লিনকিন পার্কের জন্য ঈদের শপিং

‘হ্যালো জায়েদ, কী অবস্থা? বাসায়, নাকি বাইরে?’
ফোনের ওপাশ থেকে জায়েদ জানান, ‘ভাইয়া, বাসাতেই আছি, কফি বানাচ্ছি। খাবেন?’
কফি বানাতে বানাতে ঈদের প্রস্তুতি নিয়ে কথা বলেন তিনি। মা আর বড় ভাই ঈদ উদ্যাপন করতে বগুড়ায় দাদাবাড়িতে চলে যাচ্ছেন। এবার আর তাঁদের সঙ্গে যেতে পারছেন না জায়েদ। হাতে অনেক কাজ জমে আছে। জমানো কাজ রেখে নিজেকে ঈদের ছুটি দিচ্ছেন না তিনি। কাজ করছেন একজন ব্রিটিশ, একজন নাইজেরিয়ান ও একজন ইসরায়েলি শিল্পীকে নিয়ে। তাঁরা কণ্ঠ দিয়েছেন জায়েদের নতুন কম্পোজিশনে। তাঁদের নিয়ে করা এই কাজগুলো অনলাইন মার্কেটের জন্য তৈরি করছেন।
জায়েদ হাসান জানান, ‘ভিসার ইন্টারভিউ শেষ করেই শপিংয়ে যাব।’
‘শপিং! ঈদের কেনাকাটা?’
‘হ্যাঁ, তবে নিজের জন্য না। আমি তো এক কাপড়ের মানুষ। ঈদের সময় সাধারণত কিছু নিই না। বাবা-মা দিতে চাইলেও নিতাম না কখনো। এবার পাঞ্জাবি, ফতুয়া আর শাড়ি কিনব—লিনকিন পার্ক আর ওপেন ল্যাবের সবার জন্য। প্রিয় ব্যােন্ডর সঙ্গে দেখা হচ্ছে প্রথমবার। উপহার না নিয়ে গেলে চলে?’ ফোনের অপর প্রান্ত থেকে জায়েদের উচ্ছ্বসিত কণ্ঠ শোনা যায়।
ঈদের পরই জায়েদ যাচ্ছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। প্রিয় ব্যান্ড লিনকিন পার্ক ও রেকর্ডিং স্টুডিও ওপেন ল্যাবের আয়োজনে লিনকিন পার্কের স্টুডিওতে একটি কর্মশালায় অংশ নেবেন তিনি। কথা ছিল জায়েদের ভ্রমণসঙ্গী হবেন তাঁর মা আর প্রকৌশলী বড় ভাই। কিন্তু পাসপোর্ট তৈরি-সংক্রান্ত জটিলতায় যাওয়া হচ্ছে না তাঁদের। এ নিয়ে তাঁর একটু মন খারাপ।
গত বছরের জুলাই থেকে চলতি বছরের জুন পর্যন্ত ‘স্টেজলাইট মান্থলি মিউজিক কনটেস্ট’ নামের একটি প্রতিযোগিতায় বিজয়ী হন জায়েদ হাসান। প্রতিযোগিতার আয়োজক ছিল লিনকিন পার্ক, গিটার সেন্টার ও ওপেন ল্যাব। পুরস্কার হিসেবে প্রিয় ব্যান্ড দলের স্টুডিওতে কাজ শিখতে যাওয়ার সুযোগ পাচ্ছেন তিনি। সেখানে তাঁকে শেখানো হবে শব্দধারণের সূক্ষ্ম কলাকৌশল।
স্কুলে পড়াকালীন জায়েদের এক বন্ধু মালয়েশিয়া চলে যান। যাওয়ার সময় বন্ধুর কাছ থেকে মাত্র ৫০০ টাকায় একটা গিটার কিনেছিলেন তিনি। সেটা কিনতে মায়ের কাছ থেকে টাকা ধার করতে হয়েছে। বন্ধুদের কাছে বিক্রি করতে হয়েছে খেলনাগাড়ি। বাবা জাকির হোসেন কিছুতেই মেনে নিতে পারছিলেন না যে তাঁর ছেলে গান করবেন।
গান তিনি এখনো করতে পারেন না। কিন্তু বিভিন্ন দেশের শিল্পীরা তাঁর সংগীতায়োজনে গান করেন। নিজের ঘরের ছোট্ট স্টুডিও ভরে ফেলেছেন দেশি-বিদেশি বাদ্যযন্ত্রে। প্রায় ৩২টি বাদ্যযন্ত্র বাজাতে পারেন তিনি। নিজের স্টুডিওতে বসে বিশ্বের বিভিন্ন দেশের শিল্পীদের জন্য কম্পোজিশন করেন। আর সেগুলো ছড়িয়ে দেন সারা বিশ্বে। মিউজিক তাঁর নেশা, প্রেম। আর এটা তাঁর আয়ের অন্যতম উৎসও বটে। নিজের কম্পোজিশনগুলো বিক্রি বাবদ আয় করা টাকা দিয়ে বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র কেনেন জায়েদ।
জায়েদ বলেন, ‘বাদ্যযন্ত্রগুলোর মৌলিক ভাষা একই। একটির ভাষা ধরে ফেলতে পারলে অন্যগুলো বেশ সহজ হয়ে যায়।’
আর বিদেশি ভাষা?
জায়েদ ইংরেজি ভাষা ছাড়াও স্প্যানিশ, গ্যালিশিয়ান ও পর্তুগিজ জানেন এবং ফরাসি ও জার্মান ভাষায় টুকটাক কাজ চালিয়ে নিতে পারেন। ভাষাগুলো শিখতে হয়েছে বিদেশি শিল্পীদের সঙ্গে অনলাইনে যোগাযোগের সুবিধার জন্য।
যুক্তরাষ্ট্র থেকে ফিরে, তাঁর ইচ্ছা আছে একটি কোলাবোরেটিভ কমিউনিটি গঠনের। সেটা কেমন? তিনি বলেন, ‘ধরা যাক কেউ শুধু ভালো বাদ্যযন্ত্র বাজাতে পারেন, কিন্তু গাইতে পারেন না। অথচ ভালো গাইতে পারেন এমন অনেকে আছেন, যাঁরা ভালো ব্যান্ড গঠন করতে পারছেন না। এই দুইয়ের সমন্বয় ঘটিয়ে তৃতীয় একটি ভালো কিছু করার চেষ্টা করবে এই কমিউনিটি। বাংলাদেশে এই চর্চাটা চালু করা খুবই জরুরি। কী এক বিচিত্র কারণে কেউ ভালো কোনো কাজ শেয়ার করতে ভয় পায়।’