লিন্ডসে লোহানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ
নৈশ ক্লাবে এক নারীর গায়ে হাত তোলায় গ্রেপ্তার হওয়ার পর এবার মড়ার ওপর খাঁড়ার ঘা হিসেবে কর ফাঁকি ও ঋণ খেলাপের অভিযোগে লিন্ডসে লোহানের সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে যুক্তরাষ্ট্র সরকারের ইন্টারনাল রেভিনিউ সার্ভিস (আইআরএস)। এক খবরে এ তথ্য জানিয়েছে টিএমজি অনলাইন।২০০৯ ও ২০১০ সালে কোনো আয়কর দেননি লিন্ডসে; এ ছাড়া প্রায় ২ লাখ ৩৪ হাজার ডলার ঋণে আটকা পড়েছিলেন তিনি। এর পরিপ্রেক্ষিতে যত দ্রুত সম্ভব ঋণ পরিশোধের কথা জানিয়ে লিন্ডসেকে নোটিশ পাঠানো হয়েছিল যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে। এই সংকটে একপর্যায়ে তাঁকে উদ্ধার করতে এগিয়ে আসেন বন্ধু চার্লি শিন। তিনি ১ লাখ ডলার পাঠিয়ে দেন লিন্ডসের কাছে। কিন্তু তার পরও গা করেননি লিন্ডসে। ২০১১ সালেও ঋণের বোঝা চাপে তাঁর ঘাড়ে।সূত্রটি আরও জানায়, ঋণ পরিশোধের জন্য লিন্ডসেকে পর্যাপ্ত সময় দেওয়ার পরও তিনি কার্যকর কোনো পদক্ষেপ নেননি। এ জন্য সম্প্রতি তাঁর সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার মতো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে আইআরএস।লিন্ডসের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, বর্তমানে অর্থনৈতিক টানাপোড়েনের এক কঠিন সময় পার করছেন লিন্ডসে। বিষয়টি নিয়ে তীব্র আতঙ্কের মধ্যে আছেন তিনি। তাঁর এখন প্রচুর পরিমাণে নগদ অর্থের প্রয়োজন; আর এ অর্থ সংগ্রহের জন্য তিনি মরিয়া হয়ে উঠেছেন।