লিন্ডসের গাড়ি চালানো বারণ!
শেষ পর্যন্ত গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা আসল লিন্ডসে লোহানের। কয়দিন আগে ‘লিজ অ্যান্ড ডিক’ ছবিতে চুক্তিবদ্ধ লিন্ডসে মারাত্মক এক দুর্ঘটনা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচেছেন। ঝুঁকি না নিয়ে ছবিটির নির্মাতারা তাই ছবি শেষ করার আগ পর্যন্ত লিন্ডসের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। ‘লিজ অ্যান্ড ডিক’ ছবিতে হলিউডের খ্যাতনামা অভিনেত্রী প্রয়াত এলিজাবেথ টেইলরের ভূমিকায় অভিনয় করছেন লিন্ডসে। ছবিটির শুটিং শেষ না হওয়া পর্যন্ত তাঁর গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। ছবিটির বিমাপত্রে উল্লেখ করা হয়েছে, ছবির শুটিং শেষ না হওয়া পর্যন্ত গাড়ি চালাতে পারবেন না লিন্ডসে। মাত্র দিন কয়েক আগে লিজ অ্যান্ড ডিক ছবির শুটিংয়ে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েছিলেন লিন্ডসে লোহান। দুর্ঘটনা সম্পর্কে পুলিশকে মিথ্যে তথ্য দেওয়ারও অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ফলে আবারও জেলের ঘানি টানার আশঙ্কা দেখা দেয় লিন্ডসের। এতে শঙ্কিত হয়ে পড়েন লিজ অ্যান্ড ডিক ছবির নির্মাতারা। এ প্রসঙ্গে জানিয়েছে রাডার অনলাইন।গাড়ি চালাতে গিয়ে লিন্ডসে সামনে আবারও কোনো ঝামেলায় জড়ালে লিজ অ্যান্ড ডিক ছবির নির্মাণকাজ থেমে যেতে পারে। তাঁর কারণে ছবির নির্মাণকাজ থেমে যাক—এটা কোনোভাবেই হতে দিতে চান না নির্মাতারা। আর তাই ছবির শুটিং শেষ না হওয়া পর্যন্ত লিন্ডসে যাতে গাড়ি চালাতে না পারেন সে ব্যবস্থা করেছেন তাঁরা। এক খবরে এমনটিই জানিয়েছে এইস শোবিজ। ২০০৭ সালে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর মামলার পর থেকেই নানা ঝামেলায় জড়িয়ে দুর্বিষহ হয়ে উঠেছিল হলিউডের ‘প্রবলেম সেলিব্রেটি’খ্যাত লিন্ডসে লোহানের জীবন। টানা পাঁচ বছর চলেছে এমন। চলতি বছরে এসে তাঁর জীবনে সুবাতাস বইতে শুরু করে। বেশ কয়েকটি ভালো মানের কাজ হাতে আসে। মনোযোগ দিয়ে কাজ শুরুও করেন লিন্ডসে। কিন্তু গত ৮ জুন লিজ অ্যান্ড ডিক ছবির শুটিংয়ে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা বিশাল এক ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে লিন্ডসের গাড়ির। এতে অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও, দুর্ঘটনাটি সম্পর্কে পুলিশকে মিথ্যা তথ্য দেওয়ায় আবারও জেলে যাওয়ার আশঙ্কা দেখা দেয় লিন্ডসের।এদিকে, দুর্ঘটনার জন্য লিন্ডসের দোষ খুঁজে পাওয়া গেছে তদন্তে। লিন্ডসে অস্বীকার করলেও, দুর্ঘটনার সময় তিনি গাড়ি চালাচ্ছিলেন বলেই নিশ্চিত করেছে রাডার অনলাইন। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ‘দুর্ঘটনার আগ মুহূর্তে ক্যালিফোর্নিয়ার প্যাসিফিক কোস্ট হাইওয়েতে ঘণ্টায় প্রায় ৮০ কিলোমিটার বেগে গাড়ি চালাচ্ছিলেন লিন্ডসে। অথচ সেখানকার সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৬০ কিলোমিটার।’