লিন্ডসে ‘ভক্ত’ উডি অ্যালেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুল আলোচিত হলিউডের অভিনেত্রী লিন্ডসে লোহানের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন চার-চারবার অস্কারজয়ী হলিউডের বর্ষীয়ান চিত্রনির্মাতা উডি অ্যালেন। লিন্ডসেকে অত্যন্ত প্রতিভাময়ী বলেই মন্তব্য করেছেন তিনি। ভবিষ্যতে লিন্ডসের সঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেছেন ‘মিডনাইট ইন প্যারিস’খ্যাত ৭৬ বছর বয়সী এই নির্মাতা।‘এই মুহূর্তে লিন্ডসের সঙ্গে কোনো কাজ না করলেও ভবিষ্যতে আমার কোনো ছবিতে তাঁকে নিয়ে কাজ করতে বিন্দুমাত্র দ্বিধা থাকবে না আমার ভেতর। কারণ সে খুবই প্রতিভাময়ী। ঈশ্বর-প্রদত্ত এই প্রতিভা ব্যবহার করে সে দারুণ অভিনয় করবে, এটা আমার দৃঢ় বিশ্বাস।’ উডি অ্যালেনের উদ্ধৃতি দিয়ে সাম্প্রতিক এক খবরে এমনটিই জানিয়েছে ইউএস উইকলি।লিন্ডসে কয়েক বছর ধরে মাদকাসক্তি, মামলাসহ নানা ঝামেলায় জড়িয়ে হলিউডের প্রবলেম সেলিব্রিটি হিসেবে আলোচিত হলেও এসব নিয়ে মাথাব্যথা নেই উডির। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘আমার ছবিতে লিন্ডসের অন্তর্ভুক্তির ক্ষেত্রে এসব কোনো বাধা নয়। আমার ছবিতে তাঁকে নিতে কোনো আইনগত বাধা নেই। তাঁকে নিয়ে কাজ করার মতো প্রজেক্ট হাতে নিলে অবশ্যই আমি তাঁকে ডাকব।’উল্লেখ্য, গত মাসে উডি অ্যালেনের সঙ্গে এক নৈশভোজে অংশ নিয়েছিলেন ২৫ বছর বয়সী লিন্ডসে। সম্প্রতি এর পেছনের কারণ সম্পর্কে মুখ খুলেছেন উডি। তিনি জানিয়েছেন, ‘স্রেফ সামাজিকতা রক্ষা করতেই সেদিন নৈশভোজে অংশ নিয়েছিলাম আমরা।’