লিনকিং পার্কের জয়জয়কার
বিলবোর্ডে শীর্ষ-১০ রক গানের তালিকায় টানা ১৫ সপ্তাহ ধরে অবস্থান করছে লিনকিং পার্কের ‘বার্ন ইট ডাউন’। গানটি সেখানে প্রথম স্থান দখল করে আছে। বিলবোর্ডে শীর্ষ তালিকা ছাড়াও তাদের নতুন অ্যালবাম লিডিং থিংস সাড়া বিশ্বের বিভিন্ন দেশের ২৫টির বেশি শীর্ষ তালিকায় শক্ত অবস্থান নিতে পেরেছে। বিংশ শতাব্দীতে যেসব নতুন ব্যান্ড জনপ্রিয়তার শীর্ষে আরোহণ করতে পেরেছে, তার মধ্যে ‘লিনকিং পার্ক’ অন্যতম। বাংলাদেশেও এই ব্যান্ডটির অসংখ্য ভক্ত-শ্রোতা আছে। আজ আমরা লিনকিং পার্ক সম্পর্কে কিছু তথ্য তুলে ধরব। লিনকিং পার্ক ব্যান্ডটির যাত্রা শুরু হয় ১৯৯৬ সালে, আমেরিকায়। তখন অবশ্য এর নাম ছিল ‘জিরো’। লিনকিং পার্কের প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে আছেন তিন স্কুল বন্ধু মাইক শিনোদা, রব বোরডন ও ব্র্যাড জেলসন। হাইস্কুলের গণ্ডি পেরোনোর পর তাঁরা সংগীতকে আরও গুরুত্বসহকারে নেন। জো হান, ডেভ কোনিক্স ক্যারেল ও মার্ক ওয়েকফিল্ডকে তাঁদের ব্যান্ডে বাজানোর জন্য নিযুক্ত করেন। তাঁরা মাইক শিনোদার ঘরোয়া স্টুডিওতে তাঁদের গানের রেকর্ডিং শুরু করেন ১৯৯৬ সালেই। এর ফলে চারটি গানের ডেমো টেপ সম্পন্ন হয়। কিন্তু তাঁদের প্রচণ্ড হতাশ হতে হয়, যখন তাঁরা কোনো রেকর্ড কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হতে ব্যর্থ হন। সাফল্যের মুখ দেখতে না পেরে মার্ক ওয়েকফিল্ড ও ডেভ কোনিক্স ক্যারেল ব্যান্ড ত্যাগ করেন। এরপর একটা দীর্ঘ বিরতিতে তাঁরা খোঁজ পেলেন চেস্টার বেনিংটনের। চেস্টার বেনিংটন এর আগে ‘গ্রে ডেজ’ নামের পোস্ট গ্রাঞ্জ ধারার একটি ব্যান্ডের ভোকালিস্ট ছিলেন। অসাধারণ কণ্ঠশৈলীর জন্য তাঁকেই মনোনীত করা হয়। তখন ছিল ১৯৯৯ সাল। চেস্টার বেনিংটন যোগদান করার পরই ব্যান্ডের নাম জিরো থেকে ‘হাইব্রিড থিওরি’ রাখা হয়। সেই সময় থেকে চেস্টার বেনিংটন ও মাইক শিনোদার ভোকালের ধারার এক যোগসূত্র ঘটানো হয়। তখন থেকে তাঁরা নতুনত্বের সন্ধানে ছিলেন। ১৯৯৯ সালে তাঁরা হাইব্রিড থিওরি নামেই ইপি বের করেন। অ্যালবামটি তাঁরা ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দিতে সক্ষম হন। বলা যায়, ব্যান্ডের নাম পরিবর্তনের ফলে তাঁদের পুনর্জাগরণ হয়েছিল। তাই তাঁরা আবারও হাইব্রিড থিওরির পরিবর্তে ব্যান্ডের নাম রাখলের লিনকিং পার্ক। এতবার নাম পরিবর্তন করার পরও তাঁরা কোনো রেকর্ড কোম্পানির সঙ্গে যুক্ত হতে ব্যর্থ হয়ে আসছিলেন। পরবর্তী সময়ে অনেক কষ্ট করে তাঁরা ১৯৯৯ সালেই ওয়ার্নার ব্রাদার্স রেকর্ডসের সঙ্গে চুক্তিবদ্ধ হতে পেরেছিলেন। পরের বছরই তাঁরা তাঁদের অনবদ্য অ্যালবাম হাইব্রিড থিওরি প্রকাশ করেন। অ্যালবামটি প্রকাশ করার পর লিনকিং পার্ককে আর ফিরে তাকাতে হয়নি অতীতের ব্যর্থতার দিকে। তাদের এই অ্যালবামটি এনে দেয় বিশ্বজোড়া খ্যাতি। এখন পর্যন্ত তারা পাঁচটি সফল স্টুডিও অ্যালবাম প্রকাশ করেছে। লিনকিং পার্কের অ্যালবামগুলো হলো:হাইব্রিড থিওরি (২০০০)মিটিওরা (২০০৩)মিনিটস টু মিডনাইট (২০০৭)এ থাউজেন্ড সানস (২০১০)লিভিং থিংস (২০১২)লিনকিং পার্ক ব্যান্ডটির সাফল্য অভাবনীয়। তাদের প্রথম স্টুডিও অ্যালবাম এক যুগ আগে বের হয়েছে; তার পরও এই অল্প সময়েই তারা এখন পর্যন্ত বিশ্বব্যাপী ৫০ মিলিয়ন অ্যালবাম বিক্রি করেছে। সাফল্যের ঝুলিতে দুটি গ্র্যামি অ্যাওয়ার্ডও রয়েছে। এ ছাড়া অসংখ্য পুরস্কার তো আছেই। তাদের সর্বশেষ অ্যালবাম লিডিং থিংস এ বছরের এপ্রিল মাসে প্রকাশিত হয়েছে এবং প্রথম সপ্তাহেই আমেরিকায় দুই লাখ ২৩ হাজার কপি বিক্রি হয়েছে। লিনকিং পার্ক ব্যান্ডটির সংগীতের ধারা একটু নিরীক্ষামূলক পর্যায়ে চলে গেছে। শুরুতে তারা ছিল অল্টারনেটিভ রক, ন্যু মেটাল ও র্যাপাকোর ধারার সংমিশ্রণ। এখন তারা অনেকটা ইলেকট্রনিক রক ধারার বৈশিষ্ট্যও ধারণ করেছে। লিনকিং পার্ক-ভক্তরা যাঁরা এখনো লিডিং থিংস শোনেননি, তাঁরা অবশ্যই শুনবেন। মনোয়ারুল হক