছিলাম। পুরো টাকাই বাবার হাতে তুলে দিয়েছিলাম। বাবা আবার মায়ের হাতে দিয়েছিলেন। মা আমার নামে আগেই ব্যাংকে সঞ্চয় হিসাব খুলে দিয়েছিলেন।

প্রথম বই পড়ার অভিজ্ঞতা

বাবা প্রচুর বই পড়তেন। সেই সুবাদে ছোটবেলা থেকে বই পড়ার অভ্যাস। সেই থ্রি-ফোরে পড়ার সময় থেকেই বই পড়া শুরু। যতটুকু মনে আছে, রকিব হাসানের তিন গোয়েন্দা পড়েছিলাম প্রথম। তবে সিরিজের গল্পের নামগুলো মনে নেই। এরপর সপ্তম শ্রেণিতে পড়ার সময় প্রথম পড়ি মুহম্মদ জাফর ইকবালের জারুল চৌধুরীর মানিকজোড়। রবীন্দ্রনাথের চোখের বালিও পড়েছিলাম সেই সময়। নবম-দশম শ্রেণিতে পড়ার সময় প্রচুর থিয়েটারকেন্দ্রিক বই পড়েছি। বাবা প্রচুর বই আনতেন বাড়িতে। সেগুলো আমিও পড়তাম। অনেক বই-ই পড়া হয়েছে। নাম এখন মনে নেই। এখনো সময় পেলে বই পড়ি।

অনুলিখন: শফিক আল মামুন