লিজ টেইলর স্মরণে বারবি পুতুল
প্রখ্যাত হলিউডের অভিনেত্রী প্রয়াত এলিজাবেথ টেইলরকে উত্সর্গ করে ‘দি এলিজাবেথ টেইলর হোয়াইট ডায়মন্ডস বারবি ডল’ বাজারে ছেড়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক খেলনা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ম্যাটেল। ১৫০ ডলারের বিনিময়ে এই বারবি ডল কিনতে পারবেন আগ্রহীরা। লিজ টেইলর এবং তাঁর দাতব্য কাজকে সম্মান জানাতেই ম্যাটেল আনকোরা এই বারবি পুতুল তৈরি করেছে। এই বারবি পুতুলটির নামকরণ করা হয়েছে টেইলরের ‘হোয়াইট ডায়মন্ডস’ সুগন্ধির নামে। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে কন্ট্যাক্টমিউজিক। নতুন এই বারবি পুতুলে টেইলরকে দেখা গেছে কালো চুল এবং সাদা রঙের পোশাকে। সাদা পোশাকে জুড়ে দেওয়া হয়েছে লাল রেশমি ফিতা। এইডস রোগীদের সাহায্যার্থে টেইলরের ভূমিকাকে শ্রদ্ধা জানাতেই প্রতিকৃতিটির বুকের বাঁ পাশে শোভা পেয়েছে এই লাল ফিতা। বারবির সঙ্গে টেইলরের ব্যবহূত স্বর্ণালংকার, সাদা রোদ চশমা এবং ‘হোয়াইট ডায়মন্ডস’ সুগন্ধির বোতলের রেপ্লিকাও তৈরি করেছে ম্যাটেল। অবশ্য লিজ টেইলরের প্রতিকৃতি তৈরির বিষয়টি এবারই প্রথম নয়। ‘ক্লিওপেট্রা’ ছবির নাম ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। ক্লিওপেট্রা-রূপী টেইলরের প্রতিকৃতি ছাড়াও বেগুনি গাউন ও নেকলেস পরা টেইলরের প্রতিকৃতি তৈরি হয়েছে এর আগে। প্রসঙ্গত, ২০১১ সালের মার্চে মারা যান হলিউডের কিংবদন্তি অভিনেত্রী লিজ টেইলর। গত বছর তাঁর ব্যবহূত পোশাক, গয়নাসহ আরও বেশ কিছু সামগ্রীর নিলাম থেকে আয় হয়েছে ২১০ মিলিয়ন ডলার। কিছুদিন আগে সর্বাধিক আয়কারী মৃত তারকাদের নামের একটি তালিকা প্রকাশ করেছিল ‘ফোর্বস’ ম্যাগাজিন। এ তালিকার শীর্ষে রয়েছে লিজ টেইলরের নাম।