লিন্ডসে এখনো একা!

১৯ বছর বয়সী মার্কিন মডেল লিয়াম ডিনের সঙ্গে সখ্যের খবরের রেশ কাটতে না কাটতেই গত বছরের ডিসেম্বরে আইরিশ অভিনেতা লিয়াম নেসনের ১৮ বছর বয়সী ছেলে মাইকেলের সঙ্গে লিন্ডসে লোহানের সখ্যের খবর চাউর হয়। আর চলতি মাসের মাঝামাঝিতে লিন্ডসের নতুন প্রেমিক হিসেবে শোনা যায় ব্রিটিশ মডেল ও ছাত্র আরনো উইলিয়ামসের নাম। তবে এতকিছুর পরও সম্প্রতি নিজেকে একাকী বলেই দাবি করেছেন ২৭ বছর বয়সী এ ‘মিন গার্লস’ তারকা।
সম্প্রতি লিন্ডসে দাবি করেছেন, গত কয়েক মাসে তাঁর প্রেম নিয়ে যত খবর চাউর হয়েছে তার সবগুলোই নাকি গুজব। তিনি আরও দাবি করেছেন, এই মুহূর্তে তাঁর কোনো ছেলেবন্ধু নেই এবং তিনি সম্পূর্ণ একাকী জীবন কাটাচ্ছেন। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘আমি নিশ্চিত করেই বলতে পারি, এই মুহূর্তে আমার কোনো ছেলেবন্ধু নেই।’ এক খবরে এমনটিই জানিয়েছে কন্ট্যাক্টমিউজিক।
প্রসঙ্গত, এখন পর্যন্ত প্রেম-ভালোবাসা নিয়ে ভালোই নিরীক্ষা চালিয়েছেন হলিউডের প্রবলেম সেলিব্রেটি তকমা পাওয়া লিন্ডসে লোহান। ব্রিটিশ গায়িকা ও ডিজে সামান্থা রনসন থেকে শুরু করে ভারতীয় বংশোদ্ভূত ধনাঢ্য মার্কিন ব্যবসায়ী বিক্রম চাতওয়ালসহ আরও অনেকের সঙ্গেই লিন্ডসের প্রেমের খবর চাউর হয়েছে।
সর্বশেষ ব্রিটিশ মডেল আরনো উইলিয়ামসের সঙ্গে লিন্ডসের প্রেমের খবর চাউর হয়েছিল চলতি মাসের মাঝামাঝিতে। সাংহাই ফ্যাশন অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে যোগ দিতে চীনে গিয়ে উইলিয়ামসের সঙ্গে পরিচয় হয় লিন্ডসের। অবিশ্বাস্য রকমের দ্রুততায় উইলিয়ামস ও লিন্ডসের ঘনিষ্ঠতা গড়ে ওঠে। টানা এক সপ্তাহ একসঙ্গে সময় কাটান তাঁরা। ৩০ হাজার পাউন্ড ব্যয় করে সুদর্শন উইলিয়ামসকে একটি রোলেক্স ঘড়িও কিনে দেন লিন্ডসে।