লিন্ডসের ক্ষতির জন্য দায়ী ডিনা লোহান
হলিউডের ‘প্রবলেম সেলিব্রেটি’খ্যাত লিন্ডসে লোহানের বখে যাওয়া আর তাঁর জীবন ধ্বংসের জন্য তাঁর মা ডিনা লোহানকে দুষলেন লিন্ডসের বাবা মাইকেল লোহান।এ প্রসঙ্গে মাইকেলের উদ্ধৃতি দিয়ে রাডার অনলাইন জানিয়েছে, ‘আমার সন্তানদের সাফল্যের পেছনে ডিনার কোনো ভূমিকা নেই। বিশেষ করে লিন্ডসের ক্ষেত্রে আমি জোর গলায় বলতে পারি, সম্পূর্ণ নিজের চেষ্টায় সে আজকের এ অবস্থানে এসেছে। আমার সন্তানদের মধ্যে লিন্ডসেই সবচেয়ে প্রতিভাবান। অথচ নিজের মেয়ে হওয়া সত্ত্বেও তাঁর সঙ্গে ডিনা যা করেছে তা কেউ কল্পনাও করতে পারবে না।’ মাইকেল আরও বলেছেন, ‘লিন্ডসেকে সে কেবল ব্যবহারই করছে না, তার সম্পর্কে অমার্জিত সব কথাবার্তাও বলে বেড়াচ্ছে ডিনা।’মাইকেল আরও বলেন, ‘এসব বন্ধ না করলে অচিরেই সব সত্য বেরিয়ে আসবে এবং প্রমাণিত হবে। আমার সঙ্গে বিচ্ছেদের পর থেকে সন্তানদের সঙ্গে আমার মধ্যে বিশাল একটি দেয়াল দাঁড় করিয়েছে ডিনা। আমার সম্পর্কে একের পর এক মিথ্যে বলে তাদের কান ভারী করেছে। আমার সন্তানদের জীবন পুরোপুরি ধ্বংস করে দিয়েছে সে।’ অবশ্য এ প্রসঙ্গে ডিনা লোহানের কোনো মন্তব্য পাওয়া যায়নি।