লিন্ডসে স্টারলিংয়ের বেহালা-নৃত্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিন্ডসে স্টারলিং
লিন্ডসে স্টারলিং

লিন্ডসে স্টারলিং বেহালাশিল্পী। বেহালা বাজানোর পাশাপাশি মঞ্চে তিনি একই সঙ্গে নাচও করেন। তাঁর ইউটিউব চ্যানেল লিন্ডসেস্টোম্পের গ্রাহক এখন প্রায় ৫৫ লাখ। আর তাঁর বিভিন্ন মিউজিক ভিডিও এ পর্যন্ত প্রায় ৭৬ কোটিবার দেখা হয়েছে। এ সপ্তাহে বিলবোর্ড ম্যাগাজিনের ক্ল্যাসিকাল ধারার শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে আছে লিন্ডসে স্টারলিংয়ের শ্যাটার মি অ্যালবামটি। এটি এ বছর ২৯ এপ্রিল যুক্তরাষ্ট্রে আর ২ মে জার্মানির বাজারে দেওয়া হয়। যুক্তরাষ্ট্রে শ্যাটার মি প্রথম সপ্তাহে বিক্রি হয়েছে ৫৬ হাজার কপি। শ্যাটার মি লিন্ডসে স্টারলিংয়ের দ্বিতীয় অ্যালবাম। প্রথমটি ছিল লিন্ডসে স্টারলিং (২০১২)।
যুক্তরাষ্ট্রের এই শিল্পীর জীবনের শুরুটা কিন্তু মোটেও খুব সহজ ছিল না। বেহালার প্রতি তাঁর আগ্রহ তৈরি হয় সেই ছোটবেলায়। কিন্তু আর্থিক অনটনের কারণে শেখার শুরু তেমন ভালো হয়নি। বাবা-মা অর্ধেক বেতনে একজন বেহালা-শিক্ষককে নিয়োগ দেন। ওই শিক্ষক সপ্তাহে মাত্র ১৫ মিনিট বেহালা শেখাতেন লিন্ডসে স্টারলিংকে। ১৬ বছর বয়সে তিনি ‘স্টোম্প অন মেলভিন’ নামক একটি রক দলে যোগ দেন।
২০১০ সালে ২৩ বছর বয়সে তিনি অংশ নেন রিয়েলিটি শো আমেরিকা’স গট ট্যালেন্টের পঞ্চম সিজনে। এখানে তাঁকে হিপ-হপ বেহালাবাদক হিসেবে অভিহিত করা হয়। তবে কোয়ার্টার ফাইনালে বাদ পড়েন তিনি। বিচারকদের নির্মম মন্তব্য দারুণ আহত করে তাঁকে। বিচারক পিয়ার্স মরগ্যান বলেন, ‘তুমি মেধাশূন্য নও, কিন্তু উড়ে শূন্যে বেহালা বাজানোর ব্যাপারে তুমি পারদর্শী না।’ আর শ্যারন অসবর্ন বলেন, ‘কোনো একটা গানের দলে তোমার যোগ দেওয়া উচিত। তুমি যা করছ, তা দিয়ে ভেগাসের কোনো মিলনায়তন দর্শক দিয়ে ভরে যাবে না।’
না, দমে যাননি লিন্ডসে স্টারলিং। বেহালা বা নাচ, কোনোটাতেই ছাড় দেননি। এগোতে থাকেন দৃঢ় প্রত্যয়ে।
আমেরিকা’স গট ট্যালেন্ট অনুষ্ঠানে লিন্ডসে স্টারলিংয়ের বেহালা-নৃত্য পরিবেশনায় মুগ্ধ হয়েছিলেন ভিডিওগ্রাফার ডেভিন গ্রাহাম। তিনি লিন্ডসে স্টারলিংয়ের পরিবেশনার কিছু মিউজিক ভিডিও তৈরি করেন। এসব ভিডিও কিছুক্ষণের জন্য আপনাকে নিয়ে যাবে কল্পনার জগতে। বেহালা বাজানোর সঙ্গে নাচ করছেন, এমন শিল্পী তো সচরাচর দেখা যায় না। মিউজিক ভিডিওগুলো তিনি পোস্ট করেন লিন্ডসেস্টোম্পে। এবার দর্শকদের মুগ্ধ হওয়ার পালা। একই সঙ্গে বাড়তে থাকে তাঁর জনপ্রিয়তা।
এবার জন লিজেন্ডের ‘অল অব মি’ গানের সঙ্গে বেহালা বাজিয়েছেন লিন্ডসে স্টারলিং। গত ১৬ মে শ্রোতারা প্রথম শোনেন গানটি। এরপর অনেক দিন গানটি ‘বিলবোর্ড হট হান্ড্রেড’ তালিকার শীর্ষে ছিল।
ইউটিউব দিয়ে দারুণ জনপ্রিয়তা পেয়েছেন লিন্ডসে স্টারলিং। তাঁর দর্শক আর ভক্তের সংখ্যা এখন বাড়ছে প্রতিদিনই।
মনোয়ারুল হক
বিলবোর্ড ম্যাগাজিন অবলম্বনে