লিন্ডসের চিকিত্সার খরচ দেবেন বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলিউডের অভিনেত্রী লিন্ডসে লোহানের বাবা মাইকেল লোহান (৫২) তাঁর মেয়ের দুঃসময়ে পাশে এসে দাঁড়িয়েছেন। নিদারুণ অর্থকষ্টে পড়া রিহ্যাব বা মাদকাসক্তি পুনর্বাসনকেন্দ্রে লিন্ডসে লোহানের যাবতীয় চিকিত্সার খরচ দিতে রাজি হয়েছেন তিনি। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া।মাদক সেবন আর উচ্ছৃঙ্খল জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়েছেন হলিউডের প্রবলেম সেলিব্রিটি বা অঘটনঘটনপটীয়সী তকমা পাওয়া লিন্ডসে লোহান। এখন পর্যন্ত পাঁচ-পাঁচবার রিহ্যাব বা মাদকাসক্তি পুনর্বাসনকেন্দ্রে চিকিত্সা নিতে হয়েছে তাঁকে। সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে, ইদানীং মাত্রাতিরিক্ত মদ্যপান করছেন এই ‘মিন গার্লস’ তারকা। তাঁর বাবা আবার তাঁকে মাদক পুনর্বাসনকেন্দ্রে নিয়ে চিকিত্সা করাতে চান এবং তাঁর কাজে ফেরত আনতে চান। লোহানকে চিকিত্সার জন্য সব খরচ দিতে রাজি হয়েছেন তিনি।২৯ নভেম্বর নৈশ ক্লাবে এক নারীর গায়ে হাত তোলায় গ্রেপ্তার হন লিন্ডসে। এর পরপরই খবর রটে, তিনি প্রতিদিন গড়ে প্রায় দুই বোতল ভদকা পান করছেন। এ মাদকাসক্তি ঠেকাতে প্রয়োজনীয় চিকিত্সা করানোর মতো কোনো অর্থও নেই তাঁর। দেনায় ডুবে আছেন তিনি।লিন্ডসের বাবা মাইকেল এ খবর জানতে পেরে তাঁর চিকিত্সার ব্যয় বহন করতে রাজি হয়ে বলেছেন,‘লোহান যদি আবার রিহ্যাবে যেতে চায়, তবে তার সব খরচ আমার। আমার মনে হয়, সে রাজি হবে। বিষয়টি তার ওপর নির্ভর করছে। যত দিন লাগুক আর যে ধরনের চিকিত্সা লাগুক, আমি সব ব্যবস্থা করতে রাজি।’