লিজা যখন সুরাইয়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিজা
লিজা

এখন নাকি গানের অডিও সিডি আগের মতো তেমন বিক্রি হয় না। এই শতকের গোড়ার দিকেও ঈদের আগে একেকটি অ্যালবামের হাজার হাজার কপি প্রস্তুত রাখা হতো। কোনো কোনো অ্যালবামে এই সংখ্যা লাখ ছাড়িয়ে যেত। সেই চিত্র এখন আর নেই। এখন বেশির ভাগ শ্রোতাই গান শোনেন মুঠোফোনে। কিন্তু ইদানীং ঢাকার উত্তরা, বিমানবন্দর, ধানমন্ডি ২৭, মতিঝিল আর নীলক্ষেতে প্রধান সড়কের পাশে বিশাল আকারের বিলবোর্ড দেখে অনেকেই অবাক হয়েছেন। ভাবছেন, আবার কি সেই আগের চিত্রটা ফিরে এসেছে?
এসব বিলবোর্ডে একটি অডিও অ্যালবামের বিজ্ঞাপন ঝুলছে। অ্যালবামের নাম সুরাইয়া। শিল্পী লিজা। ক্লোজআপ ওয়ান তারকা। ২০০৮ সালে এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন তিনি।
অ্যালবামটি প্রকাশ করেছে ডেডলাইন মিউজিক। পৃষ্ঠপোষকতা করেছে ফিজআপ। পণ্যটির নির্মাতাপ্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে, প্রচারেই প্রসার। তাই অ্যালবামটির প্রচারের দিকে প্রতিষ্ঠানটি বিশেষ গুরুত্ব দিয়েছে।
সুরাইয়া লিজার দ্বিতীয় অ্যালবাম। প্রথম অ্যালবাম লিজা পার্ট ওয়ান (২০১২)। নিজের নতুন অ্যালবাম নিয়ে লিজা বললেন, ‘অ্যালবামটির সাড়া মোটামুটি ভালো। অ্যালবামের “পাগলী সুরাইয়া” গানটি শ্রোতাদের খুব পছন্দ হয়েছে।’
জানালেন, অ্যালবাম বাজারে আসার মাস তিনেক আগেই ‘পাগলী সুরাইয়া’ গানের মিউজিক ভিডিও ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া হয়। লিজা বলেন, ‘শুরু থেকেই এই মিউজিক ভিডিওর ব্যাপারে সবার দারুণ আগ্রহ লক্ষ করেছি। গানটি লিখেছেন রবিউল ইসলাম। সুর ও সংগীত পরিচালনা করেছেন আরফিন রুমি।’
গানটির মিউজিক ভিডিওতে লিজা নিজেই অভিনয় করেছেন। জানালেন, কাজটি তিনি করেছেন আরেক সংগীতশিল্পী কনার পরামর্শে। লিজা বলেন, ‘আমি অভিনয় করব, এমনটা কখনোই ভাবিনি। এখানে আমি নৃত্যশিল্পী। ছোটবেলায় নাচ শিখেছি। পরে আর চর্চা করা হয়নি। এবার সেই নাচ শেখা খুব কাজে লেগেছে।’
বিলবোর্ডের বিজ্ঞাপন আর মিউজিক ভিডিওতে লিজাকে নতুনভাবে উপস্থাপন করা হয়েছে। হঠাৎ এই পরিবর্তন কেন? লিজা বললেন, ‘সবাই আমাকে নতুনভাবে পাবে—এমন ভাবনা থেকেই নতুন সাজে সেজেছি। আর আমার এই পরিবর্তনটুকু সবাই খুব পছন্দ করেছে।’
২৭ জুলাই রাতে যখন মুঠোফোনে লিজার সঙ্গে কথা হচ্ছে, তখন তিনি বাংলাদেশ টেলিভিশনে যাচ্ছেন। জানালেন, রেকর্ডিং আছে। যানজটের কারণে অনেক দেরি হয়ে গেছে।
এখন নাকি খুব ব্যস্ত লিজা। দ্বৈত কণ্ঠে গাওয়া অ্যালবামের কাজ করছেন; বিভিন্ন মঞ্চ, টিভি চ্যানেল আর এফএম রেডিওতে গান করছেন, আড্ডা দিচ্ছেন, পাশাপাশি চলচ্চিত্রের গানেও কণ্ঠ দিচ্ছেন। সম্প্রতি চাঁদের মতো মুখ ছবির দুটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি।
বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণে গান করছেন লিজা। সম্প্রতি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র আর অস্ট্রেলিয়ায় এক মাস সফর করেছেন। এসব দেশের বিভিন্ন শহরে ১০টি অনুষ্ঠানে অংশ নিয়েছেন। আগামী ১০ আগস্ট যাচ্ছেন সিঙ্গাপুরে গান করতে আর ২৬ আগস্ট যাচ্ছেন যুক্তরাজ্যে।
গান গাওয়ার পাশাপাশি টিভির অনুষ্ঠান উপস্থাপনা করছেন লিজা। জানালেন, এসএ টিভিতে ‘ইনসাইড টিউন’, গাজী টিভিতে ‘মিউজিক গ্যারেজ’, এশিয়ান টিভিতে ‘শুধু ভালোবাসা’ ও বৈশাখী টেলিভিশনে ‘মিউজিক ট্রেন’ অনুষ্ঠানগুলো নিয়মিতই উপস্থাপনা করছেন তিনি। লিজা বলেন, ‘অনুষ্ঠানগুলো গান নিয়ে। তাই করছি। এসব অনুষ্ঠান উপস্থাপনা করতে গিয়ে বিভিন্ন শিল্পীর সঙ্গে কথা হয়, তাঁদের গান সম্পর্কে জানা হয়।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সন্ধ্যাকালীন এমবিএতে পড়ছেন লিজা। বললেন, ‘গান নিয়েই থাকতে চাই। কম কাজ করব কিন্তু ভালো আর সুন্দর সুন্দর গান শ্রোতাদের উপহার দেব।’