লিন্ডসেকে প্যারিসের হুমকি!

সম্প্রতি মায়ামিতে আয়োজিত একটি অনুষ্ঠানে প্যারিস হিলটনের ছোট ভাই ব্যারন হিলটনকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। ব্যারনকে মারধরের ঘটনার ইন্ধনদাতা হিসেবে অভিযোগের আঙুল উঠেছে বিতর্কিত হলিউডের অভিনেত্রী লিন্ডসে লোহানের দিকে। এর পরিপ্রেক্ষিতে লিন্ডসেকে চরম মূল্য দিতে হবে বলে শাসিয়েছেন ৩২ বছর বয়সী মার্কিন মডেল, অভিনেত্রী ও ধনাঢ্য ব্যবসায়ী প্যারিস হিলটন।
এ প্রসঙ্গে ক্ষুব্ধ প্যারিসের ভাষ্য, ‘যে কাণ্ড তাঁরা ঘটিয়েছেন, তার জন্য চরম মূল্য দিতে হবে তাঁদের। আমার পরিবারের কোনো সদস্যের পেছনে লেগে কেউ পার পেতে পারবে না।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে টিএমজি।
মায়ামির একটি আর্ট গ্যালারিতে আয়োজিত অনুষ্ঠানে হাজির হয়েছিলেন প্যারিস, ব্যারন ও লিন্ডসে। প্যারিসের ভাই ব্যারনের দাবি, অনুষ্ঠানে প্রথমে তাঁকে গালিগালাজ করেন লিন্ডসে। এরপর লিন্ডসের অনুরোধে তাঁর এক বন্ধু ব্যারনের গায়ে হাত তোলেন। সে সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যারনকে মারার ঘটনা দেখে হাসছিলেন লিন্ডসে। এদিকে এ ঘটনায় ২৭ বছর বয়সী লিন্ডসের বিরুদ্ধে মামলা দায়েরের পরিকল্পনা করছেন ২৪ বছর বয়সী ব্যারন।
ব্যারনের ওপর হামলার ঘটনায় তাঁর মুখের কয়েক জায়গায় কেটে যাওয়ার পাশাপাশি কালশিরা পড়ে যায়। ব্যারনের আহত অবস্থার ছবি ফটো ও ভিডিও-শেয়ারিং ওয়েবসাইট ইন্সটাগ্রামেও পোস্ট করেছেন প্যারিস। এ ছাড়া টিএমজি কর্তৃপক্ষ দাবি করেছে, তাদের কাছে একটি ভিডিও আছে, যেখানে দেখা গেছে অনুষ্ঠান শেষে লোহান ও ব্যারনের মধ্যে চিত্কার- চেঁচামেচি চলছে।
অবশ্য এ ঘটনায় লিন্ডসের কোনো রকম সম্পৃক্ততা নেই বলে মেয়ের পক্ষে সাফাই গেয়েছেন লিন্ডসের বাবা-মা। লিন্ডসের মা ডিনা লোহানের দাবি, ‘এ ঘটনার সঙ্গে আমার মেয়ে কোনোভাবেই জড়িত নয়। কোনো ভিত্তি ছাড়াই লিন্ডসের বিরুদ্ধে এসব রটানো হচ্ছে।’