লিজি: ছায়া থেকে বেরিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এলিজাবেথ ‘লিজি’ ওলসেন
এলিজাবেথ ‘লিজি’ ওলসেন

ছায়া? কীসের ছায়া? এটিকে আড়াল করে রেখেছিল দুটো ছায়ার গাঢ় চাদর৷ সেই দুটো চাদর ফুঁড়েই বেরিয়ে এসেছেন এলিজাবেথ ‘লিজি’ ওলসেন, যেমন কালো মেঘ ফুঁড়ে উঁকি দেয় গনগনে সূর্য৷
প্রথম ছায়া তো অবশ্য এলিজাবেথের দুই বড় বোন৷ ম্যারি-কেট ও অ্যাশলি৷ বয়সে লিজির চেয়ে দুই বছরের বড় যমজ দুই বোন সেই শৈশব থেকেই তারকা৷ শৈশব? বলা ভালো, আন্ডা-বাচ্চা থাকার সময় থেকেই৷ ১৯৮৭ সালে জনপ্রিয় টিভি সিরিজ ‘ফুলহাউস’-এ অভিনয় শুরু করার সময় এই দুজনের বয়স ছিল নয় মাস! মাত্র আট বছর বয়সে এই দুই বোন প্রতিষ্ঠা করেন ডুয়ালস্টার নামের একটি প্রযোজনা সংস্থা! ১৯৯৪ সাল থেকে টানা তিন বছর ধরে চলা জনপ্রিয় সিরিজ ‘দি অ্যাডভেঞ্চার অব ম্যারি-কেট অ্যান্ড অ্যাশলি’ খ্যাতির তুঙ্গে নিয়ে যায় তাঁদের৷ ১৮তম জন্মদিনের আগেই দুই বোন হয়ে ওঠেন ধনকুবের৷
দুই বোনকে দেখে দেখে বেড়ে ওঠা লিজির ক্যারিয়ারটাও শুরু হয়েছিল ছোটবেলাতেই; বোনদের প্রযোজনা প্রতিষ্ঠানেই৷ কিন্তু ওই যে ছায়ার আড়ালে ঢাকা রইলেন৷ গায়ে সেঁটে গেল ‘ইন্ডি’ পরিচয়টাও৷ হলিউডে যেসব শিল্পী বড় ধরনের প্রযোজনা সংস্থার বাইরে স্বাধীনভাবে বিকল্পধারার ছবি করেন, তাঁদেরই বলে ইন্ডি৷
২০১১ সালে প্রথম এলেন আলোচনায়৷ মার্থা মার্সি মে মার্লিন ছবি দিয়ে, যে ছবি খ্যাতি এনে দিল তাঁকে৷ সমালোচকেরা নজর ফেরাতে বাধ্য হলেন৷ গত বছর বাফটার উদীয়মান তারকার মনোনয়নও পেয়েছিলেন৷ কিন্তু কপালে এঁকে দেওয়া ‘ইন্ডি’ পরিচয়ের তিলকটা মুছতে পারছিলেন না কিছুতেই৷ এর জন্য দরকার ছিল বাণিজ্যিক ধারার সঙ্গে মিশে যাওয়া৷ এলিজাবেথ তা-ই করলেন৷ এই বছরটা আসলে লিজির ছায়া থেকে বেরিয়ে আসার বছর৷
খুবই ছোট চরিত্র হলেও কাজ করলেন জনপ্রিয় ঘরানার ক্যাপটেন আমেরিকা: উইন্টার সোলজার ছবিতে৷ কাজ করছেন আরেকটি জনপ্রিয় সিরিজ ‘দি অ্যাভেঞ্জার্স’-এ৷ তবে তাঁকে সত্যিকারের ‘ব্রেক’ এনে দিচ্ছে গডজিলা৷ ১৯৫৪ সালে, হিরোশিমা-নাগাসাকির ক্ষত টাটকা থাকতেই জাপানে প্রথম মুক্তি পেয়েছিল পারমাণবিক তেজষ্ক্রিয়তার ফলে নতুন করে জন্ম নেওয়া ভয়াল দানব গডজিলাকে নিয়ে বানানো ছবি৷ সেই ছবি মুক্তির ঠিক ৬০ বছর পর যুক্তরাষ্ট্র এবার নিজের মতো করে, এই সময়ের গল্পের সঙ্গে খাপ খাইয়ে বানিয়েছে নতুন গডজিলা৷ সেই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন এলিজাবেথ৷ ছবিটা মুক্তি পাচ্ছে আগামীকাল শুক্রবার৷
হঠাৎ করে কক্ষপথ পরিবর্তন কেন? এলিজাবেথের সাদামাটা উত্তর, গডজিলার মতো ছবি করার উদ্দেশ্য আর কিছুই নয়, নিজের শৈশবের একটা স্বপ্ন পূরণ করা৷
এই ছবিতে এলিজাবেথ অভিনয় করেছেন একজন নার্স ও মার্কিন নৌবাহিনীর কর্মকর্তার স্ত্রীর ভূমিকায়, যে সেনার কাঁধে দায়িত্ব বর্তেছে বিরাটাকায় দানবটিকে থামানোর৷ এই ছবিতে কাজ করার আরেকটি কারণ ব্যাখ্যা করলেন এলিজাবেথ৷ ছবির পরিচালক গ্যারেথ এডওয়ার্ডস নিজেও ‘ইন্ডি’ গোত্র থেকেই উঠে এসেছেন৷ ‘গ্যারেথও আমার মতো স্বাধীনধারার ছবি ও ভাবনার মানুষ৷ ফলে, আমার কখনোই অস্বস্তি হয়নি বা মনে হয়নি নিজের জগৎটার বাইরে এসে কিছু করছি৷’ বলেন এলিজাবেথ৷
তবে অনেক কিছুর সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হয়েছে তো অবশ্যই৷ স্পেশাল এফেক্টের কারিগরি দিকটা তো তাঁর জন্য অচেনাই ছিল, সেটার সঙ্গে মানিয়ে নেওয়া৷ সেই অভিজ্ঞতাটা কেমন? এলিজাবেথের উত্তর, ‘হ্যাঁ, সবকিছু আপনাকে মাপমতো তো করতেই হবে৷ যেমন ধরুন, সাত পা এগিয়ে ডানে ঘোরার কাজ থাকলে সেটা মাপে মাপে করতেই হবে; তা ছাড়া কারিগরি খুঁটিনাটি, টাইমিং ও ক্যামেরার নড়াচড়ার সঙ্গেও মানিয়ে নেওয়া৷ এসবের পরেও অভিনয়ের জন্য যথেষ্ট স্বাধীনতা কিন্তু ছিলই৷’
এই ছবি করায় এলিজাবেথের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আসলে ‘অ্যাভেঞ্জার্স’ সিরিজের সিক্যুয়েলের জন্য নিজেকে প্রস্তুত করে নেওয়াতেই৷ তবে এত এত হই-হাঙ্গামা, এত এত তারকার ভিড়—সব মিলিয়ে একটু যেন হাঁপিয়েও উঠছেন৷ পরের ছবিটা তাই এমন কিছু খুঁজছেন, যেটায় এত বেশি তারকা আর স্পেশাল এফেক্টের কারিকরি নেই৷
ছায়া থেকে, নিজের চেনা গণ্ডি থেকে বেরিয়ে আসাটাও হয়তো সব সময় সুখকর নয়!
রাজীব হাসান
নিউইয়র্ক পোস্ট অবলম্বনে